দুধের দাম বাড়াল ভারতের দুই বড় সংস্থা; কেন এই মূল্যবৃদ্ধি?

ছবির উৎস, NurPhoto via Getty Images
দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই নামকরা ডেয়ারি সংস্থা আমূল ও মাদার ডেয়ারি। ১২ই নভেম্বর থেকে টোনড মিল্কের দাম লিটার প্রতি ভারতীয় টাকায় দুই টাকা এবং ফুল ক্রিম দুধের দাম চার টাকা বেড়েছে।
চলতি মাসের শুরুতেই দাম বাড়িয়েছে কর্ণাটক মিল্ক ফেডারেশনও। নন্দিনী ব্র্যান্ডের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে কর্ণাটক মিল্ক ফেডারেশন (কেএমএফ)। নন্দিনী ব্র্যান্ড দুধের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানোর পাশাপাশি, বেশ কয়েকটা দুগ্ধজাত পণ্যের দামও বাড়িয়েছে সংস্থাটি। ।
এবার আমূল ও মাদার ডেয়ারির তরফেও দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশ্যে এসেছে।
মাদার ডেয়ারির প্যাকেটজাত টোনড মিল্কের (ফ্যাট ছাড়া) দাম লিটার প্রতি ৬০ ভারতীয় টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। আর ফুল ক্রিম (ফ্যাট যুক্ত) দুধের দাম প্রতি লিটার ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা করা হয়েছে।
একই পথে হেঁটে আমূলও তাদের টোনড মিল্ক 'আমূল তাজা'-র দাম লিটার প্রতি দুই টাকা এবং ফুল ক্রিম দুধ 'আমূল গোল্ড'-এর দাম চার টাকা বাড়িয়েছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, এই মূল্যবৃদ্ধির ফলে আমূল তাজার দাম বেড়েছে ৩.৩ শতাংশ এবং আমূল গোল্ডের দাম বেড়েছে ৫.৫ শতাংশ। নতুন এই দাম দেশজুড়ে কার্যকর হয়েছে।
দাম বৃদ্ধির কারণ হিসাবে আমূল এবং মাদার ডেয়ারি দুই সংস্থাই খামার ও পশুর মালিকদের থেকে দুধ কেনা এবং গ্রাহকদের কাছে তা পৌঁছে দেওয়ার ক্রমবর্ধমান খরচের কথা উল্লেখ করেছে।
ভারতের নাম করা এই দুই ডেয়ারি সংস্থার সিদ্ধান্তে উদ্বেগ বেড়েছে বহু মানুষেরই। অনেক পরিবারের দৈনন্দিন খাদ্যতালিকায় প্যাকেটজাত দুধ অপরিহার্য, তাই এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটের উপর।
কলকাতায় এই দুই ব্র্যান্ডের দুধ বর্ধিত মূল্যে বিক্রি হচ্ছে। দক্ষিণ কলকাতার দুগ্ধ ব্যবসায়ী মঞ্জু মোদক বিবিসি বাংলাকে বলেছেন, "আমূল আর মাদার ডেয়ারির একাধিক প্রোডাক্টের দাম বেড়েছে। কিছুদিন ধরেই শুনছিলাম যে দুধের দাম বাড়তে পারে। তারপর কোম্পানিই মেসেজে জানিয়েছে। এইভাবে দুধের দাম বাড়তে থাকলে ক্রেতারাও সমস্যায় পড়বে, আমরাও পড়ব।"
উদ্বেগে সাধারণ মানুষও। হাওড়ার গৃহবধূ পাপিয়া দেব বলেছেন, "নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে সংসার চালানো মুশকিল। বাড়িতে ছোট বাচ্চা আছে, দুধ তো প্রতিদিনই কিনতে হয়। দরকারে অন্য জিনিসে কম্প্রোমাইজ করে দুধ কিনব।"

ছবির উৎস, Hindustan Times via Getty Images
দাম বাড়ার সূত্রপাত
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
গ্রাহকরা হয় দুগ্ধ খামার থেকে দুধ কেনেন বা দোকানে বিক্রি হওয়া প্যাকেটজাত দুধের উপর নির্ভর করেন। কিন্তু দুধের দাম বাড়ার সূত্রপাত হয় গবাদি পশুর মালিকের কাছ থেকে।
মাদার ডেয়ারি তাদের বিবৃতিতে জানিয়েছে দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পরিমাণে তারতম্যের ফলে পশুখাদ্যের যোগান প্রভাবিত হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে গবাদিপশুদের যে গ্রিন ও ড্রাই ফডার (সবুজ ঘাস ও শুকনো খড় ইত্যাদি) খাওয়ানো হয় তার দাম গত এক বছরে ২০ শতাংশ বেড়েছে। অন্যান্য পশুখাদ্যের দামও প্রায় ১০ শতাংশ বেড়েছে। এছাড়াও পরিবহন এবং অন্যান্য কার্যক্রমের খরচও ২৫ শতাংশ বেড়েছে।
আমূল ব্র্যান্ড গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (জিসিএমএমএফ)-এর অধীনস্থ। তাদের তরফেও মূল্যবৃদ্ধির কারণ হিসেবে কম বা অনিয়মিত বৃষ্টিপাতের কথা উল্লেখ করা হয়েছে।
আমূল জানিয়েছে গোবর, ভুট্টা ও গুড়ের পাশাপাশি সবুজ ও শুকনো পশুখাদ্যের দাম বেড়েছে। প্যাকিংয়ে ব্যবহৃত উপকরণ এবং জ্বালানিও ব্যয়বহুল হয়ে উঠেছে। তাছাড়া, এক বছর আগে গবাদি পশুদের মালিকদের কাছ থেকে যে দামে দুধ কেনা হতো, সেই দাম চার থেকে পাঁচ শতাংশ বেড়েছে।
অর্থাৎ, কোম্পানিগুলোর যুক্তি দুধ শুধুমাত্র প্রক্রিয়াকরণ, প্যাকিং বা ডেয়ারিতে পরিবহনে খরচ বাড়ার কারণেই ব্যয়বহুল হয়ে উঠছে না, গবাদি পশু পালন এবং সরাসরি দুগ্ধখামার বা পশুর মালিকদের কাছ থেকে কেনার স্তর থেকেই শুরু হয়েছে এই ক্রমবর্ধমান ব্যয়।

ছবির উৎস, Getty Images
পশু খাদ্যের সঙ্গে দুধের দাম বাড়ার সম্পর্ক
জিসিএমএমএফ-এর প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর ড. আরএস সোঢ়ী বিবিসি হিন্দির সাংবাদিক দুষ্মন্ত কুমারকে জানিয়েছেন, দুধ উৎপাদনের মোট ব্যয়ের সবচেয়ে বড় ফ্যাক্টর পশুর খাদ্য।
তার মতে, দুধ উৎপাদন ব্যয়ের প্রায় ৭০ শতাংশ পশুদের সবুজ ও শুকনো খাবার যেমন খড় এবং অন্যান্য খাদ্যের জন্য ব্যয় করা হয়। বিগত দেড় বছরে এই ব্যয় দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে।
ড. সোঢ়ী সহজ ভাবে ব্যাখ্যা করেছেন বিষয়টা। তিনি জানিয়েছেন মানুষের খাদ্যদ্রব্য যেমন ব্যয়বহুল হচ্ছে, তেমনই পশুদের খাওয়ানোর খরচও বেড়ে গিয়েছে। পাশাপাশি হিমঘরে রাখা, তার প্রক্রিয়াজাতকরণ, প্যাকিং ও পরিবহনের খরচও রয়েছে। এই সব মিলিয়ে গ্রাহকদের কাছে পৌঁছাতে পৌঁছাতে দুধের দাম বেড়ে যাচ্ছে।
'রুরাল ভয়েস' নামক নিউজ প্লাটফর্মের সম্পাদক এবং কৃষি বিষয়ক বিশেষজ্ঞ হরবীর সিংও পশুখাদ্যের দাম বৃদ্ধি এবং তার (পশুখাদ্যের) ঘাটতিকেই দাম বাড়ার মূল কারণ বলে মনে করেন।
তিনি ব্যাখ্যা করেছেন ভারতের কিছু অঞ্চলে এল নিনোর কারণে খরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে পশুখাদ্যের ঘাটতি দেখা দিয়েছে। যে সমস্ত এলাকায় পশুখাদ্যের ঘাটতি রয়েছে, সেখানে গবাদিপশু পালকদের দ্বিগুণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
একদিকে যেমন পশুখাদ্যের খরচ ক্রমাগত বেড়েছে তেমনই প্রয়োজন অনুযায়ী খাদ্য না পেলে তার প্রভাব পড়ে দুধের পরিমাণের উপর।
তিনি এও ব্যাখ্যা করেছেন যে গ্রাহকের কাছে দুধ ব্যয়বহুল হয়ে ওঠার মানে এই নয় যে খামারের মালিক বা পশুর মালিকের আয়ও সেই অনুযায়ী বেড়েছে। এই দুধ বিক্রির টাকার উপর ভিত্তি করেই তাদের গবাদি পশুর জন্য সবুজ ও শুকনো খাদ্য (খড় ইত্যাদি), অন্যান্য পশুখাদ্য এবং বাকি খরচ চালাতে হয়।

ছবির উৎস, Getty Images
ফুল ক্রিম দুধের দাম চার টাকা বাড়ল কেন?
ফুল-ক্রিম এবং টোনড দুধের মধ্যে দামের পার্থক্য বুঝতে হলে দুধের ফ্যাটের পরিমাণ বিবেচনা করা দরকার।
আমূলের এক বিবৃতি অনুযায়ী, টোনড দুধে তিন শতাংশ ফ্যাট থাকে, অন্যদিকে ফুল-ক্রিম দুধে ছয় শতাংশ ফ্যাট থাকে। অর্থাৎ ফুল ক্রিম দুধে ফ্যাটের পরিমাণ টোনড মিল্কের দ্বিগুণ।
হরবীর সিং জানিয়েছেন, ডেয়ারিগুলোর কাছে ফ্যাটযুক্ত দুধ বড় বিষয় হয়ে উঠছে। ফুল-ক্রিম দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকায় এর দাম বেশি বেড়েছে। তিনি ব্যাখ্যা করেন যে, গরুর দুধের চেয়ে মহিষের দুধে সাধারণত ফ্যাট বেশি থাকে। তাই কত লিটার দুধ পাওয়া যাচ্ছে, সেটাই একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয়। দুধে ফ্যাটের পরিমাণ এবং তার দামও সমান গুরুত্বপূর্ণ। দুধের ফ্যাটের ক্রমবর্ধমান দাম মাখনের দামেও প্রতিফলিত হয়।
আটই নভেম্বর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক প্রতিবেদনে কৃষি ও অর্থনীতি বিষয়ক সাংবাদিক হরিশ দামোদরান উল্লেখ করেছেন, অক্টোবর ২০২৩ থেকে অক্টোবর ২০২৬-এর মধ্যে ডেয়ারি পর্যায়ে মাখনের গড় দাম প্রতি কেজি ৩৪৮ টাকা থেকে বেড়ে ৫৩৭ হয়েছে। অর্থাৎ প্রায় ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মাখনে প্রায় ৮২ শতাংশ ফ্যাট থাকে। এই দাম ডেয়ারি স্তরে কেনা মাখনের। দোকানে যে মাখনের প্যাকেট বিক্রি হয় তার দাম নয়।
এখান থেকেই বোঝা যায় কেন ফ্যাটযুক্ত দুধ এবং দুগ্ধজাত পণ্য প্রস্তুত করার খরচের উপর এত চাপ পড়ছে।

ছবির উৎস, Bloomberg via Getty Images
দুধ উৎপাদন
হরবীর সিংয়ের অনুমান বলছে, এই মুহূর্তে দুধ সরবরাহের উপর চাপ রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী উৎপাদন বাড়ছে না। তবে তার মানে এই নয় যে, দেশের মোট দুধ উৎপাদন কমেছে।
সরকারি তথ্য অনুযায়ী ২০২২-২০২৩ সালে ভারতে দুধ উৎপাদন প্রায় ২৩.০৬ কোটি টন ছিল। ২০২৩-২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৩.৯৩ কোটি টন হয়েছে।
উৎপাদন বৃদ্ধির গতি ক্রমশ ধীর হয়েছে। ২০২২-২০২৩ সালে দুধের উৎপাদন ৩.৮৩ শতাংশ বৃদ্ধি পেলেও ২০২৩-২০২৪ সালে সেই হার ছিল ৩.৭৮ শতাংশ। তাই এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য বোঝাটা গুরুত্বপূর্ণ।
এ থেকে স্পষ্ট হয়ে যায় যে দেশের মোট দুধ উৎপাদন কমেনি। এর প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে।
সরকারি পরিসংখ্যান থেকে সমগ্র দেশ ও পুরো বছরের চিত্র তুলে ধরা হয়। তবে সেখান থেকে এটা স্পষ্ট হয় না যে নির্দিষ্ট মাসে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল থেকে কত পরিমাণ দুধ পাওয়া যাচ্ছে।
বর্তমান পরিস্থিতি বোঝার জন্য এটাও দেখা দরকার যে কোন সংস্থা কোন অঞ্চল থেকে দুধ কিনছে এবং সেখানে দুধের সহজলভ্যতা কতটা। পাশাপাশি সেই দুধে কতটা ফ্যাট রয়েছে তা-ও সমান গুরুত্বপূর্ণ।

ছবির উৎস, Bloomberg via Getty Images
শীতের শুরুতে দুধের দাম বাড়ে?
হরবীর সিংয়ের মতে, সাধারণত অগাস্ট থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে গবাদি পশু বেশি দুধ দেয়। তাই বাজারে দুধের যোগান ও বাড়ে। এই সময়ে দুধের বেশি সরবরাহ থাকায় সংস্থাগুলো পশুর মালিক বা দুগ্ধখামারের কাছ থেকে কেনার দরও কমিয়ে দেয়।
তবে এবার শীতের শুরুতে পশুখাদ্য ব্যয়বহুল হওয়া এবং অন্যান্য খরচ বাড়ায় দুধের দাম বাড়ানো হয়েছে। দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত হরবীর সিংয়ের অভিজ্ঞতা বলছে ফুল ক্রিম দুধের দাম একযোগে প্রতি লিটারে চার টাকা বাড়ানোটা স্বাভাবিক বিষয় নয়।
ড. সোঢ়ী বিষয়টাকে অন্যভাবে দেখেন। তার মতে দীর্ঘদিন ধরে বাড়তে থাকা ব্যয়ের সঙ্গে এর যোগ রয়েছে। তিনি মনে করেন, অন্যান্য জিনিসের মূল্যস্ফীতির তুলনায় দুধের দাম কম বেড়েছে।
তবে একটা বিষয় স্পষ্ট, দুধ উৎপাদনের খরচ বেড়েছে বলেই দুধের দাম বেড়েছে সেটা মনে করছেন দুই বিশেষজ্ঞই। সাম্প্রতিক মূল্যবৃদ্ধির ব্যাপারে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।

ছবির উৎস, Bloomberg via Getty Images
বর্ধিত মূল্যের কতটা কোথায় যাবে?
আমূল জানিয়েছে গ্রাহকদের কাছ থেকে আয়ের প্রায় ৮০ শতাংশই সমবায় কাঠামোর মাধ্যমে দুধ উৎপাদকদের কাছে ফিরে আসে।
অন্যদিকে, মাদার ডেয়ারি জানিয়েছে, দুধ বিক্রি থেকে প্রাপ্ত অর্থের প্রায় ৭৫-৮০ই ব্যয় হয় দুধ কেনার জন্য।
ড. সোঢ়ী জানিয়েছেন গ্রাহকদের কাছ থেকে প্রাপ্ত বর্ধিত দামের একটা অংশ মূল ডেয়ারি ফার্ম বা সেই ব্যক্তির কাছে পৌঁছানো উচিত যার কাছ থেকে এই সংস্থাগুলো দুধ কিনছে।
তার যুক্তি দুধের বিক্রয় মূল্য না বাড়লে পশুপালকদের পক্ষে ক্রমবর্ধমান খরচ সামাল দেওয়া আরো কঠিন হয়ে পড়বে।
তবে দুধের দাম বাড়ার মানে এই নয় যে তার প্রকৃত আয়ও বৃদ্ধি পাচ্ছে। পশুখাদ্যের দাম বাড়লে সাশ্রয় বাড়বে না।
গ্রাহককে এখন দুধের প্রতি প্যাকেটের জন্য বেশি টাকা দিতে হবে। অর্থাৎ, সংস্থাগুলো তাদের বর্ধিত ব্যয়ের কিছু অংশটা গ্রাহকদের দিকে ঠেলছে।
বাজারে প্রভাব
দুই সংস্থার কাঠামো ভিন্ন। আমূল সমবায় সমিতির 'গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন' এর অধীনে, যা নিয়ন্ত্রণ করেন ৩৬লক্ষ দুগ্ধ উৎপাদনকারী। আর মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড-মালিকানাধীন সহায়ক সংস্থা।
ড. সোঢ়ী জানিয়েছেন, সমবায় সমিতি এবং বড় ব্র্যান্ডগুলোর দাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন কোনো বড় ব্র্যান্ড দুধের দামে হেরফের করে, তখন অন্যান্য ব্র্যান্ড ও ছোট ব্যবসায়ীরাও সেই বিষয়ে বিবেচনা করে।
"অনেকেই আশঙ্কা করছে অন্যান্য কোম্পানিও তাদের দুধের দাম বাড়াবে। ক্রেতারা দুধের দাম বাড়ার কথা ইতিমধ্যে খবরে শুনেছেন বা পড়েছেন। দুধ কিনতে এসে তারাও জানতে চাইছেন অন্যান্য কোম্পানিও দাম বাড়াবে কি না," বলেছেন দক্ষিণ কলকাতার গড়িয়ার এক দুগ্ধ বিক্রেতা।

ছবির উৎস, Hindustan Times via Getty Images
'দাম বাড়লেও কিনতে হবে'
দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগে রয়েছেন ব্যবসায়ীরা।
"৫০০ মিলিলিটারের দুধের প্যাকেটই দোকানগুলোতে বেশি বিক্রি হয়। সেখানে একটাকা বা দু'টাকার হেরফেরও ক্রেতাদের উপর বড় প্রভাব ফেলে। দুধের দাম বাড়ায় খুচরো ব্যবসায়ীরা সমস্যায় পড়েবেন," বলেছেন মঞ্জু মোদক।
দীর্ঘদিন ধরে দুধের ব্যবসার সঙ্গে তিনি যুক্ত তিনি।
"দুধের দাম বাড়ার পরই সবাই জানতে চাইছেন ঘি, মাখনেরও দাম বাড়ছে কি না? গত কয়েক বছরে পাল্লা দিয়ে দুধের প্রোডাক্টের দাম বেড়েছে," বলেছেন তিনি।
দুধের দাম বাড়ায় ফাঁপরে পড়েছেন সাধারণ মানুষও।
সল্টলেকের বাসিন্দা উপাসনার কথায়, "দাম বাড়লেও দুধ কিনতে হবে। বিশেষত বাড়িতে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি বা বয়স্করা থাকলে তাদের পুষ্টির কথা ভেবে কিনতেই হবে। অন্যান্য জিনিসের পাশাপাশি খাবারের জিনিসের দাম পাল্লা দিয়ে বেড়েছে। কিন্তু আয় বাড়েনি।"
কর্ণাটকের ব্যাঙ্গালোরের বাসিন্দা সি চেলুরির কথায়, "নভেম্বর মাসের শুরুতেই দুধ, দইয়ের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে। এমনিতেই বাজারে অন্যান্য জিনিসের দাম চড়া। খাবার তেলের দাম অনেকটাই বেড়েছে। কোনো কোম্পানি দাম একই রাখতে গিয়ে ওজন কমিয়েছে। এবার দুধ আর দইয়ের দাম বাড়ল। সাধারণ মানুষের কাছে মানিয়ে নেওয়া ছাড়া আর উপায় কি?"
দুগ্ধজাত পণ্যের দাম বাড়ার আশঙ্কাতেও ভুগছেন অনেকে। দিল্লির স্বরূপ গুপ্তা বলেছেন, "প্যাকেটের দুধের দাম বেড়েছে এবার ধীরে ধীরে পনীর, মিষ্টির দামও বাড়বে। স্থানীয় বাজারে যে দুধ-ছানা বিক্রি হয় তাতে ভেজালের ভয় থাকে। সাধারণ মানুষ কোথায় যাবে?"









