এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁই ছুঁই

বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেেশে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৪ জনে । আরও উল্লেখযােগ্য খবরের মধ্যে রয়েছে, চট্টগ্রামে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় কাদির কল্লোল

  1. সৌদি আরবের আরো একটি বিমানবন্দরে হামলার দাবি হুথিদের

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথিরা

    ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তারা সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। একইসঙ্গে তারা তাইজ প্রদেশে সৌদি আরবের ব্যবহৃত তুরস্কে তৈরি একটি বায়রাকতার আকিনজি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।

    হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারির মতে, এ সপ্তাহে রিয়াদের ওই বিমানবন্দরে হামলার দায় স্বীকার করার এটি তৃতীয় ঘটনা।

    ড্রোন ভূপাতিত করার বিষয়ে তিনি বলেন, তাইজে একটি ‘শত্রুতামূলক মিশনে’ ছিল এবং ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে সেটিকে লক্ষ্যবস্তু বানিয়ে ধ্বংস করা হয়েছে।

    মুখপাত্র আরও দাবি করেন, হুথি বাহিনী বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনী এবং তাদের সমাবেশস্থলগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

    এদিকে, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন (গাকা) বুধবার এক বিবৃতিতে জানায়, দুটি বিমানবন্দরে দুই দিনের ব্যবধানে চালানো হামলায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছে।

    গাকার তথ্য অনুযায়ী, দুটি বিমানবন্দরে ৬ ও ৭ই অক্টোবর হামলা চালানো হয়েছিল। তবে কোন বিমানবন্দরে ঠিক কখন হামলা হয়েছে, তা সংস্থাটি নির্দিষ্ট করে জানানো হয়নি।

    তবে হুথিদের অন্যান্য দাবির বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  2. ব্রিটিশ নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

    একটি ইউনিফর্মে ব্রিটিশ রয়্যাল নেভি লেখা

    ব্রিটিশ রয়্যাল নেভির একজন সদস্যের বিরুদ্ধে একটি দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে দেশটির নাম প্রকাশ করা হয়নি।

    বেডফোর্ডশায়ারের ২৪ বছর বয়সী টেডি ইয়াংয়ের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (এনএসএ) অনুযায়ী একাধিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে এমন একটি অভিযোগ রয়েছে যে তিনি সুরক্ষিত তথ্য সংগ্রহ করেছিলেন, যা একটি অজ্ঞাত বিদেশি শক্তির উপকারে আসতে পারে।

    তাকে হেফাজতে রাখা হয়েছে এবং বৃহস্পতিবার ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস আদালতে হাজির করা হবে।

    লন্ডনের কাউন্টার-টেরোরিজম পুলিশিং বিভাগের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, “এগুলো সশস্ত্র বাহিনীর একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে আনা অত্যন্ত গুরুতর অভিযোগ।”

    পুলিশ জানিয়েছে, এসব অভিযোগের সঙ্গে সম্প্রতি আরএএফ ফেয়ারফোর্ডে ঘটে যাওয়া ঘটনার কোনো সম্পর্ক নেই।

    মঙ্গলবার বেডফোর্ডশায়ারে তার বাড়ি থেকে ইয়াংকে গ্রেফতার করা হয়।

    অভিযোগগুলো ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ২১শে মে পর্যন্ত সময়কে ঘিরে। এতে দাবি করা হয়েছে যে তিনি আইন পরিপন্থীভাবে ‘সুরক্ষিত তথ্য প্রকাশ’ সংক্রান্ত অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।

    এছাড়াও অভিযোগ করা হয়েছে যে ওই নৌসদস্য “সুরক্ষিত তথ্য সংগ্রহ, অনুলিপি, রেকর্ড বা সংরক্ষণ করেছেন, এই উদ্দেশ্যে যে এসব কর্মকাণ্ড একটি বিদেশি শক্তিকে উপকৃত করবে। একই সঙ্গে তিনি জানতেন, অথবা তার জানা বিষয়গুলোর ভিত্তিতে যুক্তিসঙ্গতভাবে জানা উচিত ছিল, যে এসব কর্মকাণ্ড যুক্তরাজ্যের নিরাপত্তা বা স্বার্থের জন্য ক্ষতিকর।”

    কমান্ডার ফ্লানাগান আরও বলেন, “তদন্ত এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকারী সহকর্মীদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করেছি, যাতে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।”

    রয়্যাল নেভির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে একজন কর্মরত সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

    তিনি আরও বলেন, “আইনি কার্যক্রম চলমান থাকায় এ মুহূর্তে এ বিষয়ে আরও মন্তব্য করা সমীচীন হবে না।”

  3. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ।
    • ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ চলছে। আজ বুধবার দুপুরে একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খাওয়ার পর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে যাওয়ার সিদ্ধান্ত নেন বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোটের এমপিরা। তবে যাওয়ার পথে তাদের আটকে দেয় পুলিশ।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা গেছে আট জন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮৬০ জন রোগী।
    • রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানী অঁরি কাগান এবং জাপানের কেনসো সোয়াই।
    • ফ্রান্সজুড়ে চলমান শিক্ষা বিক্ষোভ নিয়ন্ত্রণে স্টান গ্রেনেডের ব্যবহার স্থগিত করা হয়েছে। কারণ চলতি সপ্তাহের শুরুতে এমন একটি গ্রেনেড বিস্ফোরণে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
    • প্রতিবছর সাতই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
    • আসন্ন দূর্গা পূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে আগামী ১৭ই অক্টোবর শনিবার বাংলাদেশের সকল সরকারি অফিস খোলা থাকবে।
  4. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।