বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৬ জন কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছেন

করোনাভাইরাস নিয়ে বাংলাদেশ বিশ্বের সকল খবর নিয়ে বিবিসি বাংলার এই লাইভ পাতা। এখানে দিনভর পাওয়া যাবে বিশ্লেষণ, মতামত ও পরিসংখ্যান।

সরাসরি কভারেজ

রায়হান মাসুদ

  1. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ৬ জন কোভিড-১৯এ আক্রান্ত হয়ে মারা গেছেন, মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য আক্রান্ত

    বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক/অসামরিক সদস্য ও তাদের পরিবারের সদস্য এ পর্যন্ত কোভিড-১৯এ আক্রান্ত হয়ে ঢাকার সিএমএইচে ভর্তি হয়েছেন।

    এই ৩৪৫ জনের মধ্যে ৬ জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়াদের মধ্যে ২ জন কর্মরত সেনা সদস্য এবং ৪ জন ৭০ বছরের বেশি বয়স্ক ও অবসরপ্রাপ্ত । তারা প্রত্যেকেই বিভিন্ন অনিরাময়যোগ্য শারীরিক জটিলতায় ভুগছিলেন।

    আরো বলা হয়, আক্রান্তদের মধ্যে ৮৮ জন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং হাসপাতালে থাকা অন্য সকল রোগী সুস্থ রয়েছেন।

  2. আইএসের দক্ষিণ এশিয়া-দূরপ্রাচ্য অঞ্চলের প্রধান জিয়া উল-হক আফগানিস্তানে গ্রেফতার, কাবুলে সেনাবাহিনীর এক অভিযানে জিয়া উল-হককে আটক করা হয় – যে শেখ ওমর খোরাসানী নামেও পরিচিত।

    আফগানিস্তানের গুপ্তচর সংস্থা বলছে, তারা ইসলামিক স্টেট গোষ্ঠীর দক্ষিণ এশিয়া এবং দূরপ্রাচ্য অঞ্চলের নেতা জিয়া উল-হককে গ্রেফতার করেছে।

    বলা হয়, রাজধানী কাবুলে সেনাবাহিনীর এক বিশেষ অপারেশনে জিয়া উল-হককে আটক করা হয় – যে শেখ ওমর খোরাসানী নামেও পরিচিত।

    সংবাদদাতারা বলছেন, এ খবর নিশ্চিত হলে তা হবে এক ‘বড় অগ্রগতি।‘

    আইএসের অন্য আরো দুজন নেতাও এসময় আটক হয়। তাদের একজন জিয়া উল-হকের মুখপাত্র সাহীব, এবং অপর জন গোয়েন্দা প্রধান আবু আলি।

    আফগানিস্তানে তালিবানই প্রধান জংগী গোষ্ঠী - কিন্তু দেশটির কিছু অংশে আই এস সক্রিয় এবং তারা কাবুলে বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছে।

    গত বছর জাতিসংঘের কাছে দেয়া এক রিপোর্টে বলা হয়েছিল যে শেখ ওমর খোরাসানী “ভালো কাজ দেখাতে না পারায়” আইএসের কেন্দ্রীয় নেতৃত্ব তার জায়গায় অন্য একজনকে বসিয়েছে, কিন্তু এ খবর কখনোই নিশ্চিত করা যায় নি।

    আফগান সেনাবাহিনী আইেএসের বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালিয়েছে
    ছবির ক্যাপশান, আফগান সেনাবাহিনী আইেএসের বিরুদ্ধে অনেকগুলো অভিযান চালিয়েছে
  3. অবশেষে ইংল্যান্ডেও ঘরের বাইরে লোকজনকে মাস্ক পরতে বলা হলো, লকডাউন থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে ব্রিটেনের ৫০ পৃষ্ঠার কর্মকৌশল

    ইংল্যান্ডে এই প্রথমবারের মত লোকজনকে বাস-ট্রেনের মত গণপরিবহন এবং ‌‘ আবদ্ধ স্থানে’‌ ফেস মাস্ক পরতে পরামর্শ দেয়া হচ্ছে।

    যুক্তরাজ্যে এতদিন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন আরোপ করা হলেও স্বাস্থ্যকর্মী ছাড়া অন্যদের মাস্ক পরার কোন সরকারি নির্দেশনা ছিল না।

    তবে প্রধানমন্ত্রী বরিস জনসনের রোববার রাতের ভাষণের পর লকডাউন থেকে ক্রমান্বয়ে বেরিযে আসার জন্য সরকারের যে ৫০ পৃষ্ঠার কর্মকৌশল আজ প্রকাশ করা হয়েছে - তাতে এই মাস্ক পরার পরামর্শ দেয়া হলো।

    এতদিন ব্রিটিশ সরকার বলে আসছিল, জনগণের মধ্যে ভাইরাস ছড়ানো ঠেকাতে মাস্ক সহায়ক বলে কোন প্রমাণ নেই।

    তবে এ কথা বিতর্ক সৃষ্টি করে, কারণ অন্য অনেক দেশই মানুষকে ঘরের বাইরে মাস্ক পরতে বলে আসছিল।

    তবে ব্রিটিশ সরকারের পরামর্শ যাই হোক – করোনাভাইরাস সংক্রমণ শুরু হবার পর থেকেই ব্রিটেনে বহু লোককে প্রকাশ্যে মাস্ক পরতে দেখা যাচ্ছে।

    ইংল্যান্ড ছাড়া যুক্তরাজ্যের বাকি তিন রাজ্য স্কটল্যান্ড, ওয়েলস আর উত্তর আয়ারল্যান্ড অবশ্য লকডাউন থেকে বেরিয়ে আসার জন্য বরিস জনসনের পরিকল্পনার সাথে একমত নয়।

    লন্ডনের রাস্তায় মাস্ক পরা দুজন
    ছবির ক্যাপশান, লন্ডনের রাস্তায় মাস্ক পরা দুজন
  4. "ফ্রেণ্ডলি ফায়ারের" শিকার হয়ে ১৯ জন ইরানী নাবিক নিহত, সাগরে সামরিক মহড়ার সময় যুদ্ধজাহাজের ক্ষেপণাস্ত্রে আরেক নৌযান আক্রান্ত

    ওমান উপসাগরে ইরানের এক সামরিক মহড়ার সময় তাদের একটি যুদ্ধজাহাজ দুর্ঘটনাবশত: আরেকটি ইরানী নৌযানের ওপর ক্ষেপণাস্ত্র ছুঁড়লে ১৯ জন নাবিক নিহত হয়েছে।

    ইরানের সামরিক বাহিনী বলছে, হরমুজ প্রণালীর কাছেই ঘটা এই ঘটনায় আরো ১৫ জন আহত হয়।

    রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়,একটি সহযোগী জাহাজ মহড়া চলার সময় একটি লক্ষ্যবস্তুর খুব কাছে চলে এসেছিল, এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে সেটি ডুবে গেছে।

    এ বছরের প্রথম দিকে ইরানে দুর্ঘটনাবশত একটি যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করা হলে ১৭০ জন নিহত হয়।

    ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম 'ইরিব‌' ঘটনাটির একটি ভিডিও টু্‌ইটারে প্রকাশ করে
    ছবির ক্যাপশান, ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম 'ইরিব‌' ঘটনাটির একটি ভিডিও টু্‌ইটারে প্রকাশ করে
  5. ভারতে একদিনে কোভিড-১৯এ আক্রান্ত চার হাজারের বেশি, এরই মধ্যে কাল থেকে শুরু হচ্ছে আংশিক ট্রেন চলাচল

    ভারতে গত ২৪ ঘন্টায় আরো ৪ হাজার ২১৩ জন করোনাভাইরাস সংক্রমিত বলে নিশ্চিত হয়েছে – যা একদিনে আক্রান্তের সংখ্যার এক নতুন রেকর্ড।

    ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৫২ জন, মৃত্যু হয়েছে ২,২০৬ জনের।

    এর মধ্যে লকডাউন কিছুটা শিথিল করার প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার থেকে ভারতের প্রধান শহরগুলোর মধ্যে কিছু ট্রেন চলাচল আবার শুরু হতে যাচ্ছে।

  6. স্পেনের লা লিগা আবার শুরু হতে পারে ১২ই জুন, খেলোয়াড়দের ভাইরাস টেস্টিং শুরু হয়েছে

    স্পেনে সর্বোচ্চ স্তরের পেশাদার ফুটবলের কর্তৃপক্ষ আশা করছে, মার্চ মাসে বন্ধ হয়ে যাওয়া লা লিগা হয়তো আগামী ১২ই জুন আবার শুরু হতে পারে।

    গত সপ্তাহে লা লিগার খেলোয়াড়দের ভাইরাস টেস্টিং শুরু হয়েছে, ট্রেনিং আবার শুরু করা এবং ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলানোর পরিকল্পনাও করা হচ্ছে।

    স্প্যানিশ ফুটবলের উচ্চতম দুটি ডিভিশনের ৫ জন খেলোয়াড় কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন, তবে লিগ প্রেসিডেন্ট জাভিয়ার টেবাস বলছেন, নিয়মিত টেস্ট করলে খেলোয়াড়দের খেলার সময় সংক্রমিত হবার ঝুঁকি কার্যত শূন্যে নেমে আসবে।

    স্পেনে করোনাভাইরাস সংক্রমণ গুরুতর আকার নিয়েছিল, তবে এখন লকডাউন বিধিনিষেধ শিথিল করা হচ্ছে।

    স্পেন ফুটবল
    ছবির ক্যাপশান, স্পেনের লা লিগা হয়তো জুনে আবার শুরু হতে পারে
  7. চীনের উহানে আবার করোনাভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে, নতুন করে ৫ ব্যক্তির দেহে কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত

    চীনের যে শহরে প্রথম করোনাভাইরাস সংক্রমণ হয়েছিল – সেই উহানে কিছু লোক আবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

    নতুন করে করোনাভাইরাসে লোকের আক্রান্ত হবার খবর পাওয়া গেছে চীনের উত্তর- পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশ থেকেও।

    সোমবার উহানে পাঁচ ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হবার খবর নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার আরো একজন সংক্রমিত হবার খবর জানানো হয়েছিল।

    চীনে সংক্রমণ কমে আসায় গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন বিধিনিষেধ শিথিল করা শুরু হয়েছিল। তবে স্বাস্থ্য কর্মকর্তা

    ও বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন যে বিভিন্ন দেশ যখন লকডাউন শিথিল করছে, এবং লোকজন বাইরে যাতায়াত শুরু করেছে – তাই সংক্রমণের সংখ্যা বাড়ার সম্ভাবনা আছে।

  8. ব্রেকিং, বাংলাদেশে একদিনে এক হাজারের বেশি শনাক্ত

    ২৪ ঘণ্টায় ৭২০৮ পরীক্ষা করে ১০৩৪ জন শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    ১৫৬৯১ জন মোট শনাক্ত হয়েছে বাংলাদেশে।

    আরো ১১ জন মারা গেছেন, বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ২৩৯ জন।

    বাংলাদেশের এখন পর্যন্ত ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

    ২৫২ জন নতুন করে সুস্থ হয়েছেন।

    এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯০২ জন।

  9. ভাইরাসের কারণে দশক ধরে চলে আসা কার্টুন প্রচার বন্ধ

    কয়েক দশক ধরে চলে আসা একটি কার্টুন প্রচার বন্ধ হয়েছে। জাপানে লাখো মানুষ এই কার্টুন দেখে।

    ১৯৬৯ সালে প্রথম এই কার্টুন প্রচার হয় এবং প্রতি রবিবার সন্ধ্যায় এটা দেখতে মানুষ আগ্রহ নিয়ে টেলিভিশনের সামনে বসেন।

    ফুজি টেলিভিশন কর্তৃপক্ষ বলছে, কর্মচারীদের সাবধানে রাখতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে, এই কার্টুন যেহেতু ডাবিং দেয়া হয় তাই এই সময়ে ডাব করাটা ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে।

    ভাইরাসের কারণে দশক ধরে চলে আসা কার্টুন প্রচার বন্ধ
    ছবির ক্যাপশান, ভাইরাসের কারণে দশক ধরে চলে আসা কার্টুন প্রচার বন্ধ
  10. ফ্রান্সের যাত্রীদের যুক্তরাজ্যে কোয়ারেন্টিনে থাকতে হবে না

    যুক্তরাজ্য খুব দ্রুতই অন্য দেশের নাগরিকদের ঢুকতে দিবে একটা শর্তে। সেটা হলো ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

    তবে এই নিয়ম সব দেশের জন্য নয়। আয়ারল্যান্ড ও ফ্রান্সের নাগরিকদের এই ক্ষেত্রে ছাড় দেয়া হবে।

    যদিও বরিস জনসন নিশ্চিতভাবে বলেননি ঠিক কবে থেকে কার্যকর হবে এটা।

    করোনাভাইরাস
  11. বাংলাদেশে আজ থেকে অনলাইনে আদালত চালু

    করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারঘোষিত ছুটি ও অবকাশকালে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আদালতের বিচার কার্যক্রম শুরু হচ্ছে আজ।

    ভার্চুয়াল আদালতে বাদী/বিবাদীর পক্ষে মামলা পরিচালনার জন্য একজন আইনজীবীকে নিজের নাম, ছবি, ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।

    নিবন্ধিত হওয়ার পর ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে আইনজীবী ভার্চুয়াল কোর্ট পোর্টালে ঢুকতে পারবেন। সেখানে জামিন আবেদন ও বেইল বন্ড দাখিল সংক্রান্ত দুটি ঘর থাকবে।

    কোনো আইনজীবী জামিন আবেদন করতে চাইলে জামিন সংক্রান্ত ঘরে প্রবেশ করে মূল জামিন আবেদন, ওকালতনামা ও সংযুক্ত নথিপত্র পৃথক তিন ধাপে আপলোড করবেন। এ ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

    নির্ধারিত সময়ে ওই লিংকে ঢুকে আইনজীবী বিচারকের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন এবং নিজের আবেদনের ওপর শুনানি করবেন।

    জামিন মঞ্জুর হলে একই পোর্টালে বেইল বন্ড দাখিল করতে পারবেন আইনজীবী।

  12. নতুন গাইডলাইনে বাংলাদেশে মোট আক্রান্তের ৪০ শতাংশ সুস্থ

    বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠার যে নতুন গাইডলাইন দিয়েছে তা অনুযায়ী মোট সুস্থ হয়েছেন ৫৭৩৮ জন।

    সর্বশেষ আপডেট অনুযায়ী আক্রান্ত বলে শনাক্ত হয়েছে ১৪৬৫৭ জন।

    অর্থাৎ মোট আক্রান্তের চল্লিশ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠছেন।

    কী সেই গাইডলাইন

    বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটির সদস্য ডা. এম এ ফয়েজ জানিয়েছেন, আগের গাইডলাইন অনুযায়ী কারও মধ্যে যদি করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হতো তাহলে তার ১৪-২১ দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট করা হতো।

    সেখানে ফলাফল নেগেটিভ আসলে পরবর্তী ২৪ ঘণ্টা অথবা দুই তিনদিনের মধ্যে আরেকটি টেস্ট করা হতো। সেখানেও ফলাফল নেগেটিভ আসলে রোগীকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতো।

    এবং বলা হতো তারা যেন আরও ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকেন।

    তবে নতুন নিয়মে রোগী যদি ক্লিনিক্যালি সুস্থ হয়ে ওঠেন অর্থাৎ পর পর তিন দিন যদি তার আর জ্বর না থাকে, কাশি বা শ্বাসকষ্ট না হয় তাহলে তাকে হাসপাতালে না রেখে বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে পাঠিয়ে দেয়া হবে।

    বাড়ি থেকেই তার পরবর্তী দুটো পরীক্ষা করা হবে। যেটা কিনা আগে হাসপাতালে থেকে করা লাগতো।

    হাসাপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

    কোভিড-১৯
  13. এক নজরে বিশ্বে করোনাভাইরাস

  14. ঢাকায় করোনাভাইরাস সংক্রমণ আপডেট

    রাজারবাগ ২০২

    যাত্রাবাড়ি ১৮৬

    কাকরাইল ১৭৬

    মহাখালি ১৬০

    মুগদা ১৮০

    মোহাম্মদপুর ১৪৯

    লালবাগ ১০৮

    তেজগাঁও ১০৫

    উত্তরা ৮৩

    বাবুবাজার ৮২

    বংশাল ৭৫

    গেন্ডারিয়া ৬৪

    শাহবাগ ৬৪

    ধানমন্ডি ৫৩

    শ্যামলী ৬২

    গুলশান ৫৭

    চকবাজার ৫৪

    ওয়ারী ৫২

    স্বামীবাগ ৪৭

    চানখারপুল ৩৭

  15. স্প্যানিশ ফ্লু পৃথিবী বদলে দিয়েছিল, করোনাভাইরাসও বদলাচ্ছে

    ১৯১৮ সাল ও ১৯১৯ সালে ৫ কোটি মানুষ মারা যায় স্প্যানিশ ফ্লুয়ে আক্রান্ত হয়ে।

    এই ফ্লু তিন পর্যায়ে পৃথিবীতে আঘাত করে।

    শুধু যুক্তরাষ্ট্রেই ছয় লাখ ৭৫ হাজার মানুষ মারা যায় এই রোগে।

    ৫০০ বছরের ইতিহাসে ১৫ বার নানা ফ্লু বা ভাইরাস মহামারি আকারে আঘাত হেনেছে।

    স্প্যানিশ ফ্লুর বিশেষত্ব ছিল এটা ২০ থেকে ৪০ বছর বয়সীদের বেশি আক্রান্ত করেছে।

    ১৯২০ সালে শিশু জন্মের হার বেড়ে যায়।

    তবে এই ফ্লু স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসে।

    আমেরিকা নতুন ঔষধ তৈরি করা শুরু করে। চীন চিকিৎসা বিজ্ঞানে অর্থ ঢালা শুরু করে।

    রাশিয়ায় সমাজতান্ত্রিক চিকিৎসা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় তখন।

    শুধু যুক্তরাষ্ট্রেই ছয় লাখ ৭৫ হাজার মানুষ মারা যায় এই রোগে
    ছবির ক্যাপশান, শুধু যুক্তরাষ্ট্রেই ছয় লাখ ৭৫ হাজার মানুষ মারা যায় এই রোগে
  16. ইংল্যান্ডে যেসব পরিবর্তন আসছে

    ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডে ছোট ছোট পরিসরে খুলে দেয়া হবে সব।

    সবাইকে যত ইচ্ছা পার্কে এক্সারসাইজ, পায়েচারি, রোদ পোহাতে দেয়া হবে বুধবার থেকে।

    দুইজন ভিন্ন বাড়ির লোক দুই মিটার দূরত্বে থেকে দেখা করতে পারবেন। যারা বাড়িতে কাজ করতে পারছেন না, তারা কোনো গণপরিবহন ব্যবহার না করে বাড়ি ও অফিস যাতায়াত করবেন।

    যতটা সম্ভব বাড়িতে থাকবে।

    যে কোনো গণপরিবহন এড়িয়ে চলবে।

  17. ইউরোপে দেশে দেশে লকডাউন উঠছে যেভাবে

    ফ্রান্সে ছাত্রসংখ্যা কমিয়ে এনে কিছু প্রাইমারি স্কুল খুলছে। জামাকাপড়, বইয়ের দোকান, সেলুনও খুলছে। তবে রেস্টুরেন্ট, সিনেমা হল ও বার বন্ধ।

    বেলজিয়ামে আজই অধিকাংশ দোকান খুলবে। তবে রেস্টুরেন্ট, বার ও ক্যাফে বন্ধ।

    নেদারল্যান্ডসে প্রাইমারি স্কুল খুলছে আজ। তাছাড়া পাঠাগার, ড্রাইভিং স্কুল এবং চুল কাটার দোকানও খুলছে।

    সুইজারল্যান্ডে প্রাইমারি ও মাধ্যমিক স্কুল খুলছে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনা হচ্ছে। রেস্টুরেন্ট, বইয়ের দোকান ও জাদুঘরে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে।

    স্পেনে একসাথে ১০জনের বেশি জমায়েতের অনুমতি দেয়া হচ্ছে না।

    যুক্তরাজ্যে চলতি সপ্তাহে লকডাউন শিথিল হচ্ছে। তবে কোথাও কোথায় কড়াকড়ি বলবৎ আছে।

    ডেনমার্কে আজ খুলছে শপিং সেন্টার। পোল্যান্ডে হোটেল খুলে দেয়া হচ্ছে, যদিও বিদেশ থেকে কেউ এলে ২ সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে।

    প্যারিস
  18. জাভেদ ওমরের কোভিড সম্পর্কে ভুল তথ্য, তামিমের দুঃখ প্রকাশ

    বাংলাদেশে চলমান লকডউন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের নিয়ে লাইভ আড্ডায় হাজির হচ্ছেন জাতীয় দলের বর্তমান ওয়ানডে অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। গতকাল রবিবারে তিনি হাজির হন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তিন অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাশার ও নাইমুর রহমান দুর্জয়কে নিয়ে। সেখানে এক পর্যায়ে সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের কোভিড-১৯ পজিটিভের কথা বলা হয়। তবে এর জন্য পরবর্তীতে সেটি ভুল বলে দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।

  19. মালদ্বীপ থেকে শত শত নাগরিক ফিরিয়ে আনলো ভারত

    ভারতের নেভি একটি জাহাজে প্রায় সাতশো নাগরিককে ফিরিয়ে এনেছে।

    উপসর্গসহ দুইজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

    এটা ভারতীয় নেভির প্রথম মিশন। এছাড়া বিমানে ষাটটি ফ্লাইটে হাজারো ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনা হবে চলতি সপ্তাহেই।

    সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফিরিয়ে আনার প্রক্রিয়া এটি। যার মাধ্যমে ২ লাখ মানুষ ভারত ফিরবে।

    মালদ্বীপ থেকে কেরালায় আসছে জাহাজ
    ছবির ক্যাপশান, মালদ্বীপ থেকে কেরালায় আসছে জাহাজ
  20. বিশ্বে সর্বশেষ যা জানা যাচ্ছে

    জার্মানিতে লকডাউন শিথিল করার পর ভাইরাস সংক্রমণের হার বেড়েছে কিছুটা।

    স্পেনে ২ মাসে সর্বনিম্ন মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। ১৪৩ জন মারা গেছেন নতুন করে, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬২১ জন।

    যুক্তরাজ্য আলাদা আলাদা পযায়ে ক্রমশ লকডাউন শিথিল করার পরিকল্পনা হাতে নিয়েছে।

    দক্ষিণ কোরিয়ায় নতুন করে সংক্রমণ হয়েছে, দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।

    উহানে নতুন করে পাঁচজনের মধ্যে সংক্রমণ পাওয়া গেছে। ১১ই মার্চের পর এটাই সর্বোচ্চ।

    চীনে মোট ১৭জন নতুন রোগী পাওয়া গেছে। কেউ নতুন করে মারা যাননি দেশটিতে।