সার্বিক আইনশৃঙ্খলার অবনতি হয়েছে দাবি করা যায় না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে পরিত্যক্ত যানবাহনে অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যায় না।
“বিচ্ছিন্ন কিছু ঘটনাকে একত্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ বলে তুলে ধরা যৌক্তিক নয়। দেশের বিভিন্ন স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একজন পালিয়ে গেছে,” জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যের জবাবে বলেছেন তিনি।
সরকারি বার্তা সংস্থা বাসস এই খবর দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছুদিন ধরে দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে নানা ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে। দেশের রাজনৈতিক সচেতন মানুষ এসব তৎপরতা বুঝতে পারছেন। দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন রয়েছে”।
“দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না,” বলেছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির জন্য একটি নীলনকশা করা হয়েছিল। দেশের ভেতরে ও বাইরে থেকে এ প্রচেষ্টায় বিনিয়োগও করা হয়েছে। তবে সরকার সফলতার সঙ্গে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে।''
স্বরাষ্ট্রমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমন সময় এই মন্তব্য করলেন যখন গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বেশ কিছু যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা আলোচনায় এসেছে। পাশাপাশি বেশ কিছু এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনাও সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
এছাড়া গত কয়েকদিন ধরে ক্রমাগতভাবে গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণের জের ধরে আলোচনায় এসেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি।
সোমবার সন্ধ্যায় ফার্মগেট মেট্রোস্টেশনের নিচে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকা বাসের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই রাতেই ফরিদপুর শহরে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে আগুনে চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নওগাঁয় দুই বাসে আগুনের ঘটনায় ৩ জনকে আটকের তথ্য দিয়েছে স্থানীয় পুলিশ।
সোমবার গভীর রাতে ও মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ওদিকে ককটেল বিস্ফোরণ ও আগুন দেওয়ার ঘটনায় হাতেনাতে ৩৩ জনকে আটকের দাবি করেছে ঢাকা মহানগর পুলিশ।