আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের

ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে, অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিংয়ে মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. মঙ্গলবার সারাদিন যা যা ঘটেছে:

    • বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
    • আবারও পিছিয়েছে বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১শে অক্টোবর ফল প্রকাশ করা হবে।
    • ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
    • দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমে ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সাইক্লোন ‘অর্ণব’।
    • জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের মাধ্যমে যদি ভেটো প্রয়োগের ক্ষমতা ছাড়া নতুন ধরনের স্থায়ী সদস্যপদ তৈরি হয়, তাহলে সেই সদস্যরা কার্যত ‘দ্বিতীয় শ্রেণির’ সদস্য হয়ে থেকে যাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ।
    • ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক থাকলেও নিজেদের ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একটি বড় চ্যালেঞ্জ।
    • দক্ষিণ ভারতের তামিলনাড়ুর থেনি কারাগার থেকে ১৭ জন বন্দি সোমবার রাতে পালিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।
    • ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দুই হাজার ৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
    • সামাজিক মাধ্যমে এক পোস্টকে ঘিরে বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইল ভারতের উত্তর প্রদেশের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) বা মুখ্য নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়ার দপ্তর।
    • স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসরায়েলিদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
    • কলকাতার বেহালা অঞ্চলের সরশুনায় এক কিশোরীকে চুম্বনের অভিযোগে ওই তরুণ, তার বাবা ও এক বন্ধুকে মারধর এবং নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছিল কিশোরীর পরিবারের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিশোরীর বাবা, মামা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সকালে গ্রেফতারদের সঙ্গে নিয়ে ওই ঘটনার পুনর্নিমাণ করা হয়।
    • বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক বিমান ও তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের

    ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    হুথি গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে এবং সেটি সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

    তবে সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার আগেই ঘোষণা করেছে যে, দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই প্রতিহত ও ধ্বংস করেছে।

    সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সি’ (এসপিএ) দেশটির সিভিল ডিফেন্সের বরাতে জানিয়েছে, “হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষ রাজধানী রিয়াদে বস্তুগত ক্ষয়ক্ষতি ঘটিয়েছে”।

    মঙ্গলবার দুপুরের পর সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ সৌদি রাজধানীতে বিমান হামলার সতর্কতা জারি করে।

    এদিকে, বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, আজ দিনের শুরুতে রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    হুথিরা আরও দাবি করেছে যে এর আগে তারা দু’টি সামরিক পরিবহন বিমানকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। প্রথমটি নাজরান বিমানবন্দরে এবং অন্যটিকে খামিস মুশাইতের কিং খালিদ বিমানঘাঁটিতে।

    ইয়াহিয়া সারি দাবি করেছে, দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে এবং দু'টোই সফল।

    সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি জানানোর পর এই ঘোষণা দেয় গোষ্ঠীটি।

    গোষ্ঠীটির মুখপাত্রের দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ফলে শোধনাগারটিতে আগুন ধরে যায়।

  3. ঘূর্ণিঝড় 'অর্ণব' কি বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে?

    দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমে ধেয়ে আসা অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।

    ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেরও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার।

    তবে এটি বাংলাদেশের ওপর কি কোনো প্রভাব ফেলবে?

    বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী কয়েকদিন কিছু এলাকায় কিছুটা বৃষ্টি থাকবে, সঙ্গে বাতাসও। সে কারণে নদী ও সমুদ্র বন্দরগুলোতে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

    আজ মঙ্গলবার আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব' পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

    এটি আজ দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৯৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৮৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামীকাল ২৮শে অক্টোবর দুপুর নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে, বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

    এতে আরও বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। তাই, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসাথে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

    আর আজ সন্ধ্যা ৬টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    আবহাওয়া নিয়ে আর পড়তে পারেন…

  4. ঘূর্ণিঝড় 'অর্ণব'- এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ-ওড়িশায় বৃষ্টি

    দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ক্রমে ধেয়ে আসছে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া সাইক্লোন ‘অর্ণব’।

    আগামী কয়েক ঘণ্টার মধ্যে তা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মেটেরিওলজিকাল ডিপার্টমেন্ট (আইএমডি) বা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। এরপর তা উত্তরপশ্চিম দিকে দিক পরিবর্তন করে অতি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

    বুধবার বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার এবং দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে।

    আইএমডি জানিয়েছে, বিশাখাপত্তনম এবং মছলিপত্তনমে ডপলার ওয়েদার রাডারের মাধ্যমে নজর রাখা হচ্ছে।

    জায়গায় জায়গায় কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও প্রশাসনের তরফেও আগাম তৎপরতা লক্ষ্য করা গেছে।

    অন্ধ্রপ্রদেশের কাকিনাডা উপকূলে সমুদ্রে ইতোমধ্যে জলোচ্ছ্বাস লক্ষ্য করা গেছে, বিশাখাপত্তনমে ভারী বৃষ্টি দেখা গিয়েছে। নিরাপত্তার কথা ভেবে ট্রেনের পাশাপাশি একাধিক বিমানও বাতিল করা হয়েছে।

    ওড়িশার উপকূলবর্তী অঞ্চলেও এর প্রভাব দেখা গেছে। সে রাজ্যের গঞ্জাম জেলা ও গোপালপুরে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে, বৃষ্টিপাতও হচ্ছে।

    পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরেরও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে মঙ্গলবার।

  5. ভেটো প্রয়োগের ক্ষমতা সম্প্রসারিত হোক: ভারত

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের মাধ্যমে যদি ভেটো প্রয়োগের ক্ষমতা ছাড়া নতুন ধরনের স্থায়ী সদস্যপদ তৈরি হয়, তাহলে সেই সদস্যরা কার্যত ‘দ্বিতীয় শ্রেণির’ সদস্য হয়ে থেকে যাবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ।

    সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থেকে যাবে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার মতো পাঁচ স্থায়ী সদস্যদের হাতে। অস্থায়ী সদস্যদের মধ্যে ভারত রয়েছে।

    জাতিসংঘ সাধারণ পরিষদে 'ভেটো প্রশ্ন নিয়ে ক্লাস্টার বিতর্ক' শীর্ষক আন্তঃসরকার অধিবেশনে বক্তব্য পেশ করতে গিয়ে মি. হরিশ একথা বলেন।

    আন্তঃসরকারি আলোচনার অধীনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সংস্কারের যে পাঁচ মূল ক্ষেত্র নিয়ে আলোচনা চলছে, ভেটো তার মধ্যে অন্যতম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫টা সদস্য দেশ রয়েছে। পাঁচ স্থায়ী সদস্য দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে। বাকি ১০টা দেশ অস্থায়ী সদস্য হিসেবে দুই বছরের জন্য নির্বাচিত হয়। ভারত অস্থায়ী সদস্যদের তালিকায় রয়েছে।

    মি. হরিশ বলেন, "বর্তমানে ভেটো প্রয়োগের ক্ষমতা শুধু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের হাতে রয়েছে। এটা একটা দায়িত্বও বটে। বিশেষত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার সঙ্গে সম্পর্কিত বিষয়ে গভীর চিন্তাভাবনা ও সংযমের সঙ্গে এর ব্যবহার করা উচিত। সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ভেটো ব্যবহার করা উচিত নয়।”

    এই প্রসঙ্গে ভেটো প্রয়োগের ইতিহাস টেনে আনেন তিনি।

    তার কথায়, “ভেটোর রেকর্ড সুস্পষ্ট। জাতিসংঘের ইতিহাসে প্রায় ২০০টা প্রস্তাবের ওপর ৩৩১ বার ভেটো প্রয়োগ করা হয়েছে। আমরা এও উল্লেখ করতে চাই যে, পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে দু’জন সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে ভেটো ব্যবহার করেনি। ভেটোর অধিকাংশ প্রয়োগ বা হুমকি এসেছে মাত্র তিন স্থায়ী সদস্যের পক্ষ থেকে।”

  6. বৈশ্বিক সহযোগিতা বাড়াতে কাজ করবে ইরান, রাশিয়াসহ অন্যান্য দেশ: পেজেশকিয়ান

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, রাশিয়ার সঙ্গে ইরানের সুসম্পর্ক থাকলেও নিজেদের ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা একটি বড় চ্যালেঞ্জ।

    তিনি বলেছেন, বিশ্বজুড়ে বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে রাশিয়াসহ অন্য দেশগুলোর সঙ্গে কাজ করছে ইরান।

    ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের অষ্টম সম্মেলনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছান পেজেশকিয়ান।

    মস্কোর ভনুকোভো বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "ইরান ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আগের চেয়ে অনেক বেশি জোরদার হয়েছে।"

    "দুই দেশের সম্পর্ক এখন আর শুধু সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই দেশ এরই মধ্যে একটি বিস্তৃত কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। এখন সেই চুক্তির সব বিষয় বাস্তবায়নে কাজ চলছে।"

    ইরানের প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, অর্থনীতি, বিজ্ঞান, সংস্কৃতি, নিরাপত্তা ও রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে হওয়া চুক্তিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

    গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের অষ্টম শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করার কথা রয়েছে ইরানের প্রেসিডেন্টের।

  7. তামিলনাড়ুর জেল থেকে পালালেন ১৭ বন্দি, পরে আবার গ্রেফতার চার

    দক্ষিণ ভারতের তামিলনাড়ুর থেনি কারাগার থেকে ১৭ জন বন্দি সোমবার রাতে পালিয়ে গিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।

    পলাতকদের খোঁজে ব্যাপক তল্লাশি শুরু হয়। এখনো পর্যন্ত এদের মধ্যে চারজন আবার গ্রেফতার হয়েছেন। বাকিদের খোঁজ চলছে। এর জন্য বিশেষ দল গঠন করা হয়েছে।

    সাউথ জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয়েন্দ্র বিদারি বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, “পলাতক বন্দিদের ধরতে তামিলনাড়ু পুলিশের সতেরোটা বিশেষ দল গঠন করা হয়েছে। তামিলনাড়ু-কেরালা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। আমরা কেরালা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।”

    “কেরালা পুলিশকেও জানানো হয়েছে এবং তারাও তল্লাশি ও নিরাপত্তা অভিযানে অংশ গ্রহণ করছে। পুলিশ কারাগার চত্বরের আশেপাশের গ্রামগুলোর ওপর ড্রোন উড়িয়ে পলাতকদের সন্ধান করছে।”

    কীভাবে এই ঘটনা ঘটল, সেই প্রসঙ্গে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, অসুস্থতার ভান করে পালানোর পরিকল্পনা করেছিলেন ওই বন্দিরা।

    সংবাদ সংস্থা এএনআই পুলিশের বরাত দিয়ে জানিয়েছে যে, ১৭ জন বন্দিদের একই সেলে রাখা হয়েছিল। তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করার কথা জানিয়েছিলেন। এরপরে, যখন ওই জেলে মোতায়েন এক নিরাপত্তাকর্মী সেই সেলে পৌঁছান, তখন ১৭ জন বন্দিই পালিয়ে যান।

  8. ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু

    ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১১ জনের মৃত্যু হয়েছে।

    একই সময়ে দুই হাজার ৭১ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরের ২৭শে অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৩৭ জন।

    জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে সারা দেশে মোট ৪০০ জনের মৃত্যু হয়েছে।

  9. বিতর্কের জেরে ক্ষমা চাইল উত্তর প্রদেশ মুখ্য নির্বাচনী কর্মকর্তার দপ্তর

    সামাজিক মাধ্যমে এক পোস্টকে ঘিরে বিতর্কের জেরে প্রকাশ্যে ক্ষমা চাইল ভারতের উত্তর প্রদেশের চিফ ইলেক্টোরাল অফিসার (সিইও) বা মুখ্য নির্বাচনী কর্মকর্তা নভদীপ রিনওয়ার দপ্তর।

    এর শুরুটা হয়েছিল ভোটার তালিকায় ত্রুটিপূর্ণ নাম প্রকাশকে কেন্দ্র করে। যা নিয়ে সমালোচনা এবং রাজনৈতিক বিতর্ক দুটোই শুরু হয়। আম আদমি পার্টির এক নেতার কটাক্ষের জবাবে ভারতের উত্তর প্রদেশের সিইও-র দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক এক্স হ্যান্ডেল থেকে পাল্টা পোস্ট করা হয়, যাকে ঘিরে ফের শুরু হয় বিতর্ক।

    আসলে উত্তর প্রদেশের বালিয়ার বিধান পরিষদ নির্বাচনের আগে ভোটার তালিকায় প্রকাশিত বেশকিছু নামে ত্রুটি ছিল বলে অভিযোগ। এক ভোটারের বাবার নামের জায়গায় ‘রামহিত যাদব’-এর পরিবর্তে লেখা ছিল ‘রাম নে যাদব কো মারা’ অর্থাৎ রাম যাদবকে হত্যা করেছেন।

    এই নিয়ে সমালোচনা শুরু হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে অনেকে পোস্ট করেন। এরপর প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।

    এক্স হ্যান্ডলে তিনি প্রশ্ন তোলেন, “জ্ঞানেশ কুমার, রাম কেন শুধু একজন যাদবকেই মারলেন? রাম কেন কোনো সিং, পাঠক, আস্থানা, শর্মা, রাই বা বিস্তকে মারলেন না? আপনাদের কম্পিউটার কি জাতিবাদী? আপনারা কি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার চালাচ্ছেন?”

    জবাবে উত্তর প্রদেশের সিইও-র দপ্তরের পক্ষ থেকে একটা পোস্টে লেখা হয়, “সাম্প্রতিক বিধান পরিষদ নির্বাচনের ভোটার তালিকায় একটা অদ্ভুত নামও রয়েছে- রাম নে শর্মা কো মারা।

    "কম্পিউটার/সফটওয়্যার জাতিবাদী নয়। এটা স্বীকার যোগ্য যে আমরা ভুল করেছি, কিন্তু সৌভাগ্যবশত, সেই ভুলের সময়েও জাতপাতের ভিত্তিতে কোনো বৈষম্য করা হয়নি। আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে রাম কোনো সংখ্যালঘুকে হত্যা করেননি। নইলে, জাতিবাদী হওয়ার পাশাপাশি সাম্প্রদায়িক হওয়ার অভিযোগও উঠত,” বলা হয় ওই পোস্টে।

    এটি প্রকাশ্যে আসার পরই শুরু হয় তীব্র সমালোচনা। শেষ পর্যন্ত সিইও-র দপ্তরের পক্ষ থেকে প্রকাশ্যে বিবৃতি জারি করে ক্ষমা চাওয়া হয়।

    ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “এই হ্যান্ডেলের উদ্ধৃত পোস্টে করা মন্তব্যগুলোর সুর, ভাব এবং কটু প্রকৃতি যা এই অফিশিয়াল হ্যান্ডেলের তরফে প্রত্যাশিত যোগাযোগের ধরনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পোস্টের মন্তব্যগুলোর কারণে তৈরি ক্ষোভ আমাদের নজরে এসেছে। এতে যারা আহত ও ক্ষুব্ধ হয়েছেন, তাদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এখন থেকে যোগাযোগের ধরন মার্জিত ও আনুষ্ঠানিক হবে।”

  10. ভোট ‘চুরির চেষ্টা’ হচ্ছে- অভিযোগ নেতানিয়াহুর

    স্ত্রী সারাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইসরায়েলিদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

    নেতানিয়াহু অভিযোগ করেন, কয়েকটি রাজনৈতিক দল ভোট ‘চুরির চেষ্টা’ করছে।

    একই সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে তিনি দাবি করেন, এসব দল ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব বিলুপ্ত করতে চায়।

    নির্বাচনি প্রচারণার মাঠ বামপন্থি ও আরব দলগুলোর হাতে ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

    তবে কোন কোন দল ভোট চুরির চেষ্টা করছে, তা নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট নয়।

  11. কলকাতায় বাবা-ছেলেকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনার 'পুনর্নির্মাণ' পুলিশের

    কলকাতার বেহালা অঞ্চলের সরশুনায় এক কিশোরীকে চুম্বনের অভিযোগে ওই তরুণ, তার বাবা ও এক বন্ধুকে মারধর এবং নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ উঠেছিল কিশোরীর পরিবারের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর পুলিশ কিশোরীর বাবা, মামা-সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে মঙ্গলবার সকালে গ্রেফতারদের সঙ্গে নিয়ে ওই ঘটনার পুনর্নিমাণ করা হয়।

    সেই সময় কিশোরীর বাবা, মামা এবং ঘটনার সঙ্গে যুক্ত অভিযোগে আটক আরেক ব্যক্তিকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোও হয়।

    তিনজন ব্যক্তির পরনে হাফ প্যান্ট এবং খালি পা ছিল।

    একদিকে বেহালায় ওই তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে হাঁটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর যেমন এর নিন্দা হচ্ছে, তেমনই অভিযুক্তদের খালি গায়ে হাঁটানোর মতো পুলিশের পদক্ষেপ নিয়েও সমালোচনা হচ্ছে।

    মানবাধিকার সংগঠন এপিডিআর-এর সহ-সভাপতি রঞ্জিত শূর বলেছেন, “বেহালায় পুলিশ আজ যা ঘটাল চরম প্রতিহিংসার শিকার হয়ে, অভিযুক্তদের মতো একই কায়দায় অভিযুক্তদেরও খালি পায়ে, খালি গায়ে, কোমরে দড়ি পরিয়ে হাঁটালো - তাতে অভিযুক্তদের থেকে বড় অপরাধ করেছে পুলিশ তথা সরকার।”

    বেহালার সরশুনার এই ঘটনার সূত্রপাত রোববার।

    বছর ১৩-র এক কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলো স্থানীয় এক তরুণ। সঙ্গে (ওই তরুণের) এক বন্ধুও ছিল।

    সেই সময় ওই তরুণ কিশোরীকে চুম্বন করে বলে অভিযোগ ওঠে। কিশোরীর পরিবারের এক পরিচিত ব্যক্তি ঘটনাটি দেখতে পান এবং তার বাবাকে জানান।

    অভিযোগ, এরপর কিশোরীর বাবা ও মামা দুই তরুণকে মারধর করেন। ওই তরুণের বাবাকে ডেকে পাঠানো হয়। সেই তরুণ, তারা বাবা ও বন্ধু তিনজনকেই বন্দুক দেখিয়ে বিবস্ত্র হতে বলা হয় বলে অভিযোগ। বিবস্ত্র অবস্থায় তাদের বেশ কিছুটা হাঁটানো হয় এবং তার ভিডিও রেকর্ড করা হয় বলেও অভিযোগ।

    পরে ঘটনার কথা প্রকাশ্যে আসে এবং কিশোরীর পরিবারের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়, যার ভিত্তিতে পদক্ষেপ নেয় পুলিশ। তবে এখনো পর্যন্ত কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ।

  12. হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু

    বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

    এর মধ্যে একজনের মৃত্যুর কারণ হাম বলে নিশ্চিত করা হয়েছে। আর ছয় জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম বা হাম উপসর্গে।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে।

    ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬৩ জন এবং হামের উপসর্গ দেখা দিয়েছে এক হাজার ২৩২ জনের।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মৃতদের মধ্যে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুই জন করে এবং বরিশাল ও ঢাকায় একজন করে মারা গেছেন।

    এ সময়ের মাঝে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।

  13. অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত 'অর্ণব'

    অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট 'অর্ণব'।

    এই ঘূর্ণিঝড় তীব্রতর হওয়ায় ভারতের ওড়িশার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

    ওড়িশার ছয়টি জেলা—পুরী, গজপতি, গঞ্জাম, রায়গড়া, কোরাপুট এবং মালকানগিরিতে কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলোতে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া মেটেরিওলজিকাল ডিপার্টমেন্ট বা ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।

    প্রশাসনের তরফে ওড়িশার বালাসোর, ভদ্রক, জাজপুর, কেন্দ্রপাড়া, কটক, কেওনঝার, ময়ূরভঞ্জ, কান্ধমাল, কালাহান্ডি, নবরঙ্গপুর, খুরদা, নয়াগড়, জগৎসিংহপুর, নোয়াপাড়া, বালাঙ্গির জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উপকূল অঞ্চল থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করা হয়েছে।

    অন্ধ্রপ্রদেশেও এর প্রভাব দেখা গেছে। ওই রাজ্যের স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ) এমডি প্রখর জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড় অর্ণব ঘণ্টায় ২৫ কিলোমিটার বেগে এগিয়ে চলেছে।

    এই ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধ্যার দিক থেকে ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোতে পারে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরীর ইয়ানাম উপকূলের বাপতলা আর বিশাখাপত্তনমের মধ্যবর্তী কোনো এলাকায় স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন মি. জৈন।

    অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা এবং ওড়িশার দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের উপকূলবর্তী অঞ্চল থেকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু ট্রেন বাতিল করা হয়েছে।

    অর্ণবের প্রভাবে ঝাড়খণ্ডের কিছু অংশে টানা তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সব জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

    পশ্চিমবঙ্গের উপকূলেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এর প্রভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে মঙ্গলবার। উপকূল সংলগ্ন একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

    পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল সংলগ্ন সমুদ্র উত্তাল হতে পারে। তাই মৎস্যজীবীদের সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে মৎস্যজীবীদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়েছে।

    কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  14. ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট

    যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় আজ বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ চলছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

    আজ মঙ্গলবার মন্ত্রণায়লটি জানান, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

  15. আবারও পেছালো এইচএসসির ফল প্রকাশের তারিখ

    আবারও পিছিয়েছে বাংলাদেশের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ।

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১শে অক্টোবর ফল প্রকাশ করা হবে।

    এর আগে বলা হয়েছিলো যে ২৯শে অক্টোবর ফলাফল করা হবে।

    চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত দোসরা জুলাই।

  16. শেখ হাসিনা দেশে ফিরলে 'মব' ফেস করবেন না: জাহেদ উর রহমান

    বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের 'মব' বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।

    আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    এ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা যাকে চাই, তিনি আসবেন, আমরা খুব খুশি। তাহলে আমাদের তাকে ধরে বেঁধে আনতে হলো না। উনি আসলে বিচারের মুখোমুখি হবেন, উনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আসার পর আইনি প্রক্রিয়ায় যা যা হওয়ার তাই হবে।”

    "উনি দেশে ফিরে আসলে ন্যায়বিচার ফেস করবে। উনি মব ফেস করবেন না, বেআইনি কিছু ফেস করবেন না। আমরা ন্যায়বিচার দিয়ে তার বিরুদ্ধে প্রতিশোধ (নেবো)... উনি ন্যায়বিচার করেন নাই, আমরা সেটা করবো।"

    জাহেদ উর রহমান মনে করেন, শেখ হাসিনা আলোচনায় থাকার জন্য দেশে আসার কথা বলছেন।

    "(ডিসেম্বরে দেশে আসার কথা বলে) এই ছয় মাস উনি আলোচিত থাকলেন। এরপর উনি বলবেন যে এই এই কারণে আসতে পারলাম না, জুনে আসবো। এরপর আমরা আবার ছয় মাস সেই একই আলাপ করবো। এরপর বলবে জুনে না, ডিসেম্বরে।"

  17. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে বলে মন্তব্য করেছেন দেশটির পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির। তার এমন বক্তব্যের নিন্দা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক দল।
    • 'ক্রসফায়ার' নিয়ে আইজিপি'র বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনার মধ্যেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদরদপ্তর। সেখানে দাবি করা হয়েছে যে, আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে গিয়ে মি. ফকির 'ক্রসফায়ার' শব্দটি উল্লেখ করেছেন।
    • ইরান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা সোমবার তেহরানে একটি যৌথ বৈঠক করেছেন। সৌদি আরব জানিয়েছে, এই বৈঠকের লক্ষ্য- মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন এবং যুদ্ধ অবসানে একটি চুক্তির পথ প্রশস্ত করা।
    • ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও লুটপাটের ঘটনার জেরে সংরক্ষিত আসনের সংসদ সদস্যের পদ থেকে সরে যেতে বাধ্য হওয়া ফেরদৌসী আহমেদ মিষ্টির জায়গায় নতুন এমপি হতে যাচ্ছেন আরেক বিএনপি নেত্রী এলিজা জামান।
    • বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে সোমবার দুপুরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে রাত থেকেই উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
    • বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে 'গোপন বৈঠক' করেছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে এমন অভিযোগকে 'অসত্য ও আজগুবি' বলে উড়িয়ে দিয়েছেন জামায়াত নেতা মি. পরওয়ার।
    • বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
    • সার্বিয়ার নির্বাচনে দেশটির দীর্ঘদিনের শাসক আলেকজান্ডার ভুচিচকে পরাজিত করেছে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক জোট ‘স্টুডেন্ট লিস্ট’।
    • ব্রাজিলে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে পরাজিত হওয়ার পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন দেশটির ডানপন্থি নেতা ফ্লাভিও বোলসোনারো। তিনি বামপন্থি প্রেসিডেন্ট লুলা দা সিলভার কাছে পরাজিত হন। এ নিয়ে মি. লুলা চতুর্থবারের মতো ব্রাজিলের ক্ষমতায় বসতে যাচ্ছেন।
    • কলকাতার সরশুনা এলাকায় এক তরুণ ও তার বাবাকে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ঘোরানোর অভিযোগে এক কিশোরীর বাবা, মা ও মামাকে গ্রেফতার করেছে পুলিশ।
    • ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে কথিত আপত্তিকর মন্তব্য-সংক্রান্ত মানহানির মামলায় খালাস দিয়েছে।
  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।