লাইভ , তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা, যদিও মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. পহেলা ডিসেম্বর এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু

    এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর উচ্ছসিত পরীক্ষার্থীরা
    ছবির ক্যাপশান, আগামী পাঁচই নভেম্বর থেকে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের দ্বিতীয়বার পরীক্ষার জন্য ফরম পূরণ শুরু হবে

    আগামী পহেলা ডিসেম্বর এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীরা আবার ওই দুই বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। এবারই বাংলাদেশে পরীক্ষার্থীরা প্রথম এই ধরনের সুযোগ পাচ্ছেন।

    এর আগে এক বছর পরে আবার নিয়মিত শিক্ষার্থীদের সাথে পরের বছরের এইচএসসি পরীক্ষার সময় তাদের পরীক্ষা দিতে হতো। নিয়মিত ও অনিয়মিত দুই ধরনের পরীক্ষার্থীরাই এই সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

    আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    আন্তঃশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী সময়ে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই পরীক্ষার রুটিন জানিয়ে দেওয়া হবে।

    আগামী পাঁচই নভেম্বর থেকে এই পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। নয়ই নভেম্বর পর্যন্ত পাঁচদিন শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে।

    আগামী ১০ই নভেম্বর পর্যন্ত ‘সোনালী সেবার’ মাধ্যমে এই পরীক্ষার ফি জমা দিতে পারবেন পরীক্ষার্থীরা।

    বাংলাদেশে বর্তমানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হলে এক বছর পর পরের বছর পরীক্ষায় বসতে হয়।

    এবারই প্রথমবারের মতো এক মাসের মধ্যে সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা আবার এসব বিষয়ে পরীক্ষা দিতে পারবেন।

    গত পহেলা নভেম্বর উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়েছে। সাতই নভেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে।

  2. নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    নায়িকা পরীমনি
    ছবির ক্যাপশান, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় নায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

    বুধবার ঢাকার একটি বিচারিক আদালত এই আদেশ দিয়েছে।

    পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলাটির সাক্ষীর জন্য দিন নির্ধারিত ছিল বুধবার। কিন্তু পরীমনি অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি।

    পরে মামলার বাদীর করা আবেদনে পরীমনির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।

    ২০২২ সালের জুলাইয়ে ঢাকার বিচারিক আদালতে এই হত্যাচেষ্টার মামলাটি করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ।

    সাভারের একটি ক্লাবে ঢুকে মদ খাওয়া ও সেটা বিনামূল্যে নিয়ে যাওয়ার নিয়ে নায়িকা পরীমনির সাথে ওই ব্যবসায়ীর সাথে প্রথমে বাক-বিতণ্ডা, হাতাহাতি পরে তাকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন বলে মামলার এজাহারে বলা হয়েছে।

  3. তৈরি পোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকরের ঘোষণা বোর্ডের

    বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প
    ছবির ক্যাপশান, বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্প

    পহেলা ডিসেম্বর থেকে শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছেন মজুরি বোর্ডের সদস্যরা। জানুয়ারি মাস থেকে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন বলে জানানো হয়েছে।

    বুধবার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য গঠিত অষ্টম নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সাংবাদিকদের এ তথ্য জানান।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস এই খবর দিয়েছে।

    তবে মজুরি কাঠামো এখনো নির্ধারিত হয়নি।

    সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, নতুন মজুরি পয়লা ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারিতে ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে শ্রমিকদের তা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের প্রতিনিধির সঙ্গে তাদের ঐকমত্য হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো মতপার্থক্য নেই।

    পরবর্তী সভায় শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে। এজন্য সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধভাবে একটি যৌক্তিক মজুরি প্রস্তাব তৈরি করে বোর্ডে উপস্থাপনের জন্য তিনি আহ্বান জানান।

    মালিকপক্ষের প্রতিনিধি ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিনও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি নির্ধারণের কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে ঐকমত্যের কথা জানান।

    সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, সাধারণত শিল্প খাতের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য ছয় মাসের একটি সময়সীমা থাকে। তবে বর্তমান সরকার দ্রুততম সময়ে বোর্ড গঠন করেছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারের কাছে সুপারিশ প্রণয়ন ও তা জমা দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

    সভায় শ্রমিক প্রতিনিধিগণ মজুরি ছাড়াও শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে শ্রম আইন বাস্তবায়ন, ট্রেড ইউনিয়নের অধিকার, ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয় রয়েছে। এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

    শ্রমিক নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক ব্যবস্থা না নেওয়া, গ্রেপ্তার হওয়া শ্রমিক ও শ্রমিক নেতাদের মুক্তি এবং তাঁদের প্রতি কোনো ধরনের নির্যাতন না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান শ্রমিক নেতা বাবুল আকতার।

    তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গত পয়লা নভেম্বর ছয় সদস্যের বোর্ড গঠন করে সরকার। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে অসন্তোষের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়।

  4. শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ
    ছবির ক্যাপশান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক রাজীব ঘোষকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

    তবে, এখনই তাকে গ্রেফতার বা আটক করা হয়েছে সেটি বলা যাবে না বলে জানিয়েছেন তিনি।

    পরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, “একটা নিউজ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এবং সেটার প্রেক্ষিতেই ডিবি পুলিশ এই তথ্য পায় এবং সেখানে যায়। সেখান থেকে রাজীব ঘোষ এবং ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি হেফাজতে নেয়, কার্যালয়ে নিয়ে আসে এবং তার সঙ্গে ডিবি কথা বলছে।”

    কোন সংবাদের কারনে, কোথায় থেকে এবং কখন গোয়েন্দা পুলিশ মি. চৌধুরী ও সাংবাদিক মি. ঘোষকে নিয়ে গেছে এই বিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে রাজী হননি এই পুলিশ কর্মকর্তা।

  5. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন নিয়ে আজ রয়েছে বিবিসি বাংলার আরেকটি লাইভ পাতা। সেখানকার খবর পড়তে এখানে ক্লিক করুন:

    আরো পড়তে পারেন:

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।