সৌদি আরবের আরো একটি বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা তাইজ প্রদেশে সৌদি আরবের ব্যবহৃত তুরস্কে তৈরি একটি বায়রাকতার আকিনজি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির মতে, এ সপ্তাহে রিয়াদের ওই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করার এটি তৃতীয় ঘটনা।
ড্রোন ভূপাতিত করার বিষয়ে তিনি বলেন, তাইজে একটি ‘শত্রুতামূলক মিশনে’ ছিল এবং ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়েছে।
মুখপাত্র আরও দাবি করেন, হুথি বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনী এবং তাদের সমাবেশস্থলগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (গাকা) বুধবার এক বিবৃতিতে জানায়, দুটি বিমানবন্দরে দুই দিনের ব্যবধানে চালানো হামলায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।
গাকার তথ্য অনুযায়ী, দুটি বিমানবন্দরে ৬ ও ৭ই অক্টোবর হামলা চালানো হয়েছিল। তবে কোন বিমানবন্দরে ঠিক কখন হামলা হয়েছে, তা সংস্থাটি নির্দিষ্ট করে জানানো হয়নি।
তবে হুথিদের অন্যান্য দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।