মঙ্গলবার সারা দিন যা যা ঘটেছে:
- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছেন, তারা এক হয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকারের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে বলেও দাবি করেছেন তিনি।
- জনদুর্ভোগ নিরসন ও অপকর্ম দমনের পরিবর্তে বিএনপি সরকার এখন বিরোধীদলের চরিত্র হননে ব্যস্ত বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
- বিএনপি সরকার ইচ্ছা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে বাংলাদেশে ঢোকার পথ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
- মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ তথ্য জানিয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
- পদ্মা ও তিস্তা নদীতে শিগগিরই ব্যারাজ নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
- বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
- সৌদি আরবে হুথিদের হামলা অব্যাহত থাকার মধ্যেই দেশটির রাজধানী রিয়াদের বাসিন্দারা বিমান হামলার হুমকি সম্পর্কে ফোনে সতর্কবার্তা পেয়েছেন।
- কানাডার তেলসমৃদ্ধ প্রদেশ আলবার্টার স্বাধীনতা প্রশ্নে আগাম যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেখানে কানাডার সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন প্রদেশটির বাসিন্দারা।
- যুক্তরাাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য মঙ্গলবার তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানে মধ্যস্থতার প্রচেষ্টা পাকিস্তান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
- ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে যে, তাদের সতর্কবার্তা অগ্রাহ্য করে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সমুদ্রে পুতে রাখা মাইন বিস্ফোরণে দু’টি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।
- গুগল ক্লাউড সেবায় বিভ্রাটে ইউরোপে ব্যাংকিংসহ ডিজিটাল সেবা ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে। সমাস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে গুগল।
- বাংলাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০৪।
- বাংলাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা ৩৫৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
- চার দিনের সফরে আগামী ২৬শে অক্টোবর জাপানে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭শে অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।
অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

















