আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
বিজেপি সরকারের প্রথম ছ'মাসে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে যে পরিবর্তন
- Author, শুভজ্যোতি ঘোষ
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৮ মিনিট
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার শপথ নিয়েছিল গত নয়ই মে। সোমবার ওই সরকার ছয় মাস পূর্ণ করেছে। আর এই প্রথম ছ'মাসে রাজ্যে সবচেয়ে বড় যে পরিবর্তনটা দেখা যাচ্ছে তা সম্ভবত সাংস্কৃতিক ক্ষেত্রেই।
নির্বাচনের আগে রাজ্যে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি বা নারী নিরাপত্তার মতো ইস্যুতে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, তা পূরণ করার মতো যথেষ্ঠ সময় হয়তো তারা পায়নি – কিন্তু পশ্চিমবঙ্গে কৃষ্টি, শিক্ষা, ভাষা, উৎসব-পার্বণ ও বিভিন্ন ধর্মের সহাবস্থানে যে সার্বিক সংস্কৃতির একটি উদার পরিমন্ডল আছে বলে মনে করা হয়, সেখানে একটা পরিবর্তনের আভাস ইতোমধ্যেই দেখা যাচ্ছে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বৌদ্ধিক দখল নেওয়ার প্রয়াস থেকে বামপন্থীদের বইয়ের স্টলে হামলা, কিংবা দুর্গাপুজোয় রাজ্যবাসীর কী করা উচিত বা অনুচিত সেই ফরমান জারি থেকে মুসলিম জনগোষ্ঠীকে একটু একটু করে প্রান্তিক করে তোলার চেষ্টা – এই পরিবর্তন আসলে নানা ঘটনার মধ্যে দিয়েই প্রতীয়মান।
রাজ্যের সাংস্কৃতিক পরিমন্ডলে এই বদলটা ঠিক কী, কেন আর কীভাবে - কলকাতার নানা প্রান্তে ঘুরে সেটাই বোঝার চেষ্টা করেছি এই সরেজমিন প্রতিবেদনে।
যাদবপুরে 'শিকড় থেকে ওপড়ানোর' হুমকি
কলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী শপথ নেন গত নয়ই মে, সেদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ঠিক চার মাস বাদে, নয়ই সেপ্টেম্বর তিনি দক্ষিণ কলকাতার বুকে হিন্দু সন্ন্যাসীদের নিয়ে মিছিল করে এগোন শহরের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে – হুঙ্কার দেন প্রতিষ্ঠানটির বৌদ্ধিক ও রাজনৈতিক দখল নেওয়ার।
"যাদবপুরে যারা 'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দেন বা (মাওবাদী নেতা) কিষেণজীকে রেড স্যালুট দেন, সেই গ্যাং-কে কীভাবে শিকড় থেকে ওপড়াতে হয় সেটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানেন," ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে সে দিন ঘোষণা করেছিলেন শুভেন্দু অধিকারী।
পুজোর পর ক্যাম্পাসে ঢুঁ মেরে দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই ভাষণ আর মিছিলের অভিঘাত এখনও যাদবপুরে দিব্বি টের পাওয়া যাচ্ছে।
আর্টস ফ্যাকাল্টির সামনের আড্ডায় শিক্ষার্থীরা বলছিলেন, সন্ন্যাসীরা এসে ক্যাম্পাসের সামনে লাফঝাঁপ করছেন – বিজেপির ছাত্র সংগঠন এসে ইউনিভার্সিটির 'এমব্লেম' বা প্রতীক ভাঙছেন, অথচ ছাত্রদের ভালমন্দ নিয়ে সরকারের বিন্দুমাত্র মাথাব্যথা নেই।
কলা বিভাগের ছাত্র গৌরব বর্মনের কথায়, "বিরোধী মত আর কণ্ঠস্বরের এখন আর ন্যূনতম মর্যাদাটুকুও নেই। বিজেপি চাইছে সবাই তাদের কথা অনুযায়ী চলবে, তাদের পছন্দ মেনে খাবার খাবে বা পোশাক পরবে।"
নির্ভীক নামে তার এক বন্ধু আবার বললেন, "স্বাধীনতা সংগ্রামী সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার বা ভগৎ সিং-এর কথা তুলে দিয়ে সিলেবাস পাল্টে এখন আমাদের শুধু শ্যামাপ্রসাদ মুখার্জির কথা শেখানো হচ্ছে।"
রাজনীতি নিয়ে অত মাথা ঘামান না যে ছাত্রছাত্রীরা, তারাও রকমসকম দেখে একটু বিরক্ত বা হতাশ।
ফার্মাসির ছাত্রী শ্রীময়ী দেবনাথ বলছিলেন, "সনাতনী হিন্দুধর্মের দিকে এই সরকারের ঝোঁক বেশি, বোঝাই যাচ্ছে। কিন্তু সব সময় একদিক থেকে বিষয়গুলো দেখলে ব্যাপারটা ভাল নাও হতে পারে।"
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র সুদর্শন মুখার্জির আবার আক্ষেপ, "সব যেন অকারণে শান্ত হয়ে গেছে – আগের সেই হইহুল্লোড় বা 'ফান'টা আর নেই!"
এদিকে দুর্গাপুজোর সময়ই যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডে সিপিআইএমের বইপত্রের স্টলে বুলডোজার এনে তা ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছিল – তবে দলের কর্মীদের বাধায় তা প্রতিহত করা সম্ভব হয়েছিল।
কিন্তু পুজোর সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বামপন্থীদের বুকস্টলে হামলার ঘটনা ঘটেছে।
'ছাত্র আন্দোলনকে ঢাল করে এ সব চলবে না'
বিজেপি অবশ্য দাবি করছে জোর করে বিশ্ববিদ্যালয়ের দখল নেওয়া বা বইপত্র ছুঁড়ে ফেলার সংস্কৃতিতে তারা বিশ্বাস করে না।
রাজ্যে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বিবিসি বাংলাকে বলছিলেন, "আমরা কখনোই এই ধরনের জোর করে কিছু চাপিয়ে দেওয়ায় বিশ্বাসী নই। আমাদের বিচারধারার সঙ্গে এটা কখনোই যায় না।"
বামপন্থীদের পাল্টা দোষারোপ করে তার মন্তব্য, "শ্রেণিশত্রু নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গলা কেটে খুন করা হচ্ছে – এই যাদবপুরেই গোপালচন্দ্র সেনের সঙ্গে বামপন্থীরা সেই জিনিস করেছে। আমাদের কোথাও এমন কোনও রেকর্ড নেই।"
কিন্তু এটাও তো ঠিক, যাদবপুর বা প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ে একের পর এক হামলা চলছে – বইয়ের স্টল পর্যন্ত আক্রমণের মুখে পড়ছে?
দেবজিৎ সরকার দাবি করছেন, পশ্চিমবঙ্গে দুটো কারণে এই জিনিস ঘটছে।
"প্রথমত, বামপন্থীদেরই একটা গোষ্ঠী অন্য গোষ্ঠীর ওপরে আক্রমণ চালিয়ে বিজেপির ওপরে সেই দোষটা চাপানোর চেষ্টা করছে।"
"আর দুই, বামপন্থীরা এটাও বুঝেছেন যে ছাত্র আন্দোলনকে ঢাল করে তারা এতোকাল যে সব অনৈতিক ও রাষ্ট্রদ্রোহী কাজকর্ম চালিয়ে এসেছেন, তা আর চলবে না।"
"তাই তারা ক্ষোভে ফুঁসছেন," বলছিলেন মি সরকার।
চীনের দৃষ্টান্ত দিয়ে তিনি আরও মনে করিয়ে দিচ্ছেন, 'চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান' বলে যারা স্লোগান তুলতেন – তারা কী সে দেশের মাটিতে দাঁড়িয়ে 'চীন তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ' – এই কথা বলতে পারবেন?
বিজেপি মুখপাত্রের কথা থেকেই স্পষ্ট, তাদের বিরুদ্ধে সাংস্কৃতিক দখলদারির যাবতীয় অভিযোগের দায় তারা উল্টে বামপন্থীদের ঘাড়েই চাপাতে চাইছেন।
'এখন শুধু হিন্দু-মুসলিম, হিন্দু-মুসলিম হচ্ছে'
রাজ্যের শিক্ষাঙ্গনে শুধু নয়, সহিষ্ণুতার অভাব দেখা যাচ্ছে ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রেও – এমন কথাও আজকাল কান পাতলেই শোনা যাচ্ছে।
স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর বিসর্জনের আগে ঘোষণা করেছিলেন, "যারা সনাতন ধর্ম মানেন, তারাই শুধু প্রতিমাতে হাত দেবেন।" মানে, অহিন্দু-রা যেন দুর্গা প্রতিমা স্পর্শ না করেন।
ভারতের সাবেক সংস্কৃতি সচিব ও প্রাক্তন এমপি জহর সরকার শহর কলকাতার সুশীল সমাজের একজন সুপরিচিত প্রতিনিধি। তিনি মনে করছেন, বিজেপি আসলে 'বাংলাকে ঠিকমতো বুঝতেই পারেনি'।
মি. সরকার তার কলকাতার বাসভবনে বসে বিবিসিকে বলছিলেন, "বাংলা কখনো জাতপাত, ধর্ম নিয়ে ভাবেনি। আমরা বন্ধুদের সঙ্গে এক পাতে বসে এঁটো খেয়েছি, কখনো মাথাতেও আসেনি কে মুসলিম বা খ্রীষ্টান, কে কোন জাত।"
"এই যে আমাদের রাজ্যের মৌলিক মূল্যবোধগুলো, প্রথম দিন থেকেই শুভেন্দু অধিকারীর সরকার তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।"
শহরের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে টহল দিলেও বোঝা যায়, ধর্মীয় বিভাজনের একটা অদৃশ্য দেওয়াল যেন মাত্র ক'দিনেই খাড়া হয়ে গেছে। আগেও যে সেটা একেবারে ছিল না তা নয়, কিন্তু ইদানীং সেই দেওয়াল আরও উঁচু আর শক্তপোক্ত হয়েছে।
কলকাতায় এখনও বেকবাগান মসজিদের পাশেই পাড়ার 'সার্কাস স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি'তে কালীপুজোর প্রস্তুতির আড্ডা বসে।
তবে ঠিক পাশেই পার্ক সার্কাস এলাকার মুসলিম বাসিন্দারা জানান, এই শহরের নতুন ধরনধারন তাদের কাছে অচেনা ঠেকছে।
পেশায় ট্যাক্সিচালক রশিদ আহমেদের কথায়, "আমি তো সারা শহর ঘুরি, দেখছি এখন শুধু হিন্দু-মুসলিম হিন্দু-মুসলিম হচ্ছে। মুসলিম পাড়ায় লোকজন বিজেপির ঝান্ডা টাঙিয়ে দিয়ে বলছে, আমি কিন্তু বিজেপি করি!"
মুহাম্মদ সাব্বির আবার বলছিলেন, "বাংলায় আগে সবাই মিলেমিশে থাকত, হিন্দু-মুসলিম-শিখ। এখন কী হয়েছে, সব ভাগ হয়ে গেছে।"
"আমরা মুসলমান হতে পারি, কিন্তু আমরাও পুজো দেখতে যেতাম। প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরতাম পরিবার আর বাচ্চাদের নিয়ে। কিন্তু আমরা দেখলাম এ বছর আর পুজোয় যাওয়া যাবে না, কারণ আমাদের বারণ করা হয়েছে", জানান তিনি।
কী কথাবার্তা হচ্ছে, শুনতে বাইক থামিয়ে আলোচনায় যোগ দেন শেখ তৌফিক। সখেদে জানান, "এখন তো শুধু হিংসা আর হিংসা।"
"আগে তো আমরা গুজরাতিদের ডান্ডিয়াতেও যেতাম। কিন্তু এবারে শুভেন্দুদা বলে দিল, যাওয়া যাবে না – হিন্দু না মুসলিম, সেই পাস লাগবে!"
শিল্প-সাহিত্যের অঙ্গনেও 'রাষ্ট্রবাদী ভাবনা'
কালীপুজোর দু'দিন আগে কলকাতার রবীন্দ্র সদন-নন্দন চত্ত্বরে গিয়ে দেখা গেল, একঝাঁক শিল্পী-সাহিত্যিক-সংস্কৃতি কর্মী 'একতারা মঞ্চে'র প্রাঙ্গণে গোল করে ঘিরে বসে খোলা আকাশের নিচে আলোচনায় বসেছেন।
নতুন জমানায় 'রাষ্ট্রবাদী ভাবনা'কে কী ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে প্রতিফলিত করা যায়, সেটাই ছিল তাদের আলোচনার বিষয়বস্তু।
সাহিত্যিক সৌমিত্র রায় বলছিলেন, "এই ঋষি পরম্পরার দেশ আর মনীষীদের বিচরণভূমি বাংলায় তাদের ভাবধারাকে সাহিত্যের মধ্যে নিয়ে এলেই আমরা আমাদের হৃতগৌরব ফিরে পাব।"
সাংস্কৃতিক কর্মী তাপসী আচার্য আবার মনে করেন, বিগত জমানার দুর্নীতিকে সরিয়ে নতুনভাবে সংস্কৃতি চর্চার সময় এসেছে এখন।
পাশ থেকে মৌসুমী ভট্টাচার্য যোগ করেন, "একটা পরিবর্তনের ঢল নেমেছে। এত তাড়াতাড়ি হয়তো সব কিছু ঠিক করা সম্ভব নয়, কিন্তু মনে হয় ভালোর দিকেই যাচ্ছে।"
সংগঠক রতন বোস বলছিলেন, বামফ্রন্ট আর তৃণমূল শাসনের 'ডুবন্ত জাহাজ' থেকে পশ্চিমবঙ্গ এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে। লেখক ফাল্গুনী ঘোষ আবার জোর দিলেন, কলকাতার বাইরে জেলা থেকেও শিল্পী-সাহিত্যিক-কবিদের তুলে আনার ওপরে।
বোঝা যাচ্ছে, কলকাতার সাহিত্য-সংস্কৃতির অঙ্গনেও এখন নতুন একটা ভাবনার প্রাধান্য – যারা বিগত বহু বছর নিজেদের কোণঠাসা মনে করছিলেন তারা এখন ভাবছেন পশ্চিমবঙ্গের চিন্তা আর মননে একটা পরিবর্তন আসতেই পারে।
কিন্তু উদার, প্রগতিশীল, মুক্তচিন্তার পীঠস্থান হিসেবে পশ্চিমবঙ্গ তথা কলকাতার যে পরিচিতি – নতুন সরকারের পদক্ষেপগুলো তাতেও কি কোনও দিকবদলের ইঙ্গিত দিচ্ছে?
রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়াকে জহর সরকারের মতো কেউ কেউ আবার ব্যাখ্যা করছেন হিন্দি আধিপত্যবাদের রাজনীতির প্রসার হিসেবে।
মি. সরকার বিবিসিকে বলছিলেন, "শুভেন্দুকে ক্ষমতায় বসিয়েছেন উত্তর ভারতের কিছু হিন্দিভাষী নেতা, এ কথা উনি কিছুতেই অস্বীকার করতে পারবেন না। এই হিন্দিভাষী নেতারা সারা ভারতে হিন্দু ও হিন্দির আধিপত্য প্রতিষ্ঠায় বিশ্বাস করেন।"
"ফলে বাংলার মানুষ কী ভাবছে তা তার ভাবনাতেই নেই। তিনি তার গদি রক্ষার উদ্দেশ্যে এই হিন্দিভাষী বসদের খুশি করার জন্য যা করা দরকার ঠিক সেটাই করে চলেছেন।"
দুর্গাপুজোর ঠিক আগে যেভাবে হিন্দি বলয়ের একজন ধর্মগুরু রাজ্যে এসে পুজোর সময়ে নিরামিষ খাওয়ার নিদান দিয়েছিলেন – কিংবা পুজোয় স্টল দিয়ে বামপন্থীদের বই বিক্রিতে সরকার বাদ সেধেছিল, এই 'পুজোয় কী করা যাবে আর কী যাবে না'-র তালিকা তৈরিও মুখ্যমন্ত্রীর সেই প্রয়াসেরই অংশ বলে মনে করেন জহর সরকার।
তবে তিনি একই সঙ্গে মনে করেন – এই সব ফরমানের প্রতিটাই রাজ্যের বাঙালিরা অগ্রাহ্যে চুরমার করে দিয়েছে, যে কারণে এবারের পুজোয় নাকি 'মাটন রোল আর বিরিয়ানির রেকর্ড বিক্রি হয়েছে'।
'পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল হিন্দুদের জন্য'
তবুও যে শহর একদিন নিজামের বিফ রোলের জন্য বিখ্যাত ছিল, সেই শহরের কোনো রেস্তোরাঁয় এখন বিফ মেলাই দায়। বন্ধ হয়ে গেছে রেড রোডে ঈদের নামাজও।
পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম বিজেপি সরকারের শাসনে রাজ্যের প্রায় তিরিশ শতাংশ মুসলিম জনগোষ্ঠীকে কি তাহলে ক্রমশ প্রান্তিক করে তোলা হচ্ছে? বিজেপি নেতৃত্ব এ প্রশ্নের উত্তর দিচ্ছেন একটু ঘুরিয়ে।
রাজ্যে দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, "পশ্চিমবঙ্গে গোমাংস ব্যান করা হয়নি … এখনো পর্যন্ত। কিন্তু যত্রতত্র যেভাবে খুশি গোমাতাকে কাটা, গো-নিধন করা চলবে না।"
"এই ব্যাপারে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট আইন আছে, সেই আইন মেনে সব কিছু করতে হবে। তাহলে অসুবিধা নেই।"
সেই সঙ্গেই তিনি বলছেন, রাজ্যে সংখ্যালঘুদের অধিকার নিশ্চয়ই থাকবে – কিন্তু পশ্চিমবঙ্গে মুসলিমদের বিজেপি সংখ্যালঘু বলে মনেই করে না। যারা রাজ্যের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ, বিজেপির দৃষ্টিতে তারা হলেন 'দ্বিতীয় বৃহত্তম সংখ্যাগুরু'।
"শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিষ্টানরা হলেন এ রাজ্যের প্রকৃত সংখ্যালঘু – মুসলিমরা নন।"
"আর আমরা দুটো-তিনটে জিনিস কিছুতেই ভুলতে পারি না। প্রথমত, দেশভাগের সময়ে পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের জন্য তৈরি হয়নি – ভাষার ভিত্তিতে ভারতে রাজ্য পুনর্গঠন অনেক পরের ব্যাপার।"
"১৯৪৭ সালের ২০শে জুন প্রাদেশিক আইনসভার ভোট কিন্তু এখানে একটি হিন্দু হোমল্যান্ড গড়ার পক্ষেই রায় দিয়েছিল," বলছেন দেবজিৎ সরকার। এতদিন বাদে পশ্চিমবঙ্গে অবশেষে সেই প্রক্রিয়া সত্যি সত্যি শুরু হয়েছে বলে মনে করছেন তারা।
ভারতের স্বাধীনতার সময়ে নোয়াখালী-কুমিল্লা-বরিশাল-রাজশাহী থেকে লক্ষ লক্ষ মানুষ 'কাদের আক্রমণ থেকে বাঁচতে প্রাণ নিয়ে পালিয়ে এসেছিলেন', আজ সেই প্রশ্ন তোলাটাও কোনও সাম্প্রদায়িকতা নয় বলেই মনে করে বিজেপি।
"হ্যাঁ, রাজ্যের তিরিশ শতাংশ মানুষকে আমরা অস্বীকার করছি না, করা যায়ও না।"
"কিন্তু তাদেরকে আমরা এটাও বলছি না যে আমাদেরকে ভোট দিতে হবে। আপনারা যাদের খুশি ভোট দিন – কিন্তু এই তিরিশ শতাংশ মানুষকে এটাও বলব যে আপনারা একবার আয়নার সামনে দাঁড়ান, বাস্তবতাটা চোখ মেলে দেখুন," বলছেন দেবজিৎ সরকার।
পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার যে সবার আগে 'হিন্দু হোমল্যান্ড' গড়ার জন্যই কাজ করবে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য দলীয় নেতৃত্ব কোনো রাখঢাক করছে না – আর তার মধ্যে দিয়েই শুরু হয়েছে রাজ্যের নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক বিনির্মাণ।