লাইভ , শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। অন্যদিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
    ছবির ক্যাপশান, তিনি বলেন, “আমি মনে করি, এটা একটা রাজনৈতিক সমস্যা”

    রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    রোববার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “আমি মনে করি, এটা একটা রাজনৈতিক সমস্যা। নরমাল চ্যানেলে সবসময় এই কাজটা হবে বা সাধিত হবে সেটাও মনে করাটা নাইভ (অবুঝের মতো) হবে।”

    মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথেও সরকার যোগাযোগ করছে বলে জানান তিনি।

    “আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    “এখানে যদি আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে কোন কিছু করতে হয় সব রাজনৈতিক দল মিলে প্রথমেই আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, প্রেশার দিতে হবে যে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেকহোল্ডারকে তারা প্রেশার ক্রিয়েট করে টু হ্যাভ এ কনসেনশাস” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

  2. সৌদি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ হুথি যোদ্ধা নিহত হয়েছে: ইয়েমেন

    সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা।

    এই হুথি গোষ্ঠীর সাথে যুক্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই দফার হামলায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

    এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

    এর আগে ২০১৮ সালে জাতিসংঘ অভিযোগ করেছিল, এই যুদ্ধের অন্য যে কোনো পক্ষের তুলনায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    তবে সেসময় সৌদি আরব এই প্রতিবেদনগুলোকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছিল।

  3. ক্রাকো বন্দুক হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক, জানিয়েছে পুলিশ

    ক্রাকো বন্দুক হামলার পুলিশের প্রহরা
    ছবির ক্যাপশান, ক্রাকো বন্দুক হামলার পুলিশের প্রহরা

    পোল্যান্ডের ক্রাকোতে বন্দুক হামলায় শনিবার ছয় জন নিহত হওয়ার ঘটনার পর এখনো তদন্ত করছে পুলিশ।

    পোল্যান্ডের পুলিশ প্রধান মারেক বোরন জানান, দুই পুলিশ সদস্য, পাঁচজন বিদেশি নাগরিক ও সন্দেহভাজন ব্যক্তিসহ আরো ১৬ জন এই হামলায় আহত হয়েছেন।

    হামলার কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে তল্লাশি অব্যাহত রয়েছে।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো সন্দেহভাজনের বাবা-মা এবং বোনের বলে শনাক্ত করা হয়েছে।

    শনিবার রাতে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ বছর বয়সী পোলিশ নাগরিক ওই সন্দেহভাজনকে “অতি ডানপন্থী মতাদর্শে” উদ্বুদ্ধ বলে মন্তব্য করেন।

    এই বন্দুক হামলায় ওই সন্দেহভাজন ব্যক্তি “সামরিক অস্ত্র” ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    পোল্যান্ডের এই ঘটনায় শোক প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টও তাদের পতাকা অর্ধনমিত রেখেছে বলে জানিয়েছেন ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা।

    দেশটিতে রোববার ও সোমবার দুই দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

    শহরের সড়কে মানুষের আনাগোনা কম, রয়েছে পুলিশি প্রহরা
    ছবির ক্যাপশান, এই বন্দুক হামলায় ওই সন্দেহভাজন ব্যক্তি “সামরিক অস্ত্র” ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ
  4. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
    ছবির ক্যাপশান, শেখ হাসিনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, “আমার কাছে উনি অপরাধী”

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    রোববার রাজধানীর এক হোটেলে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় সেটা আমরা ডিউ প্রসেসে করেছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে এটা দেখবেন যে, আমরা যখন কোন পদক্ষেপ নেব এখানে ইমোশনের কোন বিষয় নেই। বিষয়টা আমি আমরা আইনটাকে প্রয়োগ করবো। আমরা আইন প্রয়োগ যদি সঠিকভাবে না করি তখন আপনারা বলবেন।”

    ভারতের আদালতে আইনি করা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “এটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি।”

    “তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করা দরকার সেভাবে করবো” বলেন মি. আসাদুজ্জামান।

    ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নন বরং স্টেট গেস্ট হিসেবে আছেন সেক্ষেত্রে কীভাবে বন্দি বিনিময় চুক্তির আওতায় আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “আমার কাছে উনি অপরাধী।”

    জুলাই গণ অভ্যুত্থান ও এরপরে মানবতাবিরোধী বিচারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়। সেটা তারা কী বলছে তাদের বললে তো হবে না। আমার রাষ্ট্রের কাছে, ওপেন আদালতে বিচার হয়েছে।”

    আইনমন্ত্রী বলেন, “আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা, ১৪০০ মানুষ কী মারা যায়নি জুলাই গণ অভ্যুত্থানে, ৩০ হাজার মানুষ কী পঙ্গুই হয়নি? ন্যায়বিচারে কোন রকম ঘাটতি রাখা হয়েছে? বিচার প্রক্রিয়া কী অআমরা ক্যামেরা ট্রায়াল করেছি? সাক্ষী কি সাক্ষী দেয়নি?”

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, শেখ হাসিনাকে দেশে “আনার জন্য যে ডিউ প্রসেস রিকোয়েস্ট পাঠানোর দরকার আমরা সেটা পাঠিয়েছি।”

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে