দেশে ফিরতে দিল্লিতে পাসপোর্ট ও এনআইডির জন্য শেখ হাসিনার আবেদন

ছবির উৎস, Getty Images
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে।
এই তথ্য বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতা নিশ্চিত করেছেন। সেই আবেদনের একটি কপি বিবিসি বাংলার হাতেও রয়েছে।
আওয়ামী লীগের নেতারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনা এই আবেদনটি করেছেন।
সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সও শেখ হাসিনার আবেদন করার খবর দিয়েছে।
দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে জানিয়েছেন, "ম্যাটিক্স চেম্বারস নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে বাংলাদেশের ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত চাওয়ার আবেদন এসেছে। আদৌও আবেদনটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।"
২০২৪ সালের পাঁচই অগাস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন।
গত কয়েক মাস আগে তিনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা ও তাদের দলীয় নেতাকর্মীরা বলছেন যে, ডিসেম্বরেই শেখ হাসিনা দেশে ফিরবেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। এ জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন বলে তিনিও গণমাধ্যমের মারফত জানতে পেরেছেন।
এমন পরিস্থিতির মধ্যেই শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের বিষয়টি সোমবার নতুন করে সামনে এলো।
সোমবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, "দুই বছরের বেশি সময় আগে গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ"।

ছবির উৎস, Getty Images
পাসপোর্টের আবেদনে কী লিখেছেন আইনজীবী?
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
২০২৪ সালের পাঁচই অগাস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার পর ওই বছরের অগাস্টের শেষের দিকেই তার কূটনৈতিক লাল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার।
পরে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতার পাসপোর্ট বাতিল করা হয়।
চলতি বছর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর তার পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ তার কাছে বৈধ কোন পাসপোর্ট নেই।
এমন প্রেক্ষাপটে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক ল' ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।
চিঠিতে বলা হয়, "আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।"
শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
চব্বিশের জুলাই ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের ১৯শে নভেম্বর পর্যন্ত ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা রয়েছেন ৪৫৩টি।
বিগত অন্তর্বর্তী সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধের দায়ে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজাও রয়েছে।

ছবির উৎস, Getty Images
বাংলাদেশ সরকারের অবস্থান কী?
এরই মধ্যে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দেশের বাইরে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা তৎপর হয়েছেন বলে তাদের অনেকে বলছেন।
গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল করতেও দেখা গেছে।
কিন্তু প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে তিনি আসলে দেশে ফিরবেন কি না, এমন সন্দেহ প্রকাশ করছেন তার রাজনৈতিক প্রতিপক্ষরা।
প্রশ্ন হচ্ছে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা সত্যিই দেশে ফেরার চেষ্টা করবেন কি-না এবং তখন বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরতে দেবে কি-না?
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পর বিএনপি সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে কয়েকদফায় আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সরকার তাকে ফেরত আনতে চায়।
তার দেশে ফেরার আলোচনায় তার পাসপোর্ট ইস্যুটি নিয়ে গত কয়েকদিনে নানা আলোচনাও হয়েছে।
গত বৃহস্পতিবার ঢাকায় একটি ব্রিফিংয়ে বিএনপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, "শেখ হাসিনা কি শ্বশুর বাড়িতে বেড়াইতেআসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে"।
তিনি এ- ও বলেছেন, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। সন্ত্রাসী বা অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না। এটি হস্তান্তরের বিষয়।
সেখানে তিনি আরও বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে ফেরত আনার উদ্যোগ নেবে বাংলাদেশ।
মি. কবির বলেছেন যে, চুক্তির আওতায় প্রতিষ্ঠিত বিচারিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

হাসিনা কি সত্যিই ফিরতে চান?
তিনি নিজেই কয়েকদফা এই ঘোষণা দিয়েছেন যে, ডিসেম্বরেই দেশে ফিরবেন। যদিও তিনি মৃত্যুদণ্ডের সাজা, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকির বিষয়ও তুলে ধরেছেন।
তার সেই ঘোষণার পর থেকে দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা কিছুটা উদ্বুদ্ধ হয়েছেন বলে বিশ্লেষকেরা মনে করেন। ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল বেড়েছে বলেও দৃশ্যমান হচ্ছে।
এতে গ্রেফতারের সংখ্যাও বাড়ছে। এ নিয়ে বিএনপিসহ বিভিন্ন দলের নেতারাও নেতিবাচক নানা বক্তব্যে দিচ্ছেন। যেমন তারা বলছেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের বড় নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে রয়েছেন। সেখানে শেখ হাসিনার ফেরার কথা বলে দেশে থাকা নেতা-কর্মীদের বিপদে ফেলেছেন।
তবে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের একজন নেতা বিবিসিকে বলেছেন, তাদের নেত্রীর বয়স এখন প্রায় আশি বছর। এই বয়সে তিনি লম্বা সময় রাজনীতিতে সক্রিয় থাকতে পারবেন না। ফলে তিনি এখন দেশের ভেতরে রাজনীতিতে ফিরতে যে কোনো ঝুঁকি নিতে চান।
বিদেশে অবস্থানরত দলটির অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন তাদের নেত্রী।
আর সেজন্য সারাদেশে তাদের দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
মি. আরাফাত মনে করেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরত নেওয়া বিএনপি সরকারের জন্য বেশ কঠিন। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।









