লাইভ , সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়, বলছে পাকিস্তান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর

    বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেছেন, "সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।"

    বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    এ সময়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।

    প্রধানমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

  2. সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়: পাকিস্তানের সামরিক মুখপাত্র

    পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী
    ছবির ক্যাপশান, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার

    সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

    সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানান তিনি।

    তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। একইসঙ্গে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এসব হামলা।

    তিনি বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো আপস করবে না।

    তবে একইসঙ্গে সংঘাত কমানো, সংযম দেখানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। কারণ নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে সেটি কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

    তিনি জানান, পাকিস্তানের সেনা সদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

    ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাকিস্তানের এই সামরিক মুখপাত্র বলেছেন, গত ২৬শে অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক হয়েছিল।

    এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।

    মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের সামরিক এই মুখপাত্র মি. চৌধুরী বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

    তিনি আরো বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট,দুইটিই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর উদ্দেশ্য এই দুই জোটের নেই।

    পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে চায়।

  3. গতকাল বুধবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
    • উপহারের নামে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
    • বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
    • সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জনে।
    • ২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
    • রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পদক্ষেপের জবাবে, আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে ঘোষণা করেছে ইরান।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: