তাহসিফ সাউরির সুরতহাল প্রতিবেদনে কী বলা হয়েছে?
ঢাকার উত্তরখানে তুরাগ নদ থেকে উদ্ধার করা বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি; টঙ্গি নৌ-পুলিশ ফাঁড়ির এস আই মো. মোস্তাফিজুর রহমানের করা সুরতহাল প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে।
বাসা থেকে বের হওয়ার একদিন পর বুধবার বিকেল সাড়ে পাঁচটায় উত্তরখানের তুরাগ নদের পাশে রাজাবাড়ি ঘাটের কাছে পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে।
২৮ বছর বয়সী মি. সাউরির মরদেহ শনাক্ত করেছেন তার খালাতো ভাই।
সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তাহসিফ সাউরি শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কপাল স্বাভাবিক, চোখ ও মুখ বন্ধ অবস্থায় ছিল এবং নাক দিয়ে রক্ত বের হতে দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়েছে, মরদেহে কোনো কালশিটে ছিল না এবং তাপমাত্রা ছিল স্বাভাবিক ঠান্ডা। শরীরে আংশিক পচন ছিল বলেও এতে উল্লেখ করা হয়েছে।
সাউরির ফর্সা গায়ের রং, উচ্চতা আনুমানিক পাঁচ ফুট সাত ইঞ্চি বলে সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে।
তার পরনে কালো রঙের ফুল হাতা কাবলি শার্ট এবং সাদা রঙের ট্রাউজার ছিল।
আরো পড়তে পারেন: তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ