আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিত আতঙ্ক সৃষ্টির চেষ্টা?
- Author, মরিয়ম সুলতানা
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৫ মিনিট
রোববার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুধু ঢাকা নয়, প্রায় প্রতিদিনই সারা দেশের কোথাও না কোথাও থেকে ককটেল বিস্ফোরণের খবর আসছে।
এসব ঘটনায় ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে শিক্ষার্থী, অভিভাবক ও নিয়মিত গণপরিবহন ব্যবহারকারীরা এখন বেশি চিন্তিত।
একসময় বাংলাদেশের রাজনৈতিক সহিংসতায় দেশীয়ভাবে তৈরি বোমার ব্যাপক ব্যবহার ছিল, স্থানীয়ভাবে যা 'ককটেল' নামে পরিচিত। বিশেষ করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে রাজনৈতিক সংঘাতের মাঝে প্রায়ই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটতো।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আবারও একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় সেই পুরনো রাজনৈতিক সহিংসতার চিত্র আবারও সামনে এসেছে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে। তবে এই অভিযোগের পক্ষে কী ধরনের তথ্যপ্রমাণ পাওয়া গেছে, তা এখনও স্পষ্ট নয়।
অন্যদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও এই অভিযোগকে অস্বীকার করেছেন।
এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে যে, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো কি বিচ্ছিন্ন, নাকি পরিকল্পিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা? আর সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কী ব্যবস্থা নিচ্ছে?
End of বিবিসি বাংলা'র আরও খবর:
এক রাতেই ১০ উপজেলায় ককটেল বিস্ফোরণ
রোববার, আটই নভেম্বর সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ঢাকার প্রায় ১০টি উপজেলায় একের পর এক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিবিসি বাংলাকে এ তথ্য জানিয়েছেন।
এর মাঝে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন এলাকাতেই ককটেল বিস্ফোরণ হয়েছে ছয়টি, মতান্তরে ৯টি। সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই ঘটনা শুরু হয়।
নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয় তোরণ, ইউল্যাব স্কুল, সেনেট ভবনের সামনে, আধুনিক ভাষা ইন্সটিটিউট, টিএসসি সংলগ্ন মেট্রো স্টেশনের সড়ক ও সুফিয়া কামাল হলের সামনে কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক ককটেল বিস্ফোরিত হতে থাকে বলে জানা গেছে।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ককটেল রাখা বা ছুঁড়ে মারার কাজে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে।
ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছড়াও ভাটারা, পল্লবী থানার সামনে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ের সামনে, মিরপুর, ক্যান্টনমেন্ট রেলস্টেশন, তেজগাঁও, পান্থপথ ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন স্থানে একই ঘটনা ঘটেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের পর সিআইডি হেডকোয়ার্টারের সামনে ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ জানিয়েছে, ওই ঘটনাতেও ব্যবহৃত হয়েছে মোটরসাইকেল। হামকারীরা মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে এটি নিক্ষেপ করে।
এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু'জন মোটরসাইকেল আরোহী ফ্লাইওভারের উপর থেকে পল্লবী থানা প্রাঙ্গণেও ককটেল ছুঁড়ে মারেন। এই ঘটনায় একজন আহত হন।
এই ঘটনা যখন ঘটে, তখন মিরপুরের সনি সিনেমা হলের সামনেও ককটেল বিস্ফোরিত হয়।
অন্যদিকে, সন্ধ্যা ৬টার দিকে ভাটারায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
ওই রাতে তেজগাঁও'র সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানিয়েছেন, "গতকাল ঢাকার ১০টা জেলায় এই ধরনের আনুমানিক ১৫-২০টি ঘটনা ঘটেছে।"
এগুলো শুধু একদিনের ঘটনা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রায় প্রতিদিন-ই ঢাকার বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরিত হচ্ছে। মি. হোসেন বলছেন, এগুলো আরও বাড়ছে এখন।
এদিকে, বাংলাদেশ পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বিবিসি বাংলাকে জানিয়েছেন, গত পহেলা অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৩১টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছেন তারা। আর পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ১৪টি। এসব ঘটনায় আহতের সংখ্যা দুই।
হামলার পেছনে কারা রয়েছে?
এসব ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে পুলিশ।
ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, এই ধরনের ঘটনায় প্রতিদিনই কম-বেশি কেউ বা কেউ গ্রেফতার হচ্ছেন। বিশেষত, আটই নভেম্বরের ঘটনাগুলোতে ১৫ জনের বেশি মানুষকে হাতেনাতে ও সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয় সম্বন্ধে তিনি বলেন, "কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বা তার অঙ্গ সংঠনের সদস্যরা সম্পৃক্ত আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে কাউকে কাউকে, কাজটা করার জন্য।"
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলতে কারা? জানতে চাইলে তিনি সরাসরি বলেন, "আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন। তবে এটা প্রাথমিক পর্যায়ের ধারণা। বাকিটা তদন্তে বোঝা যাবে।"
এদিকে, পুলিশ হেডকোয়ার্টার্স থেকে দেওয়া তথ্য অনুযায়ী, গত পহেলা অক্টোবর থেকে আটই নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ককটেল বিস্ফোরণ ও পরিবহনে অগ্নিসংযোগের যে ৩১টি ঘটনা নথিভক্ত করা হয়েছে, এগুলোতে মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃতদের পরিচয় জানতে চাইলে তিনিও বলেন, "সাধারণত নিষিদ্ধ সংগঠনগুলোই তো এই কাজগুলো করে থাকে। নাশকতা সৃষ্টি এবং জানমালের ক্ষতি সাধন করার জন্য। তবে পরিচয় নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষ করে বলা যাবে।"
পুলিশের ভাষ্য, এ ধরনের ঘটনা বেড়ে যাওয়ার কারণ শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন। জনমনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) কামরুন মুনিরা জানিয়েছেন, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, "স্বাভাবিক সময়ের তুলনায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মাঠপর্যায়েও প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।"
অভিযোগ অস্বীকার আওয়ামী লীগ নেতাদের
তবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছেন দলটির নেতারা। তাদের দাবি, আওয়ামী লীগকে বিতর্কিত করতে পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে দলটির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।
আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, "ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক ব্যক্তিদের কেউ কেউ নিজেদের বিএনপির কর্মী বলে দাবি করেছেন বলে বাংলাদেশের গণমাধ্যমেই খবর প্রকাশিত হয়েছে।"
"ওরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের সবাইকে গ্রেফতার করেছে, এত কিছু করেও জনগণের সমর্থন আওয়ামী লীগের উপর থেকে নিতে পারছে না। তাই, এখন আওয়ামী লীগকে আবার নতুন করে বদনাম করার জন্য তারা নিজেরাই হয়তো এগুলো করছে। নিজেদের লোকজনকে দিয়ে এগুলো করে দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে। তাদের তো এই স্বভাব আছে - অগ্নিসন্ত্রাস করে আগুন দিয়ে পেট্রোল বোমা দিয়ে মানুষকে মারা।"
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সঙ্গে এসব ঘটনার যোগসূত্র থাকার অভিযোগও নাকচ করেন তিনি। মি. আরাফাতের ভাষ্য, কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করার কোনো যৌক্তিকতা নেই।
তিনি দাবি করেন, শেখ হাসিনা জনগণের সমর্থন নিয়েই দেশে ফিরতে চান। বরং, তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন বলেই আওয়ামী লীগের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও।
তিনি বিবিসি বাংলাকে বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার পরও দলটির প্রতি মানুষের সমর্থন বেড়েছে। আর সেই সমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তার দাবি।