গাজায় ইসরায়েলি আক্রমণে একের পর এক ইসলামিক জিহাদ নেতা নিহত

ইসরায়েলি আক্রমণে নিহতদের শোকার্ত স্বজনরা
ছবির ক্যাপশান, ইসরায়েলি আক্রমণে নিহতদের শোকার্ত স্বজনরা
Published

ফিলিস্তিনের গাজা এলাকায় ইসরায়েলের এক বিমান হামলায় ইসলামিক জিহাদের আরেকজন উর্ধ্বতন নেতা নিহত হয়েছেন। এ দু'পক্ষের লড়াই এখন আরো তীব্র আকার নিচ্ছে।

নিহত আইয়াদ আল-হাসানি হচ্ছেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) ষষ্ঠ সিনিয়র নেতা - যারা গত কয়েকদিনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

ইসরায়েল বলছে, গত মঙ্গলবার মি. আল-হাসানির পূর্বসূরী নেতা নিহত হবার পর থেকে তিনিই এ সংগঠনের কার্যক্রম পরিচালনা করছিলেন।

বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, মি. আল-হাসানি পিআইজে-র সশস্ত্র শাখার উপ-প্রধান ছিলেন এবং এ লড়াইয়ে ইসরায়েল যাদেরকে আক্রমণের লক্ষ্য বানিয়েছে তাদের মধ্যে সবচেয়ে উর্ধ্বতন নেতা।

মঙ্গলবার নিহত পিআইজে নেতা খলিল আল-বাহতিনির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি।

ইসরায়েলের একজন কর্মকর্তা বিবিসিকে বলেছেন, পিআইজের সিনিয়র নেতাদের ওপর আক্রমণের মধ্যে দিয়ে তারা হামাসকেও সতর্ক করে দিচ্ছেন, যারা গাজা নিয়ন্ত্রণকারী হলেও এখন পর্যন্ত এ সংঘাতে জড়ায়নি বলে মনে করা হচ্ছে।

শুক্রবার চালানো ওই হামলায় আরো এক ব্যক্তি নিহত হয়েছে, আর তার আগে গাজা থেকে ইসরায়েলের ভেতরে অনেকগুলো রকেট ছোড়া হয় - যার কয়েকটি জেরুসালেমে কাছাকাছি পৌঁছে যায়।

আইয়াদ আল-হাসানির মরদেহ নিয়ে ফিলিস্তিনিদের শোকমিছিল
ছবির ক্যাপশান, আইয়াদ আল-হাসানির মরদেহ নিয়ে ফিলিস্তিনিদের শোকমিছিল

এ পর্যন্ত ৩৩ জন ফিলিস্তিনি নিহত

গত মঙ্গলবার ভোররাত থেকে ইসরায়েল গাজার ওপর একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে।

এতে এ পর্যন্ত কমপক্ষে ৩৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে তিন জন ইসলামিক জিহাদ সংগঠনের শীর্ষস্থানীয় নেতা বলে জানা গেছে, তবে নিহতদের প্রায় অর্ধেকই বেসামরিক ফিলিস্তিনি।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এসব বিমান হামলায় ১৪৭ জন আহত হয়েছেন।

অন্যদিকে ইসরায়েলের একটি অ্যাম্বুলেন্স সার্ভিস জানাচ্ছে, ফিলিস্তিনি রকেট হামলায় একজন ইসরায়েলি বেসামরিক লোক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

শুক্রবারের ইসরায়েলি বিমান হামলার আগের ১২ ঘন্টা পরিস্থিতি অপেক্ষাকৃত শান্তই ছিল। ইসলামিক জিহাদ বলেছে - "জেরুসালেম লক্ষ্য করে রকেট হামলা একটি বার্তা, এবং এর লক্ষ্য সবারই বুঝে নেয়া উচিৎ।"

যুদ্ধবিরতির চেষ্টায় মিশরে আলোচনা চলছে

গাজা থেকে নিক্ষিপ্ত কিছু রকেট জেরুসালেমের কাছে এসে পড়ে
ছবির ক্যাপশান, গাজা থেকে নিক্ষিপ্ত কিছু রকেট জেরুসালেমের কাছে এসে পড়েছে

ইসরায়েল বলছে তারা গাজায় পিআইজের ২৫৪টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, আর ফিলিস্তিনিরা গাজা থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে ৯৭৩টি রকেট ও মর্টার নিক্ষেপ করেছে।

এসব ঘটনার পর খুব শিগগীরই কোন যুদ্ধবিরতি হবে এমন সম্ভাবনা কম বলে বিবিসির সংবাদদাতারা জানাচ্ছেন - যদিও এ লক্ষ্যে মিশরে আলোচনা চলছে।

মিশরে চলমান যুদ্ধবিরতির আলোচনা সম্পর্কে ওয়াকিবহাল একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, মিশরীয় কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় যুদ্ধবিরতির একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছেন, যা এখন বিবেচনা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, এ ব্যাপারে ইসরায়েলের প্রতিক্রিয়া জানার জন্যও কায়রো অপেক্ষা করছে।