লাইভ, স্পেনে দুটি দ্রুতগামী ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

স্পেনে মাদ্রিদের কাছে দুটি দ্রুতগামী ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এদিকে, ইসরায়েলে ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে বেনিয়ামিন নেতানিয়াহু বা তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিই সংখ্যাগরিষ্টতা পায়নি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. স্পেনে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত

    স্পেনে দুই ট্রেনে সংঘর্ষ
    ছবির ক্যাপশান, এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পালে বলে আশঙ্কা করা হচ্ছে

    স্পেনে দ্রুতগামী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    মাদ্রিদের দক্ষিণে উরদার কাছে স্থানীয় সময় আজ সকালে ঘটে যাওয়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩০ জনে দাঁড়িয়েছে বলে আঞ্চলিক সরকারি সূত্রগুলো স্পেনের বার্তা সংস্থা ‘এফে’-কে জানিয়েছে।

    কাস্তিয়া-লা মানচার কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি অপারেটর ‘ইরিয়ো’ -এর একটি ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন এবং অন্য একটি দ্রুতগামী ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন। তবে এখন পর্যন্ত তারা নিশ্চিত করতে পারেননি যে, ‘ইরিয়ো’ ট্রেনটি থেমে থাকা অবস্থায় দ্রুতগামী ট্রেনটি সেটির পেছনে ধাক্কা দিয়েছিল কি না।

    উরদা শহরটি মাদ্রিদ থেকে প্রায় ১৪০ কিলোমিটার (১০০ মাইল) দক্ষিণে অবস্থিত।

    জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করছেন এবং জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

    মাদ্রিদ থেকে দেশের দক্ষিণাঞ্চলের উদ্দেশে যাওয়া একটি উচ্চগতির ট্রেন অন্য একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়ায়, যা দৃশ্যত স্থির অবস্থায় ছিল। সংঘর্ষের ফলে অন্তত দুটি বগি রেললাইনের পাশের ঢাল বেয়ে নিচে পড়ে যায়।

    ট্রেনের এক যাত্রী স্থানীয় গণমাধ্যমকে জানান, যাত্রা শুরুর প্রায় ৪০ মিনিট পর একটি তীব্র ধাক্কা অনুভূত হয়।

    ঘটনাস্থলে দমকলকর্মী, প্যারামেডিক ও অন্যান্য জরুরি সেবা কর্মীদের পাশাপাশি তিনটি হেলিকপ্টারও মোতায়েন করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, সরকার মনে করছে সিগন্যালিং-সংক্রান্ত ত্রুটি এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ।

    দেশটির জাতীয় রেল পরিচালনা প্রতিষ্ঠান রেনফে ট্রেন দুটিতে থাকা যাত্রীদের স্বজনদের জন্য একটি সহায়তা হটলাইন চালু করেছে।

    এদিকে, পার্লামেন্ট দিনের নির্ধারিত সব কর্মসূচি বাতিল করেছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, এ খবরে তিনি “মর্মাহত”। তিনি আহত ব্যক্তিদের এবং তাদের পরিবারের প্রতি সংহতি ও সমর্থনও প্রকাশ করেন।

    গত জানুয়ারিতে একই রুটে দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছিলেন।

  2. ট্রাম্পের ইঙ্গিত- তার ‘সমর্থনেই নেতানিয়াহুর নির্বাচনী অবস্থা পাল্টে গেছে’

    বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)
    ছবির ক্যাপশান, বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

    ইসরায়েলের নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থান বদলে দেওয়ার পেছনে নিজের ভূমিকা রয়েছে বলে ইঙ্গিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে আরভিং জি. শোয়ার্টজ নামে একজনের একটি বক্তব্য পোস্ট করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের সমর্থন পাওয়ার পরই নির্বাচনে নেতানিয়াহুর অবস্থানের পরিবর্তন এসেছে।

    সেখানে বলা হয়েছে, “প্রেসিডেন্ট ট্রাম্প যখন বিবি নেতানিয়াহুকে সমর্থন দেন, তখনই নির্বাচনের পরিস্থিতি পুরোপুরি পাল্টে যায়। আগে যেখানে এই প্রধানমন্ত্রীর বড় ব্যবধানে পরাজয়ের আশঙ্কা ছিল, সেখানে এখন হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এমনকি পিছিয়ে পড়া অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে নেতানিয়াহু জয়ীও হতে পারেন।”

    “প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থনের পরই এসব পরিবর্তন এসেছে। তিনি কেবল মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মঙ্গল চান।”

    এদিকে, মঙ্গলবার ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৭ দশমিক সাত শতাংশ ভোট পড়েছে।

    দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালের পর এটিই সর্বোচ্চ ভোটদানের হার।

    ভোটগ্রহণ শেষে প্রকাশিত তিনটি বুথফেরত জরিপের দু'টিতে দেখা গেছে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে নেতানিয়াহুর শিবিরের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

    তবে তৃতীয় জরিপে নেতানিয়াহুর দল সামান্য ব্যবধানে এগিয়ে থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

    সর্বশেষ পাওয়া তথ্যেও নেতানিয়াহুর দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

    ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্ট
    ছবির ক্যাপশান, ট্রুথ সোশ্যালে দেওয়া ট্রাম্পের পোস্ট
  3. ‘বিএনপিকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের সেই নারীর জামিন

    সাথী আক্তার
    ছবির ক্যাপশান, ফেসবুক লাইভে এমন মন্তব্য করেছিলেন সাথী আক্তার

    ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ বলা ময়মনসিংহের ভালুকার সেই নারী আজ জামিন পেয়েছেন। বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালত পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

    তিনি জানান, এদিন দুপুর সাড়ে ১২টার দিকে ওই নারীর জামিন দিয়েছে আদালত।

    ওই নারীর নাম সাথী আক্তার। গত রোববার তিনি তার ফেইসবুক পাতা থেকে লাইভ করেন। সেখানে তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী"।

    তিনি তখন অভিযোগ করেন যে তার দু’টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আনুমানিক ২৪ হাজার টাকা মূল্যের কারেন্টের তার এবং তার বাড়ি থেকে মোবাইল, স্যান্ডেলসহ নানা জিনিস চুরি হয়েছে।

    তিনি দু'টি লাইভ করেছিলেন। একটি আট মিনিট নয় সেকেন্ড এবং আরেকটি পাঁচ মিনিট ২২ সেকেন্ডের।

    একটি ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, অনেক পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু চুরি-ডাকাতির জন্য রাত হলে নিরাপদে থাকতে পারছেন না। শুধু ব্যবসায়ীরাই না, "দেশে এখন কেউই নিরাপদে নেই" বলেও দাবি করেন তিনি।

    ওই লাইভের পর সাথী আক্তারের প্রতিষ্ঠানের সামনে অনেক মানুষ জড়ো হয়ে তার লাইভে বলা কথার প্রতিবাদ করেন।

    পরে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাথী আক্তারকে থানায় নিয়ে যায়। পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাকে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

  4. ইসরায়েলে ৭০ শতাংশ ভোট গণনা শেষেও সংখ্যাগরিষ্ঠতা নেই কারো

    বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট
    ছবির ক্যাপশান, বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোট

    ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে কোনো দলই কখনও এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে সবসময়ই জোট সরকার গঠিত হয়েছে। এবারও সম্ভবত তার ব্যাতিক্রম হচ্ছে না দেশটিতে।

    ৭০ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে দেখা যাচ্ছে যে, বেনিয়ামিন নেতানিয়াহু বা তার অন্যতম প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জোট কোনোটিরই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের কোটা পূরণ করতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না।

    রাতভর নেতানিয়াহু ও আইজেনকোট দুজনই সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন এবং পরবর্তী সরকার গঠনের অঙ্গীকার করেন।

    উল্লসিত সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, “ডানপন্থি জোটের পক্ষে জায়নবাদী জনসমর্থন, ইহুদি জনসমর্থন এবং ইহুদি রাষ্ট্রকে সমর্থনকারী সবার মধ্যে একটি স্পষ্ট ও নির্ধারক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেটাই এখন পরিষ্কার হয়েছে।”

    তবে তিনি সরাসরি বিজয় দাবি করা থেকে বিরত থাকেন।

    তিনি আরও বলেন, “আমাদের একটি শক্তিশালী, জাতীয়তাবাদী, ডানপন্থি সরকার গঠন করতে হবে। সেটাই করা প্রয়োজন।”

    এক্সিট পোল প্রকাশের পর, যার বেশিরভাগই শুরুতে বিরোধীদের পক্ষে ইঙ্গিত দিয়েছিল, আইজেনকোট তার ইয়াশার পার্টির সমর্থকদের বলেন, “জনগণ পরিবর্তনকে বেছে নিয়েছে। ব্যর্থতার জোট জনগণের আস্থা হারিয়েছে। ইসরায়েলের জনগণ বেনিয়ামিন নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অব্যাহত রাখার বিরুদ্ধে ভোট দিয়েছে।”

    তিনি আরও বলেন, “আমি আমার সহযোগীদের সঙ্গে কাজ করব যাতে জনগণের রায় একটি জায়নবাদী সরকারে প্রতিফলিত হয়, যা হবে স্থিতিশীল এবং ইসরায়েলের সব নাগরিকের জন্য কল্যাণকর। আর তা দ্রুতই করতে হবে, কারণ এই সময়ের দাবি সেটাই এবং দেশকে আবারও একত্রিত করা প্রয়োজন।”

    ভোট গণনা শেষ হওয়ার পর সরকার গঠনের প্রক্রিয়া শুরু হবে। ইসরায়েলের প্রেসিডেন্ট বিভিন্ন দলের নেতাদের সঙ্গে পরামর্শ করবেন এবং এরপর যার সরকার গঠনের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে তিনি মনে করবেন, তাকেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন।

    এরপর ওই প্রার্থীর হাতে জোট গঠনের জন্য ২৮ দিন সময় থাকবে। তবে অতিরিক্ত সময়ের প্রয়োজন হলে তিনি আরও ১৪ দিনের মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন।

    এই সময়ের মধ্যে আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য একজন প্রার্থীকে নিজস্ব জোট গঠনের চেষ্টা করার সুযোগ দিতে পারেন।

    সেটিও ব্যর্থ হলে নেসেটের সদস্যরা প্রেসিডেন্টকে তৃতীয় একজন নেতাকে সুযোগ দেওয়ার অনুরোধ করতে পারেন। আর তাতেও সফলতা না এলে নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।

    ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে দলগুলোর বারবার সহযোগিতায় ব্যর্থতার কারণে ইসরায়েলে পাঁচটি পৃথক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

    ২০২২ সালের নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ দল ১২০ আসনের মধ্যে ৩২টি জিতে সবচেয়ে বড় দলে পরিণত হয়। পরে তিনি কয়েকটি কট্টর ডানপন্থি দলের সঙ্গে জোট গঠন করেন, যার ফলে তিনি ও তার মিত্ররা ৬৪ আসনের সংখ্যাগরিষ্ঠতা পান।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।