শেখ হাসিনার এনআইডি কি বাতিল হয়েছিল?

ছবির উৎস, Getty Images
- Author, মুকিমুল আহসান
- Role, বিবিসি নিউজ বাংলা
- Published
- পড়ার সময়: ৬ মিনিট
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে সোমবার। লন্ডনভিত্তিক একটি ল' ফার্মের মাধ্যমে এজন্য একটি ইমেইল পাঠানো হয়।
পাসপোর্ট ও এনআইডির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই আবেদনের সত্যতা যাচাই করছে।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদনটি করেছেন, সেটির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।
২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন।
চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত কয়েক মাস বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেন। এরপর থেকেই তিনি দেশে ফিরবেন কি-না সেটি নিয়ে নানা কৌতূহল ও আগ্রহ দেখা যাচ্ছিল বাংলাদেশের রাজনীতিতে।
এমন অবস্থার মধ্যেই একটি ল' ফার্মের মাধ্যমে পাসপোর্ট ও এনআইডি বিষয়ে শেখ হাসিনার আবেদনের পর বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সোমবার শেখ হাসিনাকে 'সন্ত্রাসী' বর্ণনা করে বাংলাদেশ থেকে তাকে পাসপোর্ট বা এনআইডি দেওয়া হবে না বলে জানিয়েছেন।
২০২৪ সালের অগাস্টে গণঅভ্যুত্থানের পরপরই শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টটি বাতিলের সিদ্ধান্ত নেয় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। গত বছর এপ্রিলে শেখ হাসিনাসহ পরিবারের দশ সদস্যের এনআইডি লক বা স্থগিত করা হয়।
আইন ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কারো পাসপোর্ট বাতিল হলে বাংলাদেশের আইন অনুযায়ী নতুন আবেদন করতে হয়। তবে কোনো নাগরিক মারা গেলেই শুধুমাত্র তাদের এনআইডি বাতিল করা যায়।
তারা বলছেন, শেখ হাসিনার এনআইডি লকড অবস্থায় রয়েছে। যে কারণে সরকার শেখ হাসিনার নতুন করে এনআইডি আবেদনের সুযোগ বা প্রয়োজন কোনটিই নেই।

ছবির উৎস, Getty Images
এনআইডি লক করা হয়েছিল যেভাবে
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
২০২৪ সালের ৫ই অগাস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারত যাওয়ার পর থেকেই সেখানে অবস্থান করছেন।
এর কয়েকদিনের মাথায় তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে, শেখ হাসিনার লাল পাসপোর্টও বাতিল করা হয়।
পরের বছর ২০২৫ সালের ১৬ই ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শাখা হাসিনা ও তার পরিবারের নয় সদস্যের এনআইডি কার্ডগুলো লক বা স্থগিত করে দেয়। এর মানে হলো, তিনি এনআইডি ব্যবহার করে কোনো কাজ করা বা সেবা নিতে পারবেন না।
এনআইডি লক করার আগে হাসিনা ও শেখ পরিবারের ব্যক্তিদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছিল বাংলাদেশ ব্যাংক।
ওই সময়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর করা হয় বলেও সে সময়ের গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়।
ওই সময় শেখ হাসিনা ছাড়াও অন্য যাদের এনআইডি লক করা হয়েছিল তারা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিক।
তবে, ওই সময় নির্বাচন কমিশন কেন শেখ হাসিনা ও তার পরিবারের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি লক করেছিল সেই তথ্য নির্বাচন কমিশন জানায়নি।
নির্বাচন কমিশনের এনআইডি শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তখন নির্বাচন কমিশনের মৌখিক নির্দেশে শেখ হাসিনাসহ দশজনের এনআইডি ব্লক করা হয়েছিল। তবে কী কারণে লক করার নির্দেশ দেওয়া হয়েছিল সেটির কোনো কারণ ওই কর্মকর্তা জানাতে পারেননি।
মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বিবিসি বাংলাকে বলেন, "বিভিন্ন কারণেই নির্বাচন কমিশন যে কারো জাতীয় পরিচয়পত্র লক বা ব্লক করতে পারে। এক্ষেত্রে আদালত বা দুদকের নির্দেশনা কিংবা ইসি স্বীয় বিবেচনায় এনআইডি 'লকড' করতে পারে।
তাহলে শেখ হাসিনার এনআইডি কোন নির্দেশনায় লক করা হয়েছিল সেই বিষয়টি তিনি স্পষ্ট করতে চাননি।
ইসির এনআইডি শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সে সময় থেকেই এখন পর্যন্ত শেখ হাসিনার এনআইডি লকড অবস্থায়ই রয়েছে।

ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN
নতুন এনআইডির আবেদন কতটা জরুরি?
সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীরা ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার জন্য যে পাসপোর্টের পাশাপাশি নতুন এনআইডি ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন করেছেন।
বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আইন অনুযায়ী, কোনো ব্যক্তির একবার এনআইডি পাওয়ার পর নতুন করে আবেদন করার সুযোগ নেই।
ইসির এনআইডি শাখার একজন কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন, শেখ হাসিনার নামে যে জাতীয় পরিচয়পত্রটি ছিল সেটি বাতিল করা হয়নি। শুধুমাত্র নির্বাচন কমিশনের নির্দেশে লক বা ব্লকড অবস্থায় রয়েছে। এক্ষেত্রে শেখ হাসিনা নতুন করে এনআইডির আবেদন করেও লাভ নেই। কেননা তার এনআইডি বাতিল করেনি ইসি।
তাহলে আইনজীবীদের মাধ্যমে যে শেখ হাসিনা নতুন এনআইডির আবেদন করেছেন সেই বিষয়ে ইসির অবস্থান জানতে চাওয়া হয়েছিল সচিবের কাছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই প্রশ্নের উত্তরটি দিয়েছেন ভিন্নভাবে।
বিবিসি বাংলাকে তিনি বলেছেন, "কারো এনআইডি লকড থাকা মানে তার এনআইডির কার্যকারিতা স্থগিত রাখা। লক চলে গেলে আবার এনআইডি অ্যাক্টিভ হয়ে যাবে"।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, কোন ব্যক্তির নামে একটি এনআইডি থাকলে তিনি যদি মারা না যান কিংবা নাগরিকত্ব ত্যাগ না করেন তাহলে তার এনআইডি বাতিল হয় না। আবার কেউ যদি একবার ভোটার হন বা একটি এনআইডি বিদ্যমান থাকে তাহলে নতুন করে আরেকটি এনআইডির আবেদনও করা যায় না।
এনআইডির সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বিবিসি বাংলাকে জানান, শেখ হাসিনার নামে যেহেতু একটি এনআইডি আছে এবং সেই এনআইডিটি বাতিল করা হয়নি, সে কারণে তিনি নতুন করে আবেদন করলেও তাকে আবার এনআইডি দেওয়ার সুযোগ নেই।
সোমবারই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে বলেছেন, এক সময় তারা (বিএনপি সরকার) বলতো শেখ হাসিনা দেশে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। অথচ সরকার তাকে দেশে ফিরতে দিতে কোন সহযোগিতা করছে না। তাকে এনআইডি, পাসপোর্ট বা ট্রাভেল পাস দিতে বাধা দেওয়া হচ্ছে।
End of বিবিসি বাংলার অন্যান্য খবর

ছবির উৎস, Getty Images
শেখ হাসিনা নতুন পাসপোর্ট পাবেন?
গত বছরের জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেখ হাসিনার কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করা হয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, পাসপোর্টের মাধ্যমে বাংলাদেশ থেকে দেশের বাইরে যাওয়া এবং দেশে ফিরে আসা যেকোনো নাগরিকের মৌলিক অধিকার।
বাংলাদেশের ১৯৭৩ সালের পাসপোর্ট আইন অনুযায়ী নাগরিকদের পাসপোর্ট প্রদান, বাতিল এবং এ সংশ্লিষ্ট অন্যান্য সিদ্ধান্ত নেয়া হয়।
সেখানে বলা হয়েছে, নৈতিক স্খলনজনিত কারণে পাসপোর্টধারী ব্যক্তি দুই বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তার পাসপোর্টও বাতিল করতে পারে সরকার।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলাম একটি ব্রিফিংয়ে বলেছেন, আইন অনুযায়ী কোনো আসামি বিচার প্রক্রিয়া এড়িয়ে গেলে বা পলাতক থাকলে তার পক্ষে কোনো পাসপোর্ট ইস্যু করা যাবেনা।
সোমবারই পাসপোর্টের জন্য শেখ হাসিনার চিঠির বিষয়টি সামনে আসার পর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে শেখ হাসিনার এই আবেদনটির কোন কার্যকারিতা নেই আইন অনুযায়ী।
এর ব্যাখ্যায় ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম বিবিসি বাংলাকে বলেন, "যেহেতু তার সাজা মৃত্যুদণ্ড হয়েছে, আইন অনুযায়ী শেখ হাসিনা আর বাংলাদেশি পাসপোর্ট পাবেন না। সুতরাং নতুন পাসপোর্টের জন্য তার যে আবেদন সেটি একটি ব্যর্থ আবেদন"।
আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী নাগরিকদের এনআইডি ও পাসপোর্ট প্রাপ্তির মতো নাগরিক অধিকারগুলো রয়েছে। তবে, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ক্ষেত্রে এই সুযোগ কিছুটা সীমিত।









