শেখ হাসিনার আবেদনের বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবির উৎস, Home Ministry
সাবেক প্রধানমন্ত্রী ও পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ও পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “আমিও বিষয়টি শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এর সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।”
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না, ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইন-কানুন সব দেখে তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

