ঝটিকা মিছিল, ঘরোয়া বৈঠকে যেভাবে সংগঠিত হচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ

    • Author, তাফসীর বাবু
    • Role, বিবিসি নিউজ বাংলা, ঢাকা
  • Published
  • পড়ার সময়: ৬ মিনিট

"আমরা বাসা-বাড়িতে থাকি না। বাইরেই থাকি। বাইরে থেকেই যোগাযাগ করে চেষ্টা করি কীভাবে একসঙ্গে হয়ে একটা মিছিল করা যায়। এখন মিছিল ঘনঘন হচ্ছে, মিছিলে লোকও বেশি হচ্ছে।"

কথাগুলো বলছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতা শেখ মোহাম্মদ নাঈম। তিনি বিশ্ববিদ্যালয় কমিটির উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক।

তিনি জানান, গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ মিছিল করেছে। এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীরাও মিছিল করে উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করেছে। এর কারণ হচ্ছে, 'দলের নির্দেশনা।'

"আপার পাসপোর্ট চাওয়া নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখনই আমাদের কেন্দ্র থেকে জানানো হয় ১০ই অক্টোবর সারাদিন কর্মসূচি পালন করতে হবে। এটাকে ঘিরেই আসলে ছাত্রলীগ বলেন বা আওয়ামীলীগ বলেন, সবাই চেষ্ঠা করেছে যার যার মতো মাঠে নামার" বলেন শেখ মোহাম্মদ নাঈম।

বাংলাদেশে গত কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল এবং একে ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে। এটা স্পষ্ট ঘরোয়া বৈঠক ও অনলাইন তৎপরতার পর এখন ঝটিকা মিছিলের মাধ্যমে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ।

দলটির দাবি, এই তৎপরতা তাদের সংগঠিত করার পাশাপাশি শেখ হাসিনার ফেরার পথও তৈরি করবে।

কিন্তু প্রশ্ন হচ্ছে, আত্মগোপনে থেকে এবং নানারকম নজরদারির মধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠন এসব কর্মসূচি কীভাবে পালন করছে?

আর এসব কর্মসূচি বিশেষত যেসব সহিংসতা ঘটছে, সেগুলো কী বার্তা দেয়?

ভার্চুয়াল বৈঠক, গোপনীয়তা ও ঝটিকা মিছিলের কৌশল

ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলটির বিভিন্ন স্তরের নেতারা নিয়মিতই ঘরোয়া বৈঠক করছেন। কখনো কোনো রেস্টুরেন্ট, কখনো বাসাবাড়িতে এসব বৈঠক হচ্ছে।

এছাড়া বিদেশে থাকা নেতারা ভার্চুয়াল বৈঠকে কথা বলছেন নিয়মিত।

সম্প্রতি শীর্ষ নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছেন, ঢাকার বাইরের এমন এক নেতা পরিচয় প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে বলেন, শুরুর দিকে যোগাযোগ কম থাকলেও এখন নেতারা যোগাযোগ বাড়িয়েছেন।

তিনি বলেন, "আগে তো একটা হতাশা ছিলো। ছাত্রলীগের বড় নেতারা নেই। যে যার মতো পালিয়ে গেছে। আমরা তখন লুকিয়ে থাকলাম। যোগাযোগই ছিলো না। এখন তারাও যোগাযোগ করছে, আমরাও সক্রিয় হচ্ছি।"

কেন্দ্রীয় নেতারা যোগাযোগ করে কী বলেন এমন প্রশ্নে তার জবাব, "বলে যে, মিছিল করো, মাঠে নামো। মোটিভেট করে। সাবধানে থাকতে বলে। কমিটি নতুন করে গঠন হচ্ছে। নেতারা বলে দিয়েছে, যারা সক্রিয় থাকবে, তারাই কমিটিতে স্থান পাবে।"

বাংলাদেশে জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালিয়ে যান। অনেকেই দেশে আত্মগোপনে আছে। কেউ কেউ গ্রেফতার হয়ে কারাগারে। একইভাবে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম কিংবা অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরাও কেউ দেশ থেকে পালিয়ে যান, কেউবা আত্মগোপনে থাকেন।

এখন ধীরে ধীরে তাদের অনেকেই সামনে আসতে শুরু করেছেন। ঝটিকা মিছিলও করছেন।

কিন্তু তৃণমূলে এসব মিছিল কীভাবে সংগঠিত হচ্ছে?

জানতে চাইলে মুন্সীগঞ্জের শ্রীপুর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মনির হোসেন মিটুল বলেন, এলাকায় নেতৃত্ব-শূণ্যতা আছে। কিন্তু কর্মীরা বা সমর্থকরা এখনো এলাকাতেই অবস্থান করছে।

"ধরেন জেলা বা উপজেলার নেতারা তো নাই। এটা সত্য কথা। এদের সঙ্গে আমাদের কানেকশনও নাই। কিন্তু আমরা যারা ইউনিয়ন নেতা আছি, আমাদের মাধ্যমেই যোগাযোগ হচ্ছে। দশ দিন আগে আমরা একটা মিছিল করেছি, মোবাইলে যোগাযোগ করে" বলেন মনির হোসেন মিটুল।

কিন্তু নজরদারির মধ্যে কীভাবে মিছিল হয়?

"মোবাইলে বলে দেওয়া থাকে, কোথায় কখন আসতে হবে। রাস্তায় নামার আগে সামনে এবং পিছনে একটু দূরে দুইটা টিম থাকে। ওরা প্রটোকল দেয়। মাঝখানে আমরা মিছিল করি। টার্গেট থাকে নিরাপদ মিছিল করে সবাই আবার যেন নিরাপদেই সেখান থেকে বের হয়ে আসতে পারি। এটাই কৌশল" বলেন মনির হোসেন মিটুল।

অন্যদিকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহম্মদ নাঈম বলেন, তাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে, যে যেই এলাকায় আছে, সেখানেই কার্যক্রম পরিচালনা করতে।

তিনি বলেন, "আমরা মিছিলগুলো সংগঠিত করার ক্ষেত্রে সবাইকে জানাই এবং সবার আগে গুরুত্ব দেই নিরাপত্তা। আমরা আগে গোপনীয়তা রক্ষা করতে বলি। বিষয়গুলো যাতে কোনভাবেই বেশি মানুষের মধ্যে না ছাড়ায়, যাতে কোনভাবেই গোয়েন্দা সংস্থা কিংবা সরকারি দলের কিংবা অন্য কোন দলের সদস্যদের কাছে ইনফরমেশন না যায় -এটা খেয়াল রাখা হয়।"

ছাত্রলীগের এই নেতা বলছেন, তার ভাষায়, দলের নির্দেশনা হচ্ছে, প্রকাশ্য কর্মসূচি বাড়াতে হবে।

কিন্তু এতে লাভ কী?

"লাভ হচ্ছে, আমাদের নেতাকর্মীরা সাংগঠনিকভাবে একত্রিত হচ্ছে। যারা কানেকশনের বাইরে চলে গিয়েছিলো, র‍্যাডারের বাইরে চলে গিয়েছিলো, তারাও একত্রিত হচ্ছে। আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে আপার (শেখ হাসিনা) প্রত্যাবর্তন। আপার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ধরেন মাঠ গরম করা হোক কিংবা রাজপথ সতেজ রাখা হোক -এই কর্মসূচিগুলো আমাদের এই মুহূর্তে উদ্দেশ্য" বলেন শেখ মোহম্মদ নাঈম ।

সহিংসতা কী বার্তা দেয়?

নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, ঝটিকা মিছিল, ঘরোয়া সভা এবং নিয়মিত বিরতিতে কর্মসূচি দলটিকে চাঙা করছে এবং তাদের ভাষায় এর ফলে শেখ হাসিনার ফেরার পথ সুগম হবে।

কিন্তু দেখা যাচ্ছে, দলটির কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এবং নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে।

ঝটিকা মিছিলের কোনো কোনো ভিডিওতে দেখা যায়, খোদ মিছিল থেকেই ককটেল ছুঁড়ে মারা হচ্ছে।

এরকমই একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, গত পাঁচই নভেম্বর ঢাকার আর্মি গলফ ক্লাবের সামনে একদল মোটরসাইকেল আরোহি আওয়ামী লীগের শ্লোগান দিচ্ছেন।

তাদেরই একজনের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে কেউ একজন ককটেল ছুঁড়ে মারছেন।

এছাড়া গত মঙ্গলবার গোপালগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নিতে দেখা যায় আওয়ামী লীগ নেতাদের।

একইদিনে হামলা হয় শ্রীমঙ্গলে এনসিপির ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতা হাসিব আল ইসলামের উপর।

সেই হামলার একাধিক ভিডিও পরে আওয়ামী লীগ সমর্থিত ইনফ্লুয়েন্সার এবং বিভিন্ন ফেসবুক পেইজে আপলোড করা হয়।

এসব সহিংসতার জন্য সরকারি দল বিএনপিও আওয়ামীলীগকে দায়ী করছে। তবে আওয়ামী লীগের নেতারা অবশ্য তা অস্বীকার করছে।

তবে সরকারি দল বিএনপিসহ জামায়াত-কিংবা এনসিপির মতো রাজনৈতিক দলগুলোর ভেতরে মূল্যায়ন হচ্ছে, কর্মসূচি কিংবা সহিংসতার মাধ্যমে মূলত 'ভয়ের পরিবেশ' তৈরি করতে চায় আওয়ামী লীগ।

পাঁচই অগাস্টের পর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা মূলত পলাতক থাকলেও তাদের অনেকে দলীয় কার্যক্রমে দেশের বাইরে থেকেই সক্রিয় আছেন। এসব নেতাদের অনেকের বিরুদ্ধে পরে বাংলাদেশের আদালতে মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে।

এরকমই একজন নেতা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের কাছে প্রশ্ন ছিলো, আওয়ামীলীগের কর্মসূচিকে ঘিরে সহিংসতার ঘটনা কেন ঘটছে?

জবাবে তিনি বিবিসি বাংলাকে বলেন, তার ভাষায়, আওয়ামী লীগ সহিংসতা নয়, বরং শান্তির দল।

"আওয়ামী লীগ কখনই ষড়যন্ত্রের রাজনীতি, ধ্বংসের রাজনীতি অথবা সন্ত্রাসের রাজনীতিকে কখনই প্রশ্রয় দেয় না। এগুলো আমাদের কাজ না।" বলেন বাহাউদ্দিন নাছিম।

কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বল্পস্থায়ী ঝটিকা মিছিল বা এধরনের কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ কী অর্জন করতে চায়? এর মাধ্যমে সরকারের উপর কতটা চাপ তৈরি করতে পারছে আওয়ামী লীগ?

বাহাউদ্দিন নাছিম বলেন, "আমাদের তো মিছিল করতে দেওয়া হয় না। তারপরও কিন্তু দেখবেন মিছিল বাড়ছে, মিছিলে অংশগ্রহণও বাড়ছে। শত শত মিছিল হচ্ছে। এই মিছিলগুলো কিন্তু গণমানুষের সম্পৃক্ততাতেই হচ্ছে। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু (সরকারের উপর) চাপ তৈরি করে ফেলেছে। আওয়ামীলীগ ইতোমধ্যেই প্রচণ্ড চাপ সৃষ্টি করতে পেরেছে।"

সরকার কঠোর হবে?

আওয়ামীলীগ তাদের কথা বলছে। তবে বাস্তবতা হচ্ছে, একদিকে ঝটিকা মিছিল, সেটাও আবার কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় -এভাবে শেখ হাসিনার ফিরে আসার মতো রাজনৈতিক পরিস্থিতি কীভাবে তৈরি হবে সেটা স্পষ্ট নয়।

এর আগে আওয়ামী লীগের শাসনামলে দীর্ঘদিন ঝটিকা মিছিলের মাধ্যমে রাজনীতি করেছে জামায়াত। কিন্তু এসব মিছিল থেকে তখনকার সরকারি দলকে দাবি মানাতে বাধ্য করতে পারেনি জামায়াত।

তবে রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলছেন, আইন-শঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা আওয়ামী লীগকে সুবিধা এনে দিতে পারে।

"আগে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ছিলো শক্তিশালী। এটার নানারকম অর্থ হতে পারে। কিন্তু মোদ্দাকথা হচ্ছে, তাদের শক্তি ছিলো, মনোবল ছিলো।"

তিনি যোগ করেন, "কিন্তু এখন সরকারের বড় উইক পয়েন্ট হচ্ছে, তাদের ল এনফোর্সিং বাহিনীগুলো দুর্বল হওয়াতে ওই সুযোগটা তারা (আওয়ামী লীগ) পাচ্ছে। মানে পুলিশের দুর্বলতা যত বেশি প্রকাশিত হবে, তত তারা তাদের ঝটিকা মিছিলগুলো করবে।"

কিন্তু যেসব সহিংসতা হচ্ছে, রাজনীতিতে এর বার্তা কী? এমন প্রশ্নে সাব্বির আহমেদ বলেন,

"এটা যে আওয়ামী লীগের খুব বেশি বিপক্ষে যাবে তা না। তাদের কিছু পক্ষেও যাবে। কারণ যখন জান-মালের ক্ষতি হওয়া শুরু হবে, এটা কিন্তু সরকারের বিপক্ষেও যেতে পারে। সুতরাং এটা বহুদিকের লাভ ক্ষতির হিসাব আছে।"

কিন্তু সরকারের ভূমিকা এখানে কী?

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবশ্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর দুর্বলতা নাকচ করছে। একইসঙ্গে বলছে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা।

জাতীয় সংসদে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "এই দুই একটা সিম্বলিক ঘটনাকে একত্রিত করে যদি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বলা হয়, এইটা আমার মনে হয় যৌক্তিক না। দেশবাসিকে আশ্বস্ত করতে চাই, কারো যে কোন রকমের ষড়যন্ত্র সেটা দেশের অভ্যন্তরে হোক বা সীমান্তের বাইরে হোক বা সম্মিলিত হোক, সেই ষড়যন্ত্রের কোন নীলনকশা এখানে বাস্তবায়ন হবে না।"

সরকার বলছে মোকাবেলা করার কথা। অন্যদিকে আওয়ামী লীগ বলছে, মাঠে থাকার কথা।

কিন্তু একদিকে দলটির কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে কর্মসূচিকে ঘিরে যেসব হামলা কিংবা সহিংসতা ঘটছে, সেটা উত্তাপ তৈরি করেছে রাজনীতিতে। যেখানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু।