আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

বাংলাদেশের একটি সংস্থা বলছে, সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। অন্যদিকে ঢাকায় বিভিন্ন স্থানে রোববার রাতে একাধিক ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রোববার সারাদিন যা যা হয়েছে

    • ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন স্থানে রোববার বেশ কিছু ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর মধ্যে, ঢাবিতে সাত থেকে আটটি, মালিবাগে সিআইডি অফিসে একটি এবং পল্লবী থানার গেইটের ভেতরে পৃথক দুইটি ককটেল বিস্ফোরণ ঘটেছে।
    • মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।
    • ঢাকার ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
    • আগামী রমজান মাসকে সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনিসহ দশটি পণ্য আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
    • আগামী ২১শে জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
    • সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। একইসঙ্গে, সড়ক দুর্ঘটনায় একসাথে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে। রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
    • “ইরানি পারমাণবিক হুমকি মোকাবেলায় ঐক্য ও সংহতি” প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
    • পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ নিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ উত্থাপন করায় সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেনকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
    • রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
    • সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা।
    • পোল্যান্ডের ক্রাকোতে বন্দুক হামলায় শনিবার ছয় জন নিহত হওয়ার ঘটনার পর এখনো তদন্ত করছে পুলিশ।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    বিবিসি বাংলার লাইভপাতা আজ এখানেই শেষ হলো।

    অন্যান্য খবর পড়তে মূলপাতায় ক্লিক করুন।

    এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

  2. মালিবাগে সিআইডি অফিস ও পল্লবী থানার গেইটের ভেতরে ককটেল বিস্ফোরণ

    রাজধানীর মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান কার্যালয়ের ভেতরে সন্ধ্যা সাড়ে সাতটায় একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া পল্লবী থানার প্রধান গেইটের ভেতরে পৃথক আরেকটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম সিআইডি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

    তিনি জানান, পুলিশ ধারণা করছে মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল সিআইডি কার্যালয়ের ভেতরে নিক্ষেপ করা হয়েছে।

    এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে সেখানে থাকা সরকারি একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানান তিনি।

    এখনো কাউকে গ্রেফতার করা যায়নি জানিয়ে তিনি বলেন, “তদন্ত চলছে।”

    অন্যদিকে, মিরপুরের সাগুফতায় অবস্থিত পল্লবী থানার প্রধান গেইটের ভেতরে সন্ধ্যায় একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

  3. ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ১৮ই নভেম্বর পর্যন্ত চলবে

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ই নভেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল চারটা ২০ মিনিটে সংসদের অধিবেশন বসবে।

    রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন।

    বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এই খবর প্রকাশ করেছে।

    বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়।

    সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ নভেম্বর এ অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

  4. মালয়েশিয়ায় বিনা খরচে কাজের সুযোগ পাবেন ১১২ বাংলাদেশি

    মালয়েশিয়ার একটি কোম্পানিতে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে তিনশো জনকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে।

    রোববার বিকাল সাড়ে চারটায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের মিলনায়তনে লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয়।

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    মালয়েশিয়ান কোম্পানি ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন.বিএইচডি প্রাথমিকভাবে বাছাই করা ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে।

    তাদের মধ্যে থেকে চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ছয়ই নভেম্বর থেকে আটই নভেম্বর বিকাল চারটা পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।

    মোট চার হাজার ২৯ জনের আবেদনের মধ্য থেকে ইলেক্ট্রনিক পদ্ধতিতে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

    এদের মধ্যে দুইশো জন অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে এবং একশো জন টেকনিকেল স্কিল ওয়ার্কার্স পদে নির্বাচিত হয়েছেন।

  5. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সন্ধ্যায় আধা ঘণ্টার মধ্যে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণ

    ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে সাত থেকে আটটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

    ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তবে, এই ঘটনায় কেউ আহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি।

    তিনি জানান, সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে মাত্র আধা ঘণ্টায় নীলক্ষেত তোরণ, সিনেট ভবনের গেইটের ভেতরে, টিএসসিতে এবং মধুর ক্যান্টিনের সামনে একইসঙ্গে সাত থেকে আটটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।

    ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা তিনজনকে আটক করে পুলিশে দেয় বলে জানান প্রক্টর।

  6. ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন

    ঢাকার ভাটারায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

    রোববার সন্ধ্যায় পৌনে ছয়টায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঝহারুল ইসলাম।

    মি. ইসলাম জানান, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি বাসে বিকেল পাঁচটা চল্লিশে একজন দুর্বৃত্ত আগুন দিয়েছে।

    ওই বাসটিতে স্কুলের কোন শিক্ষার্থী ছিল কিনা এমন প্রশ্নে তিনি জানান, কোন যাত্রী ছিল না, বাসটি সড়কে দাঁড়ানো ছিল।

    তবে ওই ব্যক্তিকে গ্রেফতার করা যায়নি বলেও জানান তিনি।

  7. রমজানে ১০ ভোগ্যপণ্যের দাম সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

    আগামী রমজান মাসকে সামনে রেখে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনিসহ দশটি পণ্য আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    রোববার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলার দিয়ে সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

    যে পণ্যগুলোর ক্ষেত্রে এই নির্দেশনা কার্যকর হবে সেগুলো হলো, চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর।

    আগামী রমজান উপলক্ষ্যে এই জাতীয় ভোগ্যপণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে এই পণ্যগুলোর আমদানি সহজীকরণের মাধ্যমে মূল্য সহনীয় পর্যায়ে রাখাসহ প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    এই সার্কুলারে বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের এসব পণ্যের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়া পরামর্শ দেওয়া হলো।

    এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী বছরের ১৫ই মার্চ পর্যন্ত বলবৎ থাকবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

  8. ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়নে ভোট

    আগামী ২১শে জানুয়ারি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

    রোববার আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান সিনিয়র সচিব আখতার আহমেদ।

    ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান রয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে এক হাজার ৫০টি ইউপিতে ভোট হবে। এক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেয়া হচ্ছে।

    “মেয়াদোত্তীর্ণ হওয়ায় ভোটের উপযোগী হয়েছে অনেক ইউপি, এটা বিবেচনায় নিয়ে প্রথম ধাপ কমপ্লিট করছি” বলেন ইসি সচিব মি. আহমেদ।

    এর আগেই ইসি ভোটের তারিখ জানিয়ছিল। তবে স্থানীয়ভাবে এসব ইউপির তফসিল ঘোষণা করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা।

  9. সড়ক দুর্ঘটনায় গত সাত বছরে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে

    সড়ক দুর্ঘটনায় গত ছয় বছর ১০ মাসে প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। একইসঙ্গে, সড়ক দুর্ঘটনায় একসাথে পুরো পরিবার নিহতের প্রবণতা বাড়ছে।

    রোড সেইফটি ফাউন্ডেশন নামে একটি সংস্থা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, মোটর বাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী এবং বাস যাত্রী হিসেবে একসাথে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে।

    “গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে ধারণা করা যায়, গত ছয় বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে” জানিয়েছে সংস্থাটি।

    বাংলাদেশের নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন।

    এই ফাউন্ডেশন বলছে, মোটরবাইক দুর্ঘটনায় মোটরবাইক আরোহী হিসেবে স্বামী-স্ত্রী নিহতের ঘটনা ঘটেছে ১৯৩টি এবং পিতা-সন্তান নিহতের ঘটনা ঘটেছে ১৫৯টি।

    অর্থাৎ ১৯৩টি মোটরবাইক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন ৩৮৬ জন এবং ১৫৯টি মোটরবাইক দুর্ঘটনায় পিতা-সন্তান নিহত হয়েছেন ৩১৮ জন।

    অটোরিকশা দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ২১১টি ঘটেছে।

    এছাড়া একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ১১৮টি, চারজন নিহতের ঘটনা ৯২টি, পাঁচজন নিহতের ঘটনা ৫৩টি, ছয় জন নিহতের ঘটনা ৩৮টি এবং সাত জন নিহতের ঘটনা ঘটেছে ১৩টি। মোট ৫২৫টি দুর্ঘটনায় একই পরিবারের এক হাজার ৭২৮ জন নিহত হয়েছেন।

    রোড সেইফটি ফাউন্ডেশন বলছে, মাইক্রোবাস দুর্ঘটনায় মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের দুইজন জন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজন নিহতের ঘটনা ৪৬টি।

    এছাড়া একই পরিবারের চারজন নিহতের ঘটনা ৩৯টি, পাঁচজন নিহতের ঘটনা ২৮টি, ছয়জন নিহতের ঘটনা ২০টি, ১১ জন নিহতের ঘটনা চারটি এবং ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি দুর্ঘটনায় একই পরিবারের ৭০৮ জন নিহত হয়েছেন।

    প্রাইভেটকার দুর্ঘটনায় আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ৩৪টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

    এছাড়া, তিনজন নিহতের ঘটনা ৩১টি, চারজন নিহতের ঘটনা ২৪টি এবং পাঁচজন নিহতের ঘটনা ঘটেছে ১৯টি। মোট ১০৮টি প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের ৩৫২ জন নিহত হয়েছেন।

    একইসঙ্গে, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ১১টি ঘটনা ঘটেছে।

    একই পরিবারের তিনজন নিহতের ঘটনা ১৫টি, চারজন নিহতের ঘটনা নয়টি, পাঁচজন নিহতের ঘটনা সাতটি এবং আটজন নিহতের তিনটি ঘটনা ঘটেছে। এরকম মোট ৪৫টি দুর্ঘটনায় একই পরিবারের ১৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

    এছাড়া ওই ছয় বছর ১০ মাসে বাস দুর্ঘটনায় বাসের যাত্রী হিসেবে একই পরিবারের দুই সদস্য নিহতের ১৭টি ঘটনা ঘটেছে। একই পরিবারের তিনজন নিহতের নয়টি ঘটনা, চারজন নিহতের ছয়টি ঘটনা ঘটেছে। মোট ৩২টি বাস দুর্ঘটনায় একই পরিবারের ৮৫ জন নিহত হয়েছে।

    একইসঙ্গে, পিকআপ ভ্যান দুর্ঘটনায় পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একই পরিবারের চার জন নিহতের ঘটনা একটি ঘটেছে বলে জানিয়েছে রোড সেইফটি ফাইউন্ডেশন।

    দুর্ঘটনার বেশ কিছু কারণের কথাও জানিয়েছে রোড সেইফটি ফাউন্ডেশন।

    সংস্থাটি বলছে, পরিবারের সবাই একসাথে কাজে বা ঘুরতে যাওয়ার প্রবণতা বাড়ছে, মহাসড়কে অটোরিকশা চলাচল এবং অধিকাংশ মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকা সড়ক দুর্ঘটনার কারণ।

    এছাড়া মাইক্রোবাস এবং অ্যাম্বুলেন্স চালকদের অদক্ষতা ও বিশ্রামহীন ড্রাইভিং, মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও বেপরোয়া মোটরবাইক চালানো এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাও দুর্ঘটনার কারণ।

  10. ইরানের বিষয়ে আমাদের কাজ এখনো শেষ হয়নি: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

    “ইরানি পারমাণবিক হুমকি মোকাবেলায় ঐক্য ও সংহতি” প্রদর্শনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

    বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নতুন সরকার গঠনের দায়িত্ব নেওয়ার পর এ কথা বলেন তিনি।

    ইরানের বিরুদ্ধে “পারমাণবিক বোমা তৈরির প্রচেষ্টা পুনরায় শুরু করার” অভিযোগ এনে তাদের সতর্ক করে মি. কাৎজ বলেন, “ইরানের বিষয়ে আমাদের মিশন শেষ হয়নি।”

    তবে ইরান সব সময় তাদের পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতির ওপর জোর দিয়ে আসছে।

    কাৎজ বলেন, “যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা আমাদের কর্তব্য... সামনের সকল গুরুত্বপূর্ণ মিশন মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

    ইসরায়েলের শত্রুদের “অবশ্যই জানতে হবে যে আমাদের মধ্যে মতপার্থক্য থাকলেও, আমাদের অস্তিত্বের হুমকিস্বরূপদের বিরুদ্ধে আমরা দৃঢ় ও ঐক্যবদ্ধ” বলেন তিনি।

    ইসরায়েলের সংসদ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোট সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায়, দেশটির প্রেসিডেন্ট দলীয় নেতাদের সঙ্গে পরামর্শ করার পর গ্যাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।

  11. বিচারকের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ, সুপ্রিম কোর্টের আইনজীবীকে শোকজ নোটিশ

    পিরোজপুরের যুগ্ম জেলা জজ নাহিদ নিঠুর বিরুদ্ধে সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ উত্থাপন করায় সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারোয়ার হোসেনকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    একইসঙ্গে, মি. হোসেন এবং কয়েকটি অনলাইন পোর্টালের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করা হয়েছে।

    রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দিয়েছে।

    আইনজীবী সিহাব উদ্দিন খান জানান, অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই একজন জুডিশিয়াল কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে অভিযোগ করায় আদালতের মর্যাদা ও পবিত্রতা ক্ষুন্ন হয়েছে কিনা সেই মর্মে রুল জারি করেছে আদালত।

    একইসঙ্গে আগামী ২৬শে নভেম্বর আইনজীবী সারোয়ার হোসেনকে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

    এছাড়া, লইয়ার্স ক্লাব বাংলাদেশ নামে একটি পোর্টালকে এই ভিডিওর কপি আদালতে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

    ওই বিচারকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে আদালত।

    অভিযোগ প্রমাণিত হলে বিচারকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

  12. 'ডিসেম্বরে আসবে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন তাদের আর আসা হবে না'- নুরুল হক

    ডিসেম্বর আসবে - যাবে শেখ হাসিনার আর দেশে আসা হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

    রোববার বিকেলে এক অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

    শেখ হাসিনার ডিসেম্বরে আসার বিষয়টি ‘একটা হাইপ’ উল্লেখ করে তিনি বলেন, “ডিসেম্বরে আসবে, এটা জাস্ট একটা হাইপ তোলার জন্য, আমার মনে হচ্ছে যে, এই যে আমরা কথা বলছি, এটাই তাদের একটা স্বার্থকতা।”

    “প্রকৃত অর্থে এরকম ডিসেম্বর আসবে - যাবে, যারা ডিসেম্বরে আসবে বলে ফাঁকা আওয়াজ দিচ্ছেন তাদের আর আসা হবে না। জনগণের দ্বারা যারা প্রত্যাখ্যাত হয়েছেন তাদের আর এদেশে রাজনীতিতে আসার সুযোগ নাই” বলেন প্রতিমন্ত্রী মি. হক।

    একইসঙ্গে, জনগণ সরকারের সাথে থাকলে এই ধরনের অপশক্তি, অপতৎপরতা মোকাবেলা করতে সরকার যথেষ্ঠ বলে দাবি করেন তিনি।

    “জনগণের আন্দোলনের মুখে যে ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দিয়ে উঠতে চাইলে সেটাই রাজনৈতিক শক্তি সরকারি দল কিংবা বিরোধী দল সকলে সম্মিলিতভাবে মোকাবেলা করবে” বলেন মি. হক।

    প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেন, “গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে গিয়েছে, রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে। তাদের দেশে ফিরে আসার কিংবা রাজনীতিতে ফিরে আসার কোনো সমূহ সম্ভাবনা নাই। তারা বর্তমান নির্বাচিত সরকারকে অস্থিতিশীলতায় করে একটু বেকায়দায় ফালানোর জন্য নানানভাবে চেষ্টা করছে।”

  13. আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    রোহিঙ্গা সমস্যা একটি রাজনৈতিক সমস্যা এবং এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে মিয়ানমারের ওপর প্রেশার ক্রিয়েট করতে হবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

    রোববার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

    তিনি বলেন, “আমি মনে করি, এটা একটা রাজনৈতিক সমস্যা। নরমাল চ্যানেলে সবসময় এই কাজটা হবে বা সাধিত হবে সেটাও মনে করাটা নাইভ (অবুঝের মতো) হবে।”

    মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথেও সরকার যোগাযোগ করছে বলে জানান তিনি।

    “আমরা মিয়ানমার সরকারের সাথেও কথা বলছি, আরাকান আর্মির সাথেও আমরা যোগাযোগ স্থাপন করছি এবং কথা বলছি। বিকজ দ্যা রিয়েলিটি ইজ ইন্টারন্যাশনাল কমিউনিটিও বুঝে মিয়ানমারের ভেতরে রাজনৈতিক যে অবস্থা, এই অবস্থাটা ইজ ভেরি ভোলেটাইল” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

    “এখানে যদি আমাদের বাংলাদেশের ঐক্যবদ্ধভাবে কোন কিছু করতে হয় সব রাজনৈতিক দল মিলে প্রথমেই আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়কে বলতে হবে, প্রেশার দিতে হবে যে, আন্তর্জাতিক সম্প্রদায় যেন মিয়ানমারে প্রত্যেকটি আলাদা আলাদা স্টেকহোল্ডারকে তারা প্রেশার ক্রিয়েট করে টু হ্যাভ এ কনসেনশাস” বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

  14. সৌদি হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ হুথি যোদ্ধা নিহত হয়েছে: ইয়েমেন

    সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৮৩ জন হুথি সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের হুথিরা।

    এই হুথি গোষ্ঠীর সাথে যুক্ত গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক এই দফার হামলায় আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক।

    এদিকে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রতিবেদনের বিষয়টি খতিয়ে দেখছেন তারা।

    এর আগে ২০১৮ সালে জাতিসংঘ অভিযোগ করেছিল, এই যুদ্ধের অন্য যে কোনো পক্ষের তুলনায় সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের হামলায় সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

    তবে সেসময় সৌদি আরব এই প্রতিবেদনগুলোকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেছিল।

  15. ক্রাকো বন্দুক হামলায় নিহত ছয়জনের মধ্যে একজন ব্রিটিশ নাগরিক, জানিয়েছে পুলিশ

    পোল্যান্ডের ক্রাকোতে বন্দুক হামলায় শনিবার ছয় জন নিহত হওয়ার ঘটনার পর এখনো তদন্ত করছে পুলিশ।

    পোল্যান্ডের পুলিশ প্রধান মারেক বোরন জানান, দুই পুলিশ সদস্য, পাঁচজন বিদেশি নাগরিক ও সন্দেহভাজন ব্যক্তিসহ আরো ১৬ জন এই হামলায় আহত হয়েছেন।

    হামলার কয়েক ঘণ্টা পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, সন্দেহভাজন ব্যক্তির বাড়ি থেকে আরো তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেখানে তল্লাশি অব্যাহত রয়েছে।

    পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মরদেহগুলো সন্দেহভাজনের বাবা-মা এবং বোনের বলে শনাক্ত করা হয়েছে।

    শনিবার রাতে পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ বছর বয়সী পোলিশ নাগরিক ওই সন্দেহভাজনকে “অতি ডানপন্থী মতাদর্শে” উদ্বুদ্ধ বলে মন্তব্য করেন।

    এই বন্দুক হামলায় ওই সন্দেহভাজন ব্যক্তি “সামরিক অস্ত্র” ব্যবহার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    পোল্যান্ডের এই ঘটনায় শোক প্রকাশ করে ইউরোপীয় পার্লামেন্টও তাদের পতাকা অর্ধনমিত রেখেছে বলে জানিয়েছেন ইইউ পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা।

    দেশটিতে রোববার ও সোমবার দুই দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র।

  16. শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে এক্সট্রাডিশন বা প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারতকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    রোববার রাজধানীর এক হোটেলে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

    আইনমন্ত্রী বলেন, “শেখ হাসিনার বিষয়ে আইনগতভাবে যা যা করণীয় সেটা আমরা ডিউ প্রসেসে করেছি। সেখানে আমাদের আইনসঙ্গতভাবে ডিল করা হবে এটা দেখবেন যে, আমরা যখন কোন পদক্ষেপ নেব এখানে ইমোশনের কোন বিষয় নেই। বিষয়টা আমি আমরা আইনটাকে প্রয়োগ করবো। আমরা আইন প্রয়োগ যদি সঠিকভাবে না করি তখন আপনারা বলবেন।”

    ভারতের আদালতে আইনি করা হবে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “এটা ভারত সরকারের ব্যাপার। এক্সট্রাডিশন চুক্তির আওতায় আমরা তাদের কাছে রিকোয়েস্ট করেছি।”

    “তারা আমাদেরকে হ্যান্ডওভার করলে আমরা তাকে ডিউ প্রসেসে যেভাবে আইনের আওতায় সোপর্দ করা দরকার সেভাবে করবো” বলেন মি. আসাদুজ্জামান।

    ভারতে শেখ হাসিনা বন্দি হিসেবে নন বরং স্টেট গেস্ট হিসেবে আছেন সেক্ষেত্রে কীভাবে বন্দি বিনিময় চুক্তির আওতায় আনা হবে সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, “আমার কাছে উনি অপরাধী।”

    জুলাই গণ অভ্যুত্থান ও এরপরে মানবতাবিরোধী বিচারের কথা তুলে ধরে তিনি বলেন, “আমাদের ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত একজন অপরাধী। এটা হলো আমাদের কাছে তার পরিচয়। সেটা তারা কী বলছে তাদের বললে তো হবে না। আমার রাষ্ট্রের কাছে, ওপেন আদালতে বিচার হয়েছে।”

    আইনমন্ত্রী বলেন, “আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা, ১৪০০ মানুষ কী মারা যায়নি জুলাই গণ অভ্যুত্থানে, ৩০ হাজার মানুষ কী পঙ্গুই হয়নি? ন্যায়বিচারে কোন রকম ঘাটতি রাখা হয়েছে? বিচার প্রক্রিয়া কী অআমরা ক্যামেরা ট্রায়াল করেছি? সাক্ষী কি সাক্ষী দেয়নি?”

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, শেখ হাসিনাকে দেশে “আনার জন্য যে ডিউ প্রসেস রিকোয়েস্ট পাঠানোর দরকার আমরা সেটা পাঠিয়েছি।”

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    আরো পড়তে পারেন:

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে