লাইভ , পর্তুগালের হয়ে খেলা থেকে অবসরের ঘোষণা রোনালদোর

পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। এদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, "এখানে কি শ্বশুরবাড়ি, রংপুর বেড়াইতে আসবে? যে তারে পাসপোর্ট দিবো?" চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সাবেক এমপি-মন্ত্রীসহ একশোর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ এনবিআরের

    ঢাকায় এনবিআর ভবন
    ছবির ক্যাপশান, ঢাকায় এনবিআর ভবন

    শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ব্যবসায়ীসহ একশোর বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    বৃহস্পতিবার দেশের সব ব্যাংককে ইমেইলের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

    বিবিসি বাংলার হাতে আসা তালিকার একটি অংশে সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীর নাম পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নামও এই তালিকায় রয়েছে।

  2. ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

    ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের এভরু সামরিক বিমানঘাঁটিতে নেওয়া হয়। সেখানে উড়োজাহাজটিকে দেখা গেছে।
    ছবির ক্যাপশান, ডাবলিন থেকে রোমগামী এয়ার লিঙ্গাসের একটি বিমানের গতিপথ পরিবর্তন করে ফ্রান্সের এভরু সামরিক বিমানঘাঁটিতে নেওয়া হয়। সেখানে উড়োজাহাজটিকে দেখা গেছে

    চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইউরোপের বিভিন্ন দেশে একাধিক বিমানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অন্তত ১০টির বেশি ফ্লাইটে এমন হুমকি পাওয়ার খবর এসেছে।

    এর মধ্যে কয়েকটি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে।

    এদিকে, বোমা থাকার হুমকি পাওয়া চারটি বিমানে তল্লাশি চালিয়ে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে চেক প্রজাতন্ত্রের পুলিশ।

    এর আগে, ইতালির বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাহারায় একটি যাত্রীবাহী উড়োজাহাজকে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। অন্যদিকে, সম্ভাব্য নিরাপত্তা হুমকির পর ওয়ারশ থেকে ব্রাসেলসগামী একটি ফ্লাইটও নিরাপদে অবতরণ করেছে।

    তবে দুটি বিমানের কোনোটিতেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    বিবিসি ভেরিফাইয়ের বিশ্লেষণে দেখা গেছে, ডাবলিন থেকে রোমগামী একটি বিমানকে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করেছিল বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

    এর আগে মঙ্গলবারও অন্তত সাতটি ফ্লাইটে একই ধরনের হুমকি দেওয়া হয়েছিল। তবে কোনো উড়োজাহাজেই বিস্ফোরক পাওয়া যায়নি।

  3. পর্তুগালের হয়ে খেলা থেকে অবসরের ঘোষণা রোনালদোর

    ক্রিস্টিয়ানো রোনালদো
    ছবির ক্যাপশান, ক্রিস্টিয়ানো রোনালদো

    পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন।

    ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড ২০০৩ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং ১৪৬টি গোল করেছেন। এই দুইটিই বিশ্ব রেকর্ড।

    গত মাসে তিনি পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে চলে যান, যখন তাকে জানানো হয় যে ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে তিনি শুরুর একাদশে থাকবেন না।

    ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় রোনালদো বলেন, "পর্তুগালের মানুষের কাছে, সেই দিন এসে গেছে যখন আমাদের জাতীয় দলের সাত নম্বর জার্সিটি আমার ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে।"

    তিনি বলেন, "আমি কখনও মনে করিনি এটি শুধু আমারই ছিল। তবে ২৩ বছর ধরে এটি পরার, এর প্রতিনিধিত্ব করার এবং বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে এটি বহন করার সৌভাগ্য ও দায়িত্ব আমার ছিল।"

    রোনালদো আরও বলেন, "আজ সময় এসেছে এটি ভবিষ্যতের হাতে তুলে দেওয়ার। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না, কারণ কিছু সিদ্ধান্ত শুধু মস্তিষ্ক দিয়ে নেওয়া হয় না, হৃদয় দিয়েও নেওয়া হয়।"

    তিনি বলেন, "২০০৩ সালের অগাস্টে শুরু হওয়া এবং আমার জীবন চিরতরে বদলে দেওয়া একটি যাত্রার আজ সমাপ্তি ঘটছে।"

    শুক্রবার নভেম্বর মাসের নেশনস লিগের দুটি ম্যাচের জন্য পর্তুগালের দল ঘোষণা করার কথা রয়েছে। এই দুটি ম্যাচ হলো ঘরের মাঠে ডেনমার্কের বিপক্ষে এবং ওয়েলসের মাঠে ওয়েলসের বিপক্ষে।

    পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা "যথাযথ শ্রদ্ধা জানানো ছাড়া এই বিদায় হতে দিতে রাজি নয়"।

    এক বিবৃতিতে বলা হয়, "ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ ক্যারিয়ারের প্রতি সর্বদা উপযুক্ত সম্মান জানাতে আমরা আয়োজন, পরিকল্পনা, অংশগ্রহণ এবং সক্রিয়ভাবে সহযোগিতা করার দৃঢ় ও আন্তরিক ইচ্ছা পোষণ করি। এতে সমর্থক ও দেশ আবারও সেই খেলোয়াড়কে সম্মান ও উদযাপন করার সুযোগ পাবে, যিনি আমাদের এত কিছু দিয়েছেন।"

    রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী এবং আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি অক্টোবরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

  4. দুই-এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করবে বোর্ড: প্রধানমন্ত্রী

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
    ছবির ক্যাপশান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

    আগামী এক থেকে দুই মাসের মধ্যে মজুরি বোর্ড শ্রমিকদের জন্য নতুন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার বাগেরহাটের কাটাখালি মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

    প্রধানমন্ত্রী জানান, শ্রমিকদের মজুরিসংক্রান্ত দাবি বিবেচনায় ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড তার কার্যক্রমও শুরু করেছে।

    এদিকে, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী।

    তিনি বলেন, “কিছুসংখ্যক লোক ও একটি মহল সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। শ্রমিকদের ন্যায্য দাবির আড়ালে শিল্পকারখানায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।”

  5. শেখ হাসিনা কি 'শ্বশুরবাড়ি' বেড়াতে আসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
    ছবির ক্যাপশান, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে সাধারণ ভ্রমণকারী হিসেবে দেখার সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সাথে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর চায় বাংলাদেশ।

    বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

    শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "এখানে কি শ্বশুরবাড়ি, রংপুর বেড়াইতে আসবে? যে তারে পাসপোর্ট দিবো?"

    শেখ হাসিনাকে 'পলাতক সন্ত্রাসী' আখ্যা দিয়ে তিনি বলেন, "শেখ হাসিনা হচ্ছে পলাতক সন্ত্রাসী। হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে গেছে। তাকে কি নরমাল ট্রাভেলার হিসেবে দেখব…যে পাসপোর্ট দিবো এবং আসেন, এসে আপনার শ্বশুরবাড়ি রংপুর বেড়ায়া যান? তাকে তো হ্যান্ডওভার চাই আমরা।”

    বিষয়টিকে 'হাস্যকর' উল্লেখ করে তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর প্রত্যর্পণ চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় অপরাধী ও সন্ত্রাসীদের ফিরিয়ে আনার জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না।

    তিনি বলেন, "আমাদের অ্যাকটিভ এক্সট্র্যাডিশন ট্রিটি আছে। সন্ত্রাসী ও অপরাধীদেরকে ধরতে পাসপোর্ট লাগে না, এটা হ্যান্ডওভার। জুডিশিয়াল প্রসেস আছে আমাদের ট্রিটিতে। পাসপোর্ট দেওয়ার কোনো রিকোয়ারমেন্টস নেই।"

  6. সংসদ অধিবেশন ঘিরে ঢাকার কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

    বাংলাদেশের জাতীয় সংসদ
    ছবির ক্যাপশান, বাংলাদেশের জাতীয় সংসদ

    বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনকে কেন্দ্র করে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

    বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোসালেহ উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী নয়ই নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসতে যাচ্ছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আটই নভেম্বর রোববার রাত ১২টা থেকে কিছু এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

    নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।

    এ ছাড়া রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নয় নম্বর ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এসব সীমানার মধ্যে অবস্থিত সব রাস্তা ও গলিপথও নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

    ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

  7. সেনেট ও প্রতিনিধি পরিষদে কোন দলের কী অবস্থা?

    কিছু জায়গায় এখনো ভোট গণনা চলছে
    ছবির ক্যাপশান, কিছু জায়গায় এখনো ভোট গণনা চলছে

    মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের দুটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ে এখনো ভোট গণনা চলছে। অঙ্গরাজ্য দুটি হলো আলাস্কা ও মিসিসিপি।

    আলাস্কায়, যেখানে ফলাফল প্রক্রিয়াকরণে তুলনামূলক বেশি সময় লাগে, সেখানে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে।

    এতে ডেমোক্র্যাটরা সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। তারা পেয়েছে মোট ভোটের ৪৮.২ শতাংশ, আর রিপাবলিকানদের ভোটের হার ৪৭.৯ দশমিক।

    বর্তমান পরিস্থিতি অনুযায়ী, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৪০টি আসনে জয় পেয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন মাত্র ২১৮টি আসন।

    রিপাবলিকানরা জিতেছে ১৪৭টি আসন।

    এখনো আরও ৪৮টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

  8. আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে সাংবাদিককে গালাগাল পরীমনির

    আদালত প্রাঙ্গণে আঙুল উঁচিয়ে গালি দিচ্ছেন পরীমনি
    ছবির ক্যাপশান, আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিককে গালি দিতে দেখা যায় পরীমনিকে

    ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিককে গালাগাল করতে দেখা যায় বাংলাদেশের সিনেমার অভিনেত্রী পরীমনিকে।

    এছাড়া তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা একজন বিচারপ্রার্থীর মাথা ফেটেছে বলেও অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে।

    আগের দিন জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছান পরীমনি। আদালত প্রাঙ্গণে এসে গাড়িতেই বসে ছিলেন তিনি।

    এরপর পৌনে ১২টার দিকে তিনি এজলাসের দিকে রওনা হন। তখন তাকে তার নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন।

    এসময় সেখানে উপস্থিতদের সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তার নিরাপত্তারক্ষীদের।

    গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবি-ভিডিও থেকে জানা যায়, লিফটে ওঠার সময় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের মোবাইল কেড়ে নেন পরীমনি। পরে ওই সাংবাদিক তা ছিনিয়ে নেন।

    এরপর আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেয়।

    জামিন নিয়ে বের হওয়ার সময়ই পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় মাথা ফেটেছে বলে গণমাধ্যমে দাবি করেছেন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন বিচারপ্রার্থীর স্বজন।

    এরপর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে ওই সাংবাদিকের সঙ্গে পরীমনির বাকবিতণ্ডা হতে দেখা যায়।

    পরীমনির দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। এরপর তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন বলে গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়।

    তবে ওই সাংবাদিক বারবার দাবি করেছেন যে তিনি পরীমনির গায়ে হাত দেননি।

    উল্লেখ্য, আদালতে উপস্থিত আরও অনেক সাংবাদিক অভিযোগ করেছেন যে পরীমনির নিরাপত্তারক্ষীরা আরও অনেক সাংবাদিককে ধাক্কা দিয়েছেন আজ।

    আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে গালি দিতে দেখা যায় পরীমনিকে
    ছবির ক্যাপশান, আদালত প্রাঙ্গণে এক সাংবাদিককে গালি দিতে দেখা যায় পরীমনিকে
  9. 'আমরা হেরেছি যুদ্ধের কারণে': ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে নজর ভ্যান্সের?, ড্যানিয়েল বুশ, ওয়াশিংটন সংবাদদাতা

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
    ছবির ক্যাপশান, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন জেডি ভান্স

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার ওয়াশিংটনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন, যখন তিনি তার দলের মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের জন্য সরাসরি ইরান যুদ্ধকে দায়ী করেন।

    অনেকেই এটিকে ২০২৮ সালের সম্ভাব্য হোয়াইট হাউস নির্বাচনী প্রচারণার আগে প্রেসিডেন্ট ট্রাম্প থেকে তার নিজেকে দূরে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা হিসেবে ব্যাখ্যা করছেন।

    ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের অবস্থান ওয়াশিংটনের একটি প্রকাশ্য গোপন বিষয়। তিনি প্রকাশ্যে বারবার এই সংঘাতকে সমর্থন করলেও, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগত বৈঠকে তিনি এর বিরোধিতা করেছেন বলে জানা গেছে।

    তবে এ ধরনের মতপার্থক্য এতদিন জনসমক্ষে আসেনি, এখন পর্যন্ত।

    এক্সে দেওয়া ৬০০ শব্দের এক বিবৃতিতে ভ্যান্স লেখেন, "আপনি যদি বলতে চান যে এর মূল্য ছিল, যে আগামী ছয় বছরের জন্য সিনেট হারানো সার্থক ছিল, তাহলে সেটাই বলুন।"

    তিনি আরও লেখেন, "যুক্তি দিন যে এটি এমন একটি মূল্য ছিল, যা পরিশোধ করা যৌক্তিক ছিল। আপনি একমত হোন বা না হোন, অন্তত সেটি হবে সৎ অবস্থান।"

    এটি ছিল একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য এবং সাম্প্রতিক সময়ে যার নজির নেই বললেই চলে।

    যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এমন কোনো ঘটনার কথা মনে করা কঠিন, যেখানে দায়িত্বে থাকা একজন ভাইস প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি ইস্যুতে প্রেসিডেন্টের অবস্থান থেকে এত স্পষ্টভাবে সরে এসেছেন।

    এরপর আসে আরও বড় এক বিস্ময়। সাধারণত নিজের জ্যেষ্ঠ উপদেষ্টাদের কাছ থেকে অবিচল আনুগত্য প্রত্যাশা করা ট্রাম্প নিজেও ভ্যান্সের সঙ্গে একমত হয়ে বলেন, মধ্যবর্তী নির্বাচনের ফল "বেশিরভাগ ক্ষেত্রেই" যুদ্ধ দ্বারা নির্ধারিত হয়েছে।

    তিনি আরও বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি "আবারও একই কাজ করতেন"।

    এটি একটি প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে যে, নিজের উপদেষ্টাদের আনুগত্যকে সবসময় গুরুত্ব দেওয়া ট্রাম্প, ভ্যান্স প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলে তাকে পর্যাপ্ত স্বাধীনতা দিতে পারেন।

  10. প্রতিনিধি পরিষদের ২৪টি আসনের ফল এখনো ঝুলে আছে

    মার্কিন কংগ্রেস

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সেনেট ও প্রতিনিধি পরিষদে জয় পেয়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট মেয়াদের বাকি সময়জুড়ে তারা কংগ্রেসের নিয়ন্ত্রণে থাকবে।

    জানুয়ারিতে কংগ্রেসে দলটি সংখ্যাগরিষ্ঠ হবে, এটি নিশ্চিত হলেও এখনো একাধিক নির্বাচনী লড়াইয়ের ফলাফল জানা বাকি রয়েছে। ৪৩৫টি প্রতিনিধি পরিষদ আসনের অধিকাংশের ফল বুধবার ঘোষণা করা হলেও, প্রায় ২৪টি আসনের ফল এখনো ঝুলে আছে।

    এর মধ্যে টেনেসি, লুইজিয়ানা ও ভার্জিনিয়ার কিছু আসন রয়েছে, যেখানে ভোটের ব্যবধান এতটাই কম যে এখনও বিজয়ী নির্ধারণ করা সম্ভব হয়নি।

    এছাড়া অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া এবং কলোরাডোর কয়েকটি নির্বাচনী ডিসট্রিক্টের ফলাফলও এখনো ঘোষণা করা হয়নি।

    আলাস্কায় ফলাফল জানতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে; এটি দেশটির অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন। এই সম্ভাব্য বিলম্বের একটি কারণ হলো আলাস্কায় ‘র‍্যাংকড-চয়েস’ (পছন্দক্রমভিত্তিক) ব্যালট ব্যবস্থা রয়েছে, যেখানে ভোটাররা পছন্দের ক্রমানুসারে একাধিক প্রার্থীকে নির্বাচন করতে পারেন।

  11. বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে

    জ্বালানি তেল
    ছবির ক্যাপশান, জ্বালানি তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের পরাজয় ইরানের সঙ্গে যুদ্ধের অবসান বা উত্তেজনা প্রশমনের দিকে পরিস্থিতিকে এগিয়ে নিতে পারে কি না, ব্যবসায়ীরা তা নিয়ে সন্দেহে আছেন। এর মধেই বৈশ্বিক তেলের দাম আরও কমছে।

    বৃহস্পতিবার এশিয়ার বিকেলে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৭৪ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম প্রায় ১.৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৮৩ ডলারে নেমে আসে।

    বুধবার তেলের দাম ৮ শতাংশেরও বেশি কমে যায়, যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন যে জ্বালানির মূল্যের ওপর সংঘাতের প্রভাবই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের কারণ হয়েছে।

    প্রসঙ্গত, তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

  12. কানাডিয়ানদের জন্য মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফল একটি 'বিজয়'

    কানাডার অটোয়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রিভি কাউন্সিল
    ছবির ক্যাপশান, কানাডার অটোয়াতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রিভি কাউন্সিল

    যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের যে ফল এসেছে, অনেক কানাডিয়ানই হয়তো এমনটাই চেয়েছিলেন। কারণ ডেমোক্র্যাটদের ব্যাপক জয়কে আংশিকভাবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বাণিজ্যিক মিত্রদের ওপর ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্কের বিরুদ্ধে ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখা হচ্ছে।

    অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বুধবার সকালে বলেন, "আমি আনন্দে রাস্তায় ডিগবাজি খাচ্ছিলাম।" তিনি একে "কানাডার জন্য একটি বিজয়" বলে বর্ণনা করেন।

    মঙ্গলবার রাতের এই ফলাফল হয়তো খুব শিগগিরই কানাডাকে ওই শুল্ক থেকে স্বস্তি এনে দেবে না। তবে বাণিজ্য আলোচনা আবার শুরু হওয়ায় রাজনৈতিক পরিবর্তনগুলো অটোয়ার জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি করতে পারে, যাতে তারা ভালো কোনো সমঝোতা করতে পারে, এমন প্রত্যাশা রয়েছে।

    ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিজ ও চাক শুমার, যাদের রাজনৈতিক প্রভাব এখন আরও বেড়েছে, সাম্প্রতিক মাসগুলোতে কানাডার ওপর আরোপিত শুল্ক কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন।

    তবুও কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ শুল্কনীতিতে খুব বেশি পরিবর্তন আনতে নাও পারে। কারণ ট্রাম্পের আরোপিত শুল্কের বেশিরভাগই কংগ্রেসের অনুমোদন ছাড়াই নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করা হয়েছে।

  13. রিপাবলিকান পার্টির ভেতরে দায় চাপানো শুরু, উইল গ্রান্ট, বিবিসি সংবাদদাতা

    একজনের পোশাকে ডোনাল্ড ট্রাম্পের ছবি

    তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে হতাশাজনক নির্বাচনী রাত পার করার পর রিপাবলিকান পার্টির ভেতরে শুরু হয়েছে আত্মসমালোচনা এবং একে অপরের ওপর দায় চাপানোর প্রবণতা।

    সারা দেশের ভোটাররা তাদের ভোটের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের বিচার হবে এই নির্বাচনে।

    এখন তার সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মিত্র সেই সংঘাত থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, "আমরা হেরেছি যুদ্ধের কারণে। আর এখান থেকে আমাদের কোথায় যাওয়া উচিত, সে বিষয়ে যেকোনো সৎ আলোচনা সেখান থেকেই শুরু হতে হবে।"

    হোয়াইট হাউজের নতুন বলরুমের নির্মাণস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প অনিচ্ছাসত্ত্বেও এই বক্তব্যের সঙ্গে একমত হন।

    তবে তিনি জোর দিয়ে বলেন, সুযোগ পেলে তিনি কোনো কিছুই ভিন্নভাবে করতেন না। তিনি বলেন, "আপনি ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারেন না।"

    অনেকেই ভাইস প্রেসিডেন্টের এই মন্তব্যকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থিতা ঘোষণার একটি অনানুষ্ঠানিক সূচনা হিসেবে দেখছেন।

    এই ফলাফলকে আরও দেখা হচ্ছে এমন একটি ইঙ্গিত হিসেবে যে, ট্রাম্পের নেতৃত্বাধীন 'মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)' আন্দোলনের সমাপ্তির সূচনা হয়তো যুক্তরাষ্ট্র প্রত্যক্ষ করছে।

  14. ট্রাম্প কি আরও একটি অভিশংসন নিয়ে চিন্তিত?

    ডোনাল্ড ট্রাম্প

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে কথা বলার সময় একজন সাংবাদিক প্রশ্ন করেন, ডেমোক্র্যাটরা আবার কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি কি পুনরায় অভিশংসিত হওয়ার আশঙ্কা করছেন।

    জবাবে তিনি বলেন, "একটুও না"।

    তিনি বলেন, অভিশংসন ডেমোক্র্যাটিক পার্টিকে "ধ্বংস" করে দেবে এবং সেটি হবে "কোনো কারণ ছাড়াই অভিশংসন"।

    তিনি বলেন, "আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় আরও সফল।"

    প্রেক্ষাপট হিসেবে বলা যায়, ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ দুবার অভিশংসিত করেছিল, কিন্তু দুইবারই সেনেট তাকে রেহাই দেয়।

    এরপর তিনি দ্রুত আবার হোয়াইট হাউজের বলরুম নির্মাণ প্রকল্পের প্রসঙ্গে ফিরে যান। তিনি বলেন, "বিমগুলো ওপরে উঠতে দেখুন। এখন ঝাড়বাতির কথা কল্পনা করুন, মার্বেলের মেঝের কথা কল্পনা করুন।"

  15. ইরান যুদ্ধ রিপাবলিকানদের পরাজয়ের জন্য দায়ী, এমন দাবি 'বেশিরভাগই সত্য': ট্রাম্প

    ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, ট্রাম্প দাবি করেন, "একটি বলরুম থাকা প্রতিটি প্রেসিডেন্টেরই স্বপ্ন ছিল"

    মধ্যবর্তী নির্বাচনের ফল স্পষ্ট হওয়ার পর হোয়াইট হাউজের বলরুম নির্মাণস্থলে দাঁড়িয়ে প্রথম সরাসরি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    এর আগে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ বিবৃতি দিয়ে নির্বাচনে রিপাবলিকানদের ব্যাপক পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করেছেন।

    ট্রাম্পকে ওই মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "বেশিরভাগই সত্য। এটি স্বল্পমেয়াদে জ্বালানির দাম কিছুটা বাড়িয়ে দিয়েছিল।"

    তবে তিনি বলেন, যুদ্ধের বিষয়ে হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নিতেন। তিনি আরও যোগ করেন, ভোটারদের অসন্তোষের কারণ ছিল জ্বালানির দাম, যুদ্ধ নিজে নয়।

    হোয়াইট হাউসের বলরুম থেকে দেওয়া বক্তৃতায় ট্রাম্প রাজনীতি বা মধ্যবর্তী নির্বাচন নিয়ে খুব বেশি কথা বলেননি, তবে নিজের প্রশাসনের সাফল্য হিসেবে যা দেখেন, তার কিছু তুলে ধরেছেন।

    প্রেসিডেন্ট বলেন, "শূন্য অবৈধ অভিবাসীকে আমাদের দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে," এরপর তিনি দ্রুত আবার বলরুম প্রকল্পের প্রসঙ্গে ফিরে যান।

    তার ভাষ্য অনুযায়ী, হোয়াইট হাউসের চেয়েও বড় হওয়ার পরিকল্পনা করা এই স্থাপনাটি "ওয়াশিংটন ডিসির অন্যতম সেরা ভবন হবে"।

    তিনি নির্মাণকাজে কাজ করাকে প্রশান্তিদায়ক বলে বর্ণনা করেন।

    তিনি বলেন, "হোয়াইট হাউজ আমেরিকার চূড়ান্ত প্রতীক। এটি নিখুঁত হতে হবে।"

    "একটি বলরুম থাকা প্রতিটি প্রেসিডেন্টেরই স্বপ্ন ছিল।"

    এরপর তিনি নির্মাণকাজে ব্যবহৃত স্টিলের কাঠামোর দৃঢ়তা এবং ব্যবহৃত মার্বেল নিয়ে বিস্তারিত বর্ণনা দেন।

    দ্বিতীয় মেয়াদের প্রথম বছরজুড়ে ট্রাম্প বলরুম প্রকল্পের পাশাপাশি ওয়াশিংটন ডিসির বিভিন্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন।

    মধ্যবর্তী নির্বাচনের আগে তার শেষ বার্তাটি ছিল লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সামনে থেকে, যেখানে তিনি পুলটির নতুন পাইপ ও আবরণ দেখাতে একাধিক ছবি ব্যবহার করেছিলেন।

    তিনি বলেন, "আমরা ডিসিকে সুন্দর করে তুলেছি... আর সবাই এ নিয়ে কথা বলছে।"

    ডোনাল্ড ট্রাম্প কথা বলছেন
  16. হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে ডাকে আসা ব্যালট হাতে গোনা হচ্ছে কিছু জায়গায়

    হাতে গোনা হচ্ছে ডাকে আনা ব্যালট
    ছবির ক্যাপশান, হাতে গোণা হচ্ছে ডাকে আসা ব্যালট

    যদিও মধ্যবর্তী নির্বাচনের সামগ্রিক ফলাফল আমরা ইতোমধ্যে জেনে গেছি, তবুও কয়েকটি প্রতিদ্বন্দ্বিতার ফল এখনও এতটাই কাছাকাছি যে সেগুলোর বিজয়ী ঘোষণা করা সম্ভব হয়নি।

    মিসিসিপির মতো অঙ্গরাজ্যগুলোতে, যেখানে সেনেট নির্বাচনের ফল অত্যন্ত অল্প ভোটের ব্যবধানে নির্ধারিত হচ্ছে, সেখানে ডাকযোগে পাঠানো ব্যালট আসতে থাকায় বিজয়ী কে হয়েছেন তা জানতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

    কিছু স্থানে এসব ব্যালট হাতেগণনা করা হচ্ছে।

    ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে কর্মকর্তারা এখনও ব্যালট গণনা করছেন, যাতে নির্ধারণ করা যায় শহরটির পরবর্তী মেয়র কে হবেন।

    ডাকে আসা ব্যালট হাতে গোণা হচ্ছে
    ছবির ক্যাপশান, ডাকে আসা ব্যালট হাতে গোণার কারণে সময় বেশি লাগতে পরে
  17. মিসিসিপি ও আলাস্কায় সেনেট নির্বাচনের ফল জানতে কয়েক দিন লাগবে

    যুক্তরাষ্ট্রের কংগ্রেস

    যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের বেশিরভাগ নির্বাচনের ফল স্পষ্ট হয়ে গেলেও আরো সময় লাগতে পারে মিসিসিপি ও আলাস্কার সেনেট নির্বাচনের ফল আসতে।

    মিসিসিপি ডেমোক্র্যাটিক পার্টির চেয়ারম্যান শেখ টেলর বিবিসিকে বলেছেন, "নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আমার ধারণা, সোমবারের আগে এই নির্বাচনের ফল নির্ধারিত হবে না।"

    সেখানে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কোলম এবং বর্তমান রিপাবলিকান সেনেটর সিন্ডি হাইড-স্মিথের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতার বিজয়ী কে হবেন, তা জানতে আরও কিছু সময় লাগতে পারে।

    মিসিসিপিতে ভোটের ব্যবধান অল্প হওয়ার ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে পুনর্গণনার ব্যবস্থা নেই। একই সঙ্গে প্রার্থীদেরও পুনর্গণনার অনুরোধ করার সুযোগ দেওয়া হয় না।

    এছাড়া, নির্বাচনের দিন ডাকমোহর দেওয়া এবং তার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে পৌঁছানো ডাকযোগে পাঠানো ব্যালটও গণনার আওতায় আনা হয়।

    এ কারণে অন্তত ১০ই নভেম্বরের আগে এই নির্বাচনের ফল ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জুলি রনস্কি।

    রনস্কি বলেন, "দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এতটাই সামান্য যে, বাস্তবে যে কোনো উপায়ে পাওয়া প্রতিটি ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।"

    অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, বর্তমানে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান এক হাজার ভোটের মতো।

    এদিকে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী লড়াইগুলোর একটি, আলাস্কার সেনেট নির্বাচনের ফল জানতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

    সেখানে বর্তমান রিপাবলিকান সিনেটর ড্যান এস সুলিভান প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলার বিরুদ্ধে। বিতর্কের জন্ম দেওয়া একটি মোড়ে তিনি আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন ড্যানিয়েল জে সুলিভান নামের এক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।

    ফল ঘোষণায় বিলম্ব হওয়ার একটি কারণ হলো আলাসকায় র‌্যাংকড-চয়েস ভোটিং পদ্ধতি ব্যবহৃত হয়, যেখানে ভোটাররা পছন্দের ক্রমানুসারে একাধিক প্রার্থী নির্বাচন করতে পারেন। আর কোনো একক প্রার্থী যদি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেন, তাহলে সর্বনিম্ন ভোট পাওয়া প্রার্থীকে বাদ দিয়ে দ্বিতীয় দফায় ব্যালট পুনরায় গণনা করা হয়।

    এর পাশাপাশি, ডাকযোগে পাঠানো ব্যালট নির্বাচনী দপ্তরে ফেরত আসার জন্য আলাসকা ১০ থেকে ১৫ দিনের সময় দিয়ে থাকে।

    নির্বাচনের রাতে সমর্থকদের উদ্দেশে পেলটোলা বলেন, "ফলাফল দ্রুত পাওয়া যাবে না, তবে আলাস্কার মানুষ ধৈর্যশীল।"

  18. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকাল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে।

    বাংলাদেশে বুধবারের উল্লেখযোগ্য খবরগুলো দেখতে ক্লিক করুন এখানে।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।