আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুর, গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মজুরি বোর্ড গঠন

নিম্নতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মত ঢাকার মিরপুর এবং গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ চলছে। এর মধ্যে মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষের পর গাড়িতে আগুন দেয়া হয়েছে। সরকার একটি মজুরি বোর্ড গঠন করেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারী চারদিন রিমান্ডে

    বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে চারদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

    ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালত নৌ-পুলিশের করা সাতদিনের একটি আবেদনের প্রেক্ষিতে চারদিন মঞ্জুর করেছে।

    রিমান্ড আবেদনে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে আসামি জেরিকা তাসনিম দিশার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি রেস্তোরাঁয় তাহসিফ সাউরির সঙ্গে ওই তরুণীকে দেখা যায়। এরপর তারা আরও কয়েক জায়গায় যান। তাদের মধ্যে মুঠোফোনে কথা হয়।

  2. সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে

    নতুন একটি বিধিমালার অধীনে দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    রোববার দুপুরে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

    বর্তমানে যারা অটো-রিকশা চালাচ্ছেন তাদের আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি।

    বিধিমালা প্রকাশের সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচলকারী সব রিকশা সরানো হবে না উল্লেখ করে তিনি জানান, পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং অবৈধ ই-রিকশা অপসারণ করা হবে।

    একইসঙ্গে, আপাতত রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে না, তবে তাদের পরিচয়পত্র দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

    ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর পরবর্তীতে চালকদের লাইসেন্সের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকারমন্ত্রী মি. আলম।

    এছাড়া, ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণ করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। এক অঞ্চলের নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না বলেও জানান তিনি।

  3. তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারী গ্রেফতার, রিমান্ডের আবেদন

    বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির সাথে সিসিটিভিতে দেখা যাওয়া নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সাতদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের আবেদন করেছে পুলিশ।

    ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রোববার নৌ-পুলিশের ঢাকা জোনের সহকারি পুলিশ সুপার মাসুম সরদার এই আবেদন করেছে।

    আবেদনে পুলিশ উল্লেখ করেছে, তাহসিফ সাউরির মোবাইল কললিস্ট পর্যালোচনায় তদন্তে ওই নারীর সাথে একাধিকবার কথা বলার তথ্য প্রমাণ পাওয়া গেছে।

    প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সাথে ওই নারীর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলেও এই আবেদনে নৌ-পুলিশ উল্লেখ করেছে।

    ঘটনার মূল রহস্য উদঘাটন, হত্যাকাণ্ডের স্থান নির্ধারণ করা, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেফতার ও শনাক্ত করার লক্ষ্যে তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড চাওয়ার কারণ সম্পর্কে আবেদনে পুলিশ উল্লেখ করেছে।

    এছাড়াও আলামত উদ্ধার, আসামিদের বক্তব্য ক্রসচেক করা এবং বক্তব্যের সঠিকতা যাচাই করার লক্ষ্যে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলেও আবেদনে বলা হয়েছে।

    এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে জেলে আটক রাখা একান্ত প্রয়োজন এবং এই আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারে বলেও উল্লেখ করেছে পুলিশ।

  4. মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বিক্ষোভ, নিম্নতম মজুরি বোর্ড গঠন

    মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকার মিরপুর এবং গাজীপুরে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। মিরপুরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়।

    সকালে বিক্ষোভ চলাকালীন পুলিশের একটি গাড়িতে আগুনও দেয় বিক্ষোভকারীরা।

    সংঘর্ষের সময় মিরপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গাজীপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিও মাঠে নামে।

    এদিকে, শ্রমিকদের দাবি অনুযায়ী, এরই মধ্যে ছয় সদস্যবিশিষ্ট মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

    সকালে সচিবালয়ে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী মজুরি বোর্ড গঠনের কথা জানিয়ে শ্রমিকদের বিক্ষোভ বন্ধ করে কাজে ফিরে যেতে আহ্বান জানান।

    একইসঙ্গে, শ্রমমন্ত্রী অভিযোগ তোলেন, “এটাতো আমার মনে হয় ভেরি মাচ ক্লিয়ার কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে এই কাজগুলো করতেছে যাতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হয়, জনগণ ও শ্রমিকরা এটা ক্লিয়ার হয়ে যাবে।”

    নতুন নির্ধারিত নিম্নতম মজুরির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মজুরি বোর্ড ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে। বোর্ডের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে স্বাধীনভাবে পারস্পরিক আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে একটি উপযুক্ত মজুরি নির্ধারণ করবেন।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।