আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ , নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

    জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা খুব বেশি বলে প্রাথমিক তদন্ত রিপোর্টে পাওয়া গেছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে এই কথা জানান তিনি।

    মিজ তাবাসসুমের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুয়াপুর ইউনিয়নের ভাগোয়ান গ্রামে বুধবার রাত ১২টা ২০ মিনিটে ঘটনা ঘটেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    মি. আহমদ বলেন, “মাননীয় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধাপাকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার ২০ মিটার দূরে তার বাবা-মা একটা তিনতলা বাড়িতে অবস্থান করেন। এই বাড়িতে কেউ থাকে না। দুটো ছাগল ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল।”

    বৃহস্পতিবার এডিশনাল এসপি, ওসি এবং সকালে এসপিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে সংসদে জানান স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    এছাড়া সীমান্তবর্তী এলাকা হওয়াতে বিজিবিও সেখানে গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পাশের থানা থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়েছে।

    “এখানে যে কথাগুলো আসছে যে আগুন লাগানোর, আগুন লেগেছে না লাগিয়েছে এটা তদন্ত করতে আমি অলরেডি নির্দেশ দিয়েছি যৌথ টিমের। এখানে বিজিবি থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে এবং সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন থাকবে যৌথভাবে যেহেতু একজন সংসদ সদস্যের বাড়ি পরিত্যক্ত হলেও তার অধিকারের বাড়ি,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    অগ্নিকাণ্ডের ঘটনায় বিজিবির দেওয়া প্রতিবেদন পড়ে তিনি জানান, আলামত, স্থানীয় জনগণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার সাথে আলোচনা করে বিজিবি এই মূল্যায়ন দিয়েছে।

    “পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোন শব্দ পাওয়া যায়নি। বাড়ির দেওয়ালে পেট্রোল বোমার কোন চিহ্ন পাওয়া যায়নি। কোন সাক্ষীর নিকট হতে পেট্রোল বোমার কোন তথ্য পাওয়া যায়নি। তবে, মোটামুটিভাবে এখনো ধারণা করা হচ্ছে, এখানে পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি,” জানান স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    এ সময় কিছু নথি তুলে ধরে মি. আহমদ বলেন, “তাতে দেখা যাচ্ছে পুরাতন বাড়ি হওয়ায় এখানে ইলেক্ট্রিক ওয়ারিংয়ের দুর্বলতা ছিল। একটা ছবিতে দেখা যাচ্ছে, এখানে অনেকটা শর্ট সার্কিটের মতো ঘটনা হতেও পারে। এটা অনুমাননির্ভর, তদন্ত সাপেক্ষে পূর্ণাঙ্গ বক্তব্য দেওয়া যাবে।”

    “তবে এখানে কেউ যদি নাশকতামূলক কোন কর্মকাণ্ড করে থাকে সেটা অধিকতর তদন্তের মাধ্যমে যদি প্রকাশ হয় আমরা সেভাবে ব্যবস্থা নেব,” বলে জানান মি. আহমদ।

    এই ঘটনায় একটি সাধারণ ডায়েরি করার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  2. নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ নাহিদ ইসলামের

    এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জাতীয় সংসদ অধিবেশনে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    বৃহস্পতিবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে জানান, এই সরকারের কাছে কোন জবাব আশা করেন না তিনি।

    তিনি বুধবার রাতের ঘটনার কথা উল্লেখ করে, এই ঘটনায় পেট্রল বোমা ব্যবহৃত হয়নি বলে সংশ্লিষ্ট থানার ওসির বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম।

    “সেই থানার যে ওসি উনি কমেন্ট করেছেন যে, ওখানে কোনো পেট্রল বোমার আলামত পাওয়া যায়নি। আমি নিজে এসপির সাথে কথা বলেছি, সেখানে কোন ফরেনসিক টিম যায়নি, দুপুর পর্যন্ত। কোনো ফরেনসিক ইনভেস্টিগেশন ছাড়াই তারা বলে দিচ্ছে যে সেখানে কোনো পেট্রল বোমা মারা হয়নি” বলেন মি. ইসলাম।

    একইসঙ্গে, এনসিপির আরেক নেতা হাসিব ইসলামের ওপর হামলার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও একজনও গ্রেফতার হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

    এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, “মাননীয় সংসদ সদস্যদের বাড়িতে আগুন লাগানোর পরেও আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলা যাবে কি না, আজকে এই প্রশ্নটাই করতে এসেছি?”

  3. সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা

    সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, ব্যক্তিগত গোপনীয়তা ও নাগরিক অধিকার সুরক্ষার ক্ষেত্রে বেশ কিছু উদ্বেগজনক বিধান রয়ে গেছে বলে মনে করছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

    এ ধারাগুলো সংশোধনের আহ্বান জানিয়েছে এই মানবাধিকার সংগঠনটি।

    এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, "বিশেষ করে আইনের ৮(২), ২৫ক, ২৫খ, ২৬ক, ২৯, ৪৬ ও ৪৬ক ধারাসহ তদন্ত, তল্লাশি, জব্দ ও গ্রেফতার সংক্রান্ত বিধানগুলো যথাযথভাবে পর্যালোচনা ও সংশোধন করা প্রয়োজন। এইচআরএসএস মনে করে, সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নামে যেন নাগরিকের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।"

    এইচআরএসএসের পর্যবেক্ষণ অনুযায়ী, "প্রথমত, ৮(২), ৮(৩) ও ৮(৪) ধারা: অনলাইন কনটেন্ট ব্লক ও অপসারণের ক্ষেত্রে নির্বাহী কর্তৃপক্ষের ক্ষমতা এবং পরবর্তী প্রতিকারব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে।"

    যথাযথ বিচারিক তদারকি ছাড়া কোনো কনটেন্ট অপসারণ বা ব্লক করার সুযোগ থাকলে তা মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার বাধাগ্রস্ত করতে পারে বলে মনে করছে এই মানবাধিকার সংগঠনটি।

    এছাড়া আরো বেশ কিছু ধারা নিয়ে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি।

    এর মধ্যে, সাইবার সুরক্ষা আইনের ২৫ক ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

    সংগঠনটি বলছে, "সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার প্রস্তাব সাংবাদিকতা, অনুসন্ধানী প্রতিবেদন, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশ এবং সরকারের সমালোচনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলার ঝুঁকি তৈরি করতে পারে। মানহানির ক্ষেত্রে ফৌজদারি শাস্তির পরিবর্তে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।"

    প্রস্তাবিত আইনের সব বিতর্কিত ধারা সংবিধানের ৩৯ অনুচ্ছেদ এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদ ও আইসিসিডিআর এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে সংশোধন করার আহ্বান জানিয়েছে এইচআরএসএস।

    একইসঙ্গে, সাইবার স্পেসে মানহানির ফৌজদারি বিধান বাদ দিয়ে দেওয়ানি প্রতিকারকে অগ্রাধিকার এবং জনস্বার্থে প্রকাশিত সংবাদ, তথ্য ও সমালোচনার সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।

  4. বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে পাকিস্তান

    অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে নয় উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।

    ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

    ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলীয় রান একশ হওয়ার আগেই হারায় পাঁচটি উইকেট।

    ব্যাটিং ব্যার্থতায় মাত্র ৩১ ওভার চার বলে ১৩৮ রানেই সবগুলো উইকেট হারায় বাংলাদেশ। সর্বোচ্চ ৫০ রান করেন আবদুল্লাহ আল মুহি।

    লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে পাকিস্তান, প্রথম উইকেট জুটিতেই ১২৩ রান করেন উসমান খান ও হায়াম খান।

    একটি ছক্কা ও আটটি চারের সাহায্যে ৬৯ রান করেন হায়াম খান, অন্যদিকে উসমান খান করেন ৬৪ রান।

    ২১ ওভার পাঁচ বলে মাত্র একটি উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

    এদিকে, সেমিফাইনালের অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে ভারত।

  5. শাপলা চত্বর হত্যাকাণ্ডে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন

    তেরো বছর আগে হেফাজতে ইসলামের সমাবেশে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানিয়েছে প্রসিকিউশন।

    বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই আবেদন জানান।

    বৃহস্পতিবার এই মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

    ২০১৩ সালের পাঁচ ও ছয়ই মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে ঢাকার মতিঝিলে শাপলা চত্বর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামে ৬১ জনকে হত্যার অভিযোগে মামলাটি করা হয়।

  6. এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর থেকে শুরু

    এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হচ্ছে আগামী পহেলা ডিসেম্বর।

    বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

    সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী পহেলা ডিসেম্বর থেকে ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলবে।

    সকালের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায় এবং বিকেলের পরীক্ষা শুরু হবে দুপুর দুইটায়। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে।

    এই পরীক্ষার রুটিন অনুযায়ী, পহেলা ডিসেম্বর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হবে। বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে দোসরা ডিসেম্বর।

    এছাড়া, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা ডিসেম্বর। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা হবে পাঁচই ডিসেম্বর। সবশেষে অর্থনীতি ও আরবি পরীক্ষার মধ্য দিয়ে ১৫ই ডিসেম্বর লিখিত পরীক্ষা শেষ হবে।

    এছাড়া, ১৫ই ডিসেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

  7. বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তিনি বলেছেন, "সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।"

    বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

    বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর প্রকাশ করেছে।

    এ সময়ে তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।

    প্রধানমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

  8. সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তায় আপোস নয়: পাকিস্তানের সামরিক মুখপাত্র

    সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনার পর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।

    সৌদি আরবের বিমানবন্দর, শহর এবং বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার নিন্দা জানান তিনি।

    তার মতে, এসব হামলা সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত। একইসঙ্গে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি এসব হামলা।

    তিনি বলেন, সৌদি আরব এবং পবিত্র দুই মসজিদের নিরাপত্তা নিশ্চিত করা পাকিস্তানের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ বিষয়ে পাকিস্তান কোনো আপস করবে না।

    তবে একইসঙ্গে সংঘাত কমানো, সংযম দেখানো এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি। কারণ নতুন করে যুদ্ধ বা সংঘাত শুরু হলে সেটি কোনো পক্ষের জন্যই ভালো হবে না।

    তিনি জানান, পাকিস্তানের সেনা সদস্যরা আগে থেকেই সৌদি আরবে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

    ইরানের সঙ্গে যোগাযোগের বিষয়ে পাকিস্তানের এই সামরিক মুখপাত্র বলেছেন, গত ২৬শে অক্টোবর তেহরানে মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের প্রতিনিধিদের সঙ্গে ইরানের কর্মকর্তাদের বৈঠক হয়েছিল।

    এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং দেশগুলোর মধ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার পথ তৈরি করা।

    মক্কা জোট ও প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানের সামরিক এই মুখপাত্র মি. চৌধুরী বলেন, গত বছর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে একটি যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি ঘোষণা করা হয়েছিল। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতার একটি কাঠামো তৈরি হয়েছে।

    তিনি আরো বলেন, পাকিস্তান-সৌদি আরবের প্রতিরক্ষা চুক্তি এবং মক্কা যৌথ প্রতিরক্ষা জোট,দুইটিই সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে গঠিত। কোনো দেশের বিরুদ্ধে আক্রমণ চালানোর উদ্দেশ্য এই দুই জোটের নেই।

    পাকিস্তানের সামরিক মুখপাত্রের মতে, ভবিষ্যতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক নিজেদের যৌথ প্রতিরক্ষা সক্ষমতা, সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে চায়।

  9. গতকাল বুধবারের উল্লেখযোগ্য কিছু ঘটনা:

    • দেশের তিন পার্বত্য জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে।
    • উপহারের নামে ঘুষ লেনদেনের মত অপরাধকে বৈধতা দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি।
    • নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
    • বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে আছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • হামের উপসর্গ নিয়ে সারা দেশে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
    • সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭৮ জনে।
    • ২০২৭ সালে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নিয়মে বেশ কিছু পরিবর্তন এনে নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
    • রেভল্যুশনারি গার্ডসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পদক্ষেপের জবাবে, আর্জেন্টিনার নৌবাহিনী এবং বিমানবাহিনীকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে ঘোষণা করেছে ইরান।
  10. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন: