শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে কী করবে বিএনপির সরকার?

Published
পড়ার সময়: ৫ মিনিট

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার পর তা নিয়ে বিএনপি সরকারের অনেকে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ওই আবেদনকে 'হাস্যকর' বলে বর্ণনা করেছেন।

গত কয়েক মাস ধরে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়ে আসছিলেন। এর মধ্যেই সোমবার তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন আইনজীবীর মাধ্যমে।

ইমেইলে এমন একটি আবেদন পাওয়ার কথা বিবিসি বাংলাকে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন। পরে সেই চিঠিটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, "ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি ইমেইলের মাধ্যমে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি"।

সোমবার সকালে শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর ছড়িয়ে পড়ার পর থেকে এ নিয়ে সরকারের মন্ত্রী, বিএনপির সিনিয়র নেতারা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও কথা বলেন।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদনটি করেছেন সেটির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির একটি ব্রিফিংয়ে এই আবেদনটিকে 'হাস্যকর' উল্লেখ করে বলেছেন, শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

তবে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বর্তমান সরকার শেখ হাসিনাকে ভয় পাচ্ছে, যে কারণে তাকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে চাইছে না।

দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এক সময় তারা বলতো শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। অথচ সরকার তাকে দেশে ফিরতে দিতে কোন সহযোগিতা করছে না।

আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়।

চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার পরই বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর তার পাসপোর্ট বাতিল করা হয়।

সোমবার লন্ডনের ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে ইমেইলের মাধ্যমে এই আবেদন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাঠানো হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন হাইকমিশনের কর্মকর্তারা। পরে সেই আবেদনটির সত্যতা যাচাই করার জন্য সেটি বাংলাদেশে পাঠানো হয়েছে।

এরপরই এটি নিয়ে সরকারের পক্ষ থেকে নানা প্রতিক্রিয়া পাওয়া গেছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তারাও সংবাদে এমন একটি তথ্য পেয়েছেন, তবে এর সত্যতা যাচাই করতে পারেনি সরকার।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী কিংবা আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, সে সবের আইনগত দিক বিবেচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।

হাইকমিশনে পাঠানো আবেদনের ওই চিঠিটি বিবিসি বাংলার হাতে এসেছে।

ওই চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনার আইনজীবীরা বলেছেন যে, বিগত অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছিল। যে কারণে এখন নতুন করে একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানানো হচ্ছে।

এমন একটি চিঠি পাওয়ার কথা জানিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে বলেছেন, "এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন 'অথরাইজেশন'–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র নেই"।

যদিও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা বলছেন, শেখ হাসিনার এই আবেদনটি শেখ হাসিনার পক্ষ থেকেই করা হয়েছে।

আত্মগোপনে থাকা দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিবিসি বাংলাকে বলেছেন, পাসপোর্ট ও এনআইডির জন্য আইনিভাবেই ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন শেখ হাসিনা।

কী করবে পররাষ্ট্র মন্ত্রণালয়?

শেখ হাসিনার দণ্ড কার্যকর করতে তাকে ফেরত পাঠানোর জন্য দিল্লির প্রতি অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।

এখন শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, পাসপোর্ট নয়, বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত আনতে চায় ভারতের সাথে থাকা প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না"।

"বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে", যোগ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, "যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মত মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া।

"আমি আইনি ফার্মটিকে তাদের মক্কেল সম্পর্কে আগে জানতে বলব। তাদের মক্কেল একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বছরের বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছেন, অপহরণ করেছেন, বিচার বহির্ভূত হত্যা হয়েছে। তারপর তারা পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার, তারও বেশি মানুষকে হত্যা করেছে"।

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯শে নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছেন ৪৫৩টি।

বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে।

পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি-আওয়ামী লীগের

২০২৪ সালের পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন শেখ হাসিনা।

সোমবার আইনজীবীর মাধ্যমে পাসপোর্টের আবেদন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ক্ষমতাসীন দল বিএনপিও।

সকালে ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি দলীয় প্রোগ্রামে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা এখন বিদেশের কাছে ধর্ণা দিচ্ছেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র চাওয়ার ঘটনাকে 'লজ্জাহীন' উল্লেখ করে মি. রিজভী বলেছেন, "শেখ হাসিনা এখন বাংলাদেশে ফিরে আসার চেষ্টা করছেন এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার পাশাপাশি বিদেশে রাজনৈতিক ব্যক্তিদের সমর্থন চাইছেন। একজন মানুষের কোনো ধরনের নূন্যতম লজ্জা না থাকলে এসব কাজ করতে পারেনা"।

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সোমবার সকালে একটি ব্রিফিংয়ে বলেন, 'বাংলাদেশে ফিরে আসার জন্য শেখ হাসিনার আইনগতভাবে যা করা উচিত ছিল, তা করেননি। তিনি ফিরে আসবেন না, এগুলো তার রাজনৈতিক স্ট্যান্টবাজি।'

যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বর্তমান সরকার শেখ হাসিনা ও আওয়ামী লীগ ভয় পাচ্ছে, যে কারণে তাকে দেশে ফিরতে দিতে চাচ্ছে না।

শেখ হাসিনাকে কেন দেশে ফিরতে দেওয়া হচ্ছে না- এই প্রশ্ন রেখে আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, তারা বলছিল শেখ হাসিনা ফেরত আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। এখন তিনি নিজেই ফিরতে চাইছেন, তাকে ফিরতে দেওয়া হচ্ছে না কেন- সেই প্রশ্ন রাখেন তিনি।

আর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম মনে করেন, নাগরিক হিসেবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, "প্রত্যেক মানুষের নিজস্ব পরিচয়পত্র এবং পাসপোর্ট পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক ও মৌলিক অধিকার। সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে? সংবিধান তো সরকারকে সেই অধিকার দেয়নি"।