আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
ডায়াবেটিসে পায়ের ঘা থেকে গ্যাংগ্রিন, কীভাবে এড়াবেন?
- Author, ময়ূরী সোম
- Role, বিবিসি নিউজ বাংলা, কলকাতা
- Published
- পড়ার সময়: ৬ মিনিট
পায়ে পেরেক ফোটার পর ২০২২ সালে ডায়াবেটিস ধরা পড়ে সুলতানা বিবির। তিনি কলকাতার মেটিয়াব্রুজ অঞ্চলের বাসিন্দা। পায়ের সেই ক্ষত থেকে সংক্রমণ এতটাই ছড়িয়ে পড়ে যে পায়ের তলায় অস্ত্রোপচার করতে হয় তাকে। কিন্তু তার কয়েক দিনের মধ্যেই ব্যান্ডেজ করার সময় বাদ পড়ে যায় তার পায়ের দুটি আঙুল।
প্রতি বছর বিশ্বজুড়ে ডায়াবেটিসে আক্রান্ত লক্ষ লক্ষ মানুষের পায়ে সুলতানা বিবির মতোই গুরুতর সমস্যা দেখা দেয়।
ডায়াবেটিসের কারণে পায়ের সামান্য একটি ক্ষত থেকেও তৈরি হতে পারে বড় বিপদ। এই সমস্যাকে বলা হয় ডায়াবেটিক ফুট ডিজিজ। পরিস্থিতি আরও গুরুতর হলে হতে পারে গ্যাংগ্রিন। কখনও সংক্রমণ বা ঘা এতটাই বেড়ে যায় যে কেটে বাদ দিতে হয় পায়ের কোনও অংশ, এমনকি পুরো পা।
বিছানায় বসে ক্ষতবিক্ষত পা সামনে বাড়িয়ে সুলতানা বিবি বললেন, পেরেক ফোটার পর পায়ে এতটাই ব্যথা হয়েছিল যে তিনি হাঁটতে পারছিলেন না।
"ডাক্তার ওষুধ দিয়েছিল, প্রায় ১৫ দিন খাওয়ার পরও কোনও সুরাহা হয়নি। পা দিয়ে রক্ত আর পুঁজ বের হতো। বড় ডাক্তারের কাছে যাওয়া হলো। বড় ডাক্তার বললেন, অপারেশন করতে হবে। আমি পা ফেলতে পারতাম না। পা দিয়ে রক্ত বের হতো।"
তিনি আরও বলেন, পায়ের তলায় অস্ত্রোপচারের পর সেই পায়ের দুটি আঙুল কালো হয়ে যায়। "পায়ে ড্রেসিং করার সময় আঙুল দুটো আপনিই পড়ে গেছে, ফেলতে হয়নি। আমি তখন খুব কেঁদেছিলাম।"
সুলতানা বিবির স্বামী এবাদুল্লা মোল্লা সেলাইয়ের কাজ করে সপ্তাহে ১,০০০ থেকে ২,৫০০ টাকা আয় করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মেটিয়াব্রুজের একটি ১০ ফুট বাই ১০ ফুট ঘরে থাকেন তিনি। ধারদেনা করে এখনও পর্যন্ত স্ত্রীর চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা খরচ করেছেন। প্রতি মাসে চিকিৎসার জন্য আরও অন্তত ১,০০০ টাকা খরচ হচ্ছে। স্থানীয় সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছেন না বলেই দাবি এই পরিবারের।
ডায়াবেটিসের কারণে পায়ে কীভাবে গ্যাংগ্রিন হতে পারে?
ডাঃ অনুপম গোলাস কলকাতার একজন সুপরিচিত পুনর্গঠনমূলক শল্যচিকিৎসক বা প্লাস্টিক সার্জেন। ডায়াবেটিক ফুটের অস্ত্রোপচারে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে।
বিবিসি বাংলাকে তিনি বলছেন, "যারা অনেক বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন, বিশেষ করে যারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন না, ঠিকমতো চিকিৎসা করান না বা ওষুধ খাওয়ার ক্ষেত্রে অনিয়ম করেন, এবং যাদের ব্লাড সুগার বেশি থাকে, তাদের পায়ে ক্রমশ সমস্যা শুরু হয়। রক্ত চলাচল কমে যায়, নার্ভের উপর প্রভাব পড়ে।"
"যারা পায়ের যত্ন নেন না, পরিষ্কার রাখেন না, খালি পায়ে হাঁটেন, তাদের পায়ে প্রথমে একটা কড়ার মতো তৈরি হয়। তারপর তার নীচে সংক্রমণ হয়ে ঘা হয়। সেই ঘা ও সংক্রমণ বাড়তে বাড়তে গ্যাংগ্রিনের দিকে চলে যায়।"
ডাঃ গোলাস আরও বলেন, ডায়াবেটিক ফুট ডিজিজের প্রথম লক্ষণগুলির মধ্যে অন্যতম হল পায়ের ত্বক শক্ত হয়ে যাওয়া।
"আপনি দেখবেন, পায়ের কোনও অংশের ত্বক খুব শক্ত হয়ে গেছে। সেখান থেকে রস বেরোচ্ছে বা কড়ার কারণে ব্যথা হচ্ছে। অথবা পায়ের আঙুলের রং বদলে যাচ্ছে, পায়ের কোনও অংশ থেকে পুঁজ বেরোচ্ছে। তার মানেই পায়ে কোনও সংক্রমণ বা সমস্যা হচ্ছে।"
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন
পা কেটে বাদ দেওয়ার পরিস্থিতি কীভাবে তৈরি হয়?
ডাঃ গোলাসের বক্তব্য, পা বা পায়ের কোনও অংশ কেটে বাদ দেওয়ার মতো পরিস্থিতি মূলত দুটি ক্ষেত্রে তৈরি হতে পারে।
প্রথমত, যখন পায়ে রক্ত চলাচল এতটাই কমে যায় যে ড্রাই গ্যাংগ্রিনের মতো পরিস্থিতি তৈরি হয়। তখন পায়ের ওই অংশ শুকিয়ে কালো হয়ে যায় এবং অনুভূতিহীন হয়ে পড়ে।
দ্বিতীয়ত, যখন পায়ে ঘা বা সংক্রমণ এতটাই বেড়ে যায় যে সেখান থেকে পুঁজ বেরোতে থাকে বা পায়ের অংশটি পচতে শুরু করে। সে ক্ষেত্রে পা বা পায়ের ওই অংশটি কেটে বাদ না দিলে সংক্রমণ আরও উপরের দিকে ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
"সেই ক্ষেত্রে আমাদের পায়ের ওই আঙুলগুলি কেটে বাদ দিয়ে পায়ের ওই অংশ থেকে পুঁজ বের করে দিতে হয়। সঙ্গে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হয়, যাতে সংক্রমণ আর না বাড়ে।"
ডাক্তার আরও বলেন, অনেকে তীর্থস্থানে গিয়ে জুতো খুলে গরম মেঝের বা রাস্তার উপর দিয়ে খালি পায়ে হাঁটেন। যাদের ডায়াবেটিস আছে, তাদের পায়ে অনুভূতি কমে যাওয়ার কারণে তারা সেই মুহূর্তে কোনও যন্ত্রণা অনুভব করেন না। কিন্তু পরে পায়ে পোড়ার ক্ষত নিয়ে চিকিৎসকের কাছে আসেন। সেখান থেকে সংক্রমণ, ঘা-সহ নানা সমস্যা তৈরি হতে পারে।
ডায়াবেটিক ফুট রোগ কীভাবে প্রতিরোধ করা সম্ভব?
ডায়াবেটিসের কারণে পায়ের সমস্যা প্রতিরোধ করতে ডাঃ অনুপম গোলাস কয়েকটি পরামর্শ দেন:
১. বিশেষ করে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের পায়ের পরিচ্ছন্নতার দিকে খুব বেশি নজর দিতে হবে। নিয়মিত পা ভালোভাবে পরিষ্কার করতে হবে।
২. পায়ে নিয়মিত ময়েশ্চারাইজার বা ইমোলিয়েন্ট ক্রিম লাগাতে হবে, যাতে ত্বক নরম থাকে। ত্বক শুষ্ক হয়ে ফেটে গেলে সেখানে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
৩. পায়ে কোনও সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত চিকিৎসকের কাছে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।
৫. খালি পায়ে হাঁটা যাবে না। বাড়িতেও আরামদায়ক জুতো বা চটি পরে হাঁটাচলা করতে হবে। বাইরে বেরোলে উপযুক্ত জুতো পরতে হবে।
৬. যাদের পা ইতোমধ্যেই বিকৃত হয়ে গিয়েছে, অথবা পায়ে কয়েকটি নির্দিষ্ট জায়গায় অতিরিক্ত চাপ পড়ে বারবার ঘা হচ্ছে কিংবা ত্বক শক্ত হয়ে গিয়েছে, তারা বিশেষ ধরনের 'অফলোডিং' জুতো পরতে পারেন। এই জুতো এমনভাবে তৈরি করা হয়, যাতে পায়ের নির্দিষ্ট চাপের জায়গাগুলিতে চাপ কম পড়ে।
ডায়াবেটিক ফুট প্রতিরোধ ও চিকিৎসায় জুতোর ভূমিকা কী?
ডাঃ গোলাস বলছেন, জুতো খুব আঁটসাঁট হলে বা জুতোর ভিতরে পায়ের সঙ্গে ঘর্ষণের কারণে কোনও ক্ষত তৈরি হলে, সেখান থেকে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
"অনেকেরই ধারণা, পায়ে সমস্যা তৈরি হওয়ার পরেই ডায়াবেটিক ফুটের জন্য বিশেষ জুতো পরতে হয়," বলছিলেন ডাঃ গোলাস।
কিন্তু এই রোগ প্রতিরোধের ক্ষেত্রেও জুতোর একটা ভূমিকা থাকতে পারে," বলছেন অনিরুদ্ধ চৌধুরী।
তিনি ডায়াবেটিক ফুটের জুতো তৈরির বিশেষজ্ঞ এবং 'পেডিটেক' নামের একটি জুতো প্রস্তুতকারী সংস্থার প্রতিষ্ঠাতা।
তিনি বলছেন, জুতো পায়ের মাপ অনুযায়ী হওয়া উচিত। প্রতিরোধমূলক জুতোয় ভালো কুশনিং থাকে এবং ভিতরের আস্তরণটি নরম রাখা হয়। পাশাপাশি, পায়ের কোনও একটি নির্দিষ্ট জায়গায় যেন অতিরিক্ত চাপ না পড়ে, সেদিকেও খেয়াল রাখা জরুরি। পা ঘষা খেলে ঘা ও সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়।
যারা ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু এখনও পায়ের কোনও সমস্যার সম্মুখীন হননি, তারা এমন জুতো পরতে পারেন, যা তাদের পাকে আরাম দেবে এবং সুরক্ষিত রাখবে।
তার পরামর্শ, উপযুক্ত জুতো চওড়া মাপের হওয়া উচিত এবং সামনের দিকটা উঁচু হওয়া দরকার, যাতে পায়ের আঙুলগুলির জন্য পর্যাপ্ত জায়গা থাকে। অ্যান্টি-স্কিড ও হালকা সোল পড়ে যাওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করবে। পা যাতে ঘষা লেগে কেটে না যায়, তা নিশ্চিত করতে জুতোর ভিতরে কোনও সেলাই থাকে না।
মি. চৌধুরী আরও বলছেন, যাদের ইতোমধ্যেই ডায়াবেটিক ফুটের সমস্যা রয়েছে, তাদের এমন জুতো প্রয়োজন, যা পায়ের সংবেদনশীল অংশগুলির উপর চাপ কমাতে, ঘর্ষণ এড়াতে এবং নতুন করে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।
মি. চৌধুরীর বক্তব্য, ডায়াবেটিক ফুটে আক্রান্ত ব্যক্তিদের জুতোয় কয়েকটি বৈশিষ্ট্য থাকা জরুরি। যেমন:
- অতিরিক্ত জায়গা, যাতে পা ফুলে গেলে, ড্রেসিং করা থাকলে বা পায়ের কোনও বিকৃতি থাকলেও জুতোর মধ্যে পর্যাপ্ত জায়গা থাকে;
- বিশেষ ধরনের প্রেশার-রিলিভিং ইনসোল, যা পায়ের নির্দিষ্ট অংশের উপর চাপ কমাতে সাহায্য করে;
- অতিরিক্ত গভীরতা ও চওড়া মাপ, যাতে পায়ের জন্য পর্যাপ্ত জায়গা থাকে;
- যথাযথ কুশনিং, যাতে হাঁটার সময় পায়ের উপর চাপ কম পড়ে;
- নরম ও মসৃণ ভিতরের আস্তরণ, যাতে ঘষা খাওয়া ও আঘাতের ঝুঁকি কমে।