নেত্রকোনায় ১১ বছরের শিশু ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

ছবির উৎস, Getty Images
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নেত্রকোনার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ আদেশ দেন।
রায়ে ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশুর ভরণপোষণ, শিক্ষা, চিকিৎসা ও লালন-পালনের সম্পূর্ণ দায়িত্ব রাষ্ট্রকে বহন করার নির্দেশও দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নুরুল কবির রুবেল বিবিসি বাংলাকে জানান, বিচারকার্য শুরু হওয়ার দুই মাসের মধ্যেই মামলার রায় দেওয়া হয়েছে।
“ধর্ষণের শিকার শিশুকে আদালতের নির্দেশে সেইফ কাস্টডিতে নেওয়া হয়েছিল। এখন তাকে তার মায়ের জিম্মায় দেওয়া হয়েছে,” বলেন তিনি।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের দোসরা অক্টোবর বিকেলে মাদ্রাসা ছুটির পর অভিযুক্ত শিক্ষক শিশুটিকে মসজিদের বারান্দা ঝাড়ু দিতে বলেন। পরে বারান্দাসংলগ্ন একটি কক্ষে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে তাকে ধর্ষণ করেন।
ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয় এবং পরবর্তী কয়েক দিনেও শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
চলতি বছরের ২৩শে এপ্রিল ওই শিশু শিক্ষার্থীর পরিবার নেত্রকোণার মদন উপজেলায় একটি মামলা দায়ের করেন।
এরপর দোসরা জুলাই একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেয় শিশুটি।
পরে আদালতের নির্দেশে নবজাতকের পিতৃত্ব নিশ্চিত করতে জুলাইতে ডিএনএ পরীক্ষা করা হয়, যাতে নবজাতকের সঙ্গে আমানুল্লাহর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়।
রায়ে আলোচিত এ মামলার রায়ে বেশ কিছু পর্যবেক্ষণও দিয়েছেন আদালত। যেখানে সাম্প্রতিক সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে শিশুদের যৌন হয়রানি, ধর্ষণসহ নানা ধরনের যৌন নির্যাতনের খবর নিয়মিত গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। যা সমাজকে ব্যথিত ও শঙ্কিত করছে।
