পত্রিকা: 'ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৮ মিনিট

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক— মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

খবরটিতে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠক করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে এ বৈঠক হয়।

মার্কিন দূতাবাসের একটি সূত্র বৈঠকের কথা নিশ্চিত করলেও দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেনি।

এমন এক সময়ে দুই কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হলো, যখন শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারতের কাছে দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

অন্যদিকে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা।

ফলে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপড়েনের প্রেক্ষাপটে মার্কিন ও ভারতীয়, দুই কূটনীতিকের এই বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে।

মানবজমিন
নিউ এইজ
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

নিউ এইজের প্রধান শিরোনাম— Students caught in 18 years of curriculum flip-flops; অর্থাৎ ১৮ বছর ধরে পাঠ্যক্রম ঘন ঘন পরিবর্তনের যাঁতাকলে শিক্ষার্থীরা

এই খবরে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রবর্তিত নতুন 'ধারাবাহিক মূল্যায়ন'ভিত্তিক পাঠ্যক্রমের অধীনে ঢাকার একটি স্কুলে নবম শ্রেণিতে ভর্তি হয়েছিল মুসাব রহমান।

এই পাঠ্যক্রমে মাধ্যমিক পর্যায়ে— নবম ও দশম শ্রেণির সিলেবাসে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো প্রচলিত বিভাগগুলো বিলুপ্ত করা হয়েছিল।

কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে এই পাঠ্যক্রম বাতিল করে দেয় এবং পরবর্তী শিক্ষাবর্ষ থেকে ২০১২ সালের পাঠ্যক্রমে ফিরে যাওয়ার ঘোষণা দেয়।

দুই বছরের মধ্যে দুটি ভিন্ন জাতীয় পাঠ্যক্রম ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য এই শিক্ষার্থীসহ তার সহপাঠীদের প্রস্তুতিকে ব্যাহত করেছে।

মুসাব সেই হাজার হাজার শিক্ষার্থীর একজন, যারা গত ১৮ বছর ধরে পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থায় বারবার আনা পরিবর্তনের শিকার হয়েছে।

একের পর এক সরকার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন সংস্কার এনেছে এবং সেগুলো কার্যকর কি না তা সঠিকভাবে যাচাই করার আগেই আবার বাতিল করে দিয়েছে, যার খেসারত দিতে হচ্ছে শিক্ষার্থীদেরই।

বর্তমানে সরকার ২০২৮ সালে পাঠ্যক্রমে আরও একটি বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে, যা শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ গতিপথ নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

শিক্ষাবিদদের মতে, একটি সুসংগত জাতীয় শিক্ষা দর্শন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতার অভাব পাঠ্যক্রম প্রণয়ন প্রক্রিয়াকে রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষার একটি চক্রে পরিণত করেছে; যার ফলে শিক্ষার্থীরা কার্যত এক ধরনের পরীক্ষামূলক বস্তুতে পরিণত হয়েছে।

নয়া দিগন্ত

এই খবরে বলা হয়েছে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের অনুরোধসংক্রান্ত খবর এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ— এই তিন বিষয়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সরকারের পক্ষ থেকে আবেদনসংক্রান্ত তথ্যের সত্যতা ও আইনি ভিত্তি যাচাইয়ের কথা বলা হয়েছে। অন্যদিকে, বিএনপি নেতারা শেখ হাসিনার প্রত্যাবর্তনের ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এর মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও সম্ভাব্য প্রত্যাবর্তনের উদ্যোগের পাশাপাশি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের মতো সহিংসতার ঘটনা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংশ্লিষ্টতার জোরালো অভিযোগ তুলেছে।

বিভিন্ন গোয়েন্দা সূত্রের তথ্য অনুসারে, আওয়ামী লীগ ডিসেম্বরকে সামনে রেখে ব্যাপক অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছে। দেশের মহাসড়ক ও রেলপথ নাশকতার মাধ্যমে বিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়েছে।

এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ১১টি সেল গঠন করা হয়েছে।

এছাড়া, পরিস্থিতিকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে শিল্প খাতকে লক্ষ্য হিসাবে নেওয়া হয়েছে। গার্মেন্টস খাতের মজুরিসংক্রান্ত আন্দোলনকে আরো বহুমুখী করে সার্বিকভাবে অচলাবস্থার দিকে ঠেলে দেয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের অর্থনৈতিক স্থাপনার পাশাপাশি সংবেদনশীল জ্বালানি ডিপো ও পাইপলাইনকেও টার্গেট করা হতে পারে বলে গোয়েন্দা তথ্যে উল্লেখ করা হয়েছে।

ঢাকার পরিস্থিতি মনিটরিং করার জন্য কলকাতার সল্টলেকে একটি লিয়াজোঁ অফিস স্থাপনের কথা জানা গেছে।

আজকের পত্রিকা

আজকের পত্রিকার প্রধান শিরোনাম— শিশুর সংখ্যা ঠিক না করে দেওয়া হচ্ছে টিকা।

এই খবরে বলা হয়েছে, হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এ পর্যন্ত তিন দফায় ২ কোটি ১৭ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। টিকাদান কর্মসূচি শেষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়ার তথ্য দিয়েছে সরকার। এরপরও হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না।

বিশেষজ্ঞদের মতে, টিকাদান কর্মসূচির সাফল্য মূল্যায়নে শুধু কত শিশুকে টিকা দেওয়া হয়েছে, তা জানলেই হয় না; মোট কত শিশু টিকার আওতায় আসার যোগ্য, সেই সংখ্যাও নির্ভুলভাবে নির্ধারণ করা জরুরি।

লক্ষ্যমাত্রা কম হলে কাগজে-কলমে টিকাদানের হার ১০০ শতাংশের বেশি দেখালেও প্রকৃতপক্ষে অনেক শিশু টিকার বাইরে থেকে যেতে পারে।

টিকা পাওয়ার উপযুক্ত অন্তত ৯৫ শতাংশ শিশুকে টিকার আওতায় না আনা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন। এই লক্ষ্য অর্জন করতে হলে দেশে এই মুহূর্তে টিকা পাওয়ার উপযোগী কত শিশু আছে এবং নতুন জন্ম নেওয়া শিশুদের মধ্যে প্রতি মাসে কতসংখ্যক সেই তালিকায় যুক্ত হচ্ছে, সেই হিসাব হাতে থাকা প্রয়োজন। কিন্তু সেই হিসাব দিতে পারছে না সরকার।

কালের কণ্ঠ

কালের কণ্ঠের প্রধান শিরোনাম— শূন্য পদে বড় নিয়োগের দুয়ার খুলছে।

এই খবরে বলা হয়েছে, সরকারি চাকরিতে দেশে শূন্য পদের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। অনুমোদিত পদের এক-চতুর্থাংশের বেশি শূন্য থাকায় বিভিন্ন স্তরে জনবলসংকট তৈরি হয়েছে।

অন্যদিকে, লাখ লাখ চাকরিপার্থী নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন।

এ পরিস্থিতিতে এসব পদ পূরণে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। এক বছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে আগামী বছর বিপুলসংখ্যক নিয়োগের জন্য বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন দপ্তর ও সংস্থা।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে সব মন্ত্রণালয় ও বিভাগকে সময়াবদ্ধ পরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ছয় মাসমেয়াদি পরিকল্পনার কাজ শেষ হয়েছে। সব দপ্তর তাদের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করছে। আগামী বছর সরকারি চাকরিতে বিভিন্ন পদে বড় ধরনের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

প্রথম শ্রেণির ক্যাডারের পাশাপাশি নন-ক্যাডার ও দ্বিতীয় শ্রেণির পদে সরকারি কর্মকমিশনকে (পিএসসি) সর্বোচ্চসংখ্যক প্রার্থীকে সুপারিশের অনুরোধ করা হয়েছে।

সমকাল

এতে বলা হয়েছে, টানা দুই সপ্তাহ ধরে ঢাকার সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলছে।

গতকাল বৃহস্পতিবারও অনেক কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে কাজ না করে বেরিয়ে যান। কর্তৃপক্ষের নানা চেষ্টা সত্ত্বেও তাদের কাজে ফেরানো যায়নি।

এ পরিস্থিতিতে ২০৪টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে ৯টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ধারায় বলা আছে- 'কাজ নেই তো বেতন নেই', অর্থাৎ যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিনের মজুরি পাবেন না শ্রমিকরা।

ছুটি ঘোষণা করা ২০৪ কারখানার মধ্যে সর্বাধিক ১৩৭টিই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের।

পরিস্থিতির উন্নতি না হলে রোববার থেকে ১৩(১) ধারায় পোশাক কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিতে পারেন অনেক মালিক।

উদ্ভূত পরিস্থিতিতে শনিবার পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে। পরিস্থিতি বিশ্লেষণ করে সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

প্রথম আলো

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে— এ প্রশ্নে জাতীয় সংসদে দফায় দফায় হইচই, হট্টগোল হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিরোধী দলের হট্টগোলের কারণে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে কিছু সময় বক্তব্য বন্ধ রাখতে হয়।

আগের দিন বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিয়ে গতকাল সংসদে দুই দফা পাল্টাপাল্টি বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিতীয় দফার বক্তব্য ঘিরে সংসদে কিছু সময়ের জন্য হট্টগোল ও উত্তেজনা তৈরি হয়।

নাহিদ ইসলাম দাবি করেন, নুসরাতের বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানো হয়েছে।

অন্যদিকে প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ওখানে পেট্রলবোমা ব্যবহৃত হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইলেকট্রিক ওয়্যারিং পুরোনো হওয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে অধিকতর তদন্তের মাধ্যমে যদি নাশকতামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

বণিক বার্তা

এই খবরে বলা হয়েছে, প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক— প্রায় প্রতিটি শিক্ষাস্তরেই বাধ্যতামূলক বিষয় হিসেবে রয়েছে ইংরেজি। তবুও এই ভাষায় যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারছেন না তাদের বড় একটি অংশ।

অন্যদিকে এর বাইরে আরবি, জাপানি, চীনা কিংবা অন্য কোনো বিদেশী ভাষা শেখার আগ্রহও সীমিত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষেরই মাতৃভাষা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষতা নেই। দ্বিতীয় ভাষা জানেন কেবল ৭ শতাংশ মানুষ।

দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার।

তবে দেশে দ্বিতীয় ভাষা শিক্ষার বর্তমান চিত্রই বলছে, এ উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ।

বিশেষ করে ইংরেজি শিক্ষার দীর্ঘদিনের দুর্বলতা কাটানোর পাশাপাশি নতুন ভাষা শেখানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠ্যক্রম ও অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা।

টাইমস অব বাংলাদেশ

টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Billions pour in, but quality goes into freefall; অর্থাৎ ঢালাও বরাদ্দেও তলানিতে নামছে শিক্ষার মান।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোথাও শিক্ষার মান নিয়ে ক্ষোভ থামছে না।

বর্তমান নয় মাস বয়সী সরকারের নানা সিদ্ধান্তে সমস্যার কোনো সুরাহা মিলছে না। পুরোনো পথেই হেঁটে এবারও ঢালাও কেনাকাটায় কোটি কোটি টাকা ঢালছে সরকার। যেমন তথাকথিত মডেল স্কুল বানাতে ৬৮ হাজার কোটি টাকা, পোশাক-ব্যাগ-জুতা বিলিতে ১০ হাজার ৩৫২ কোটি টাকা, দুপুরের খাবারের জন্য বছরে ৫ হাজার ৫০০ কোটি টাকা এবং শিক্ষকদের ট্যাব দিতে ১ হাজার ১৮৩ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষাবিদরা বলছেন, অবিলম্বে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, মানসম্মত প্রশিক্ষণ ও পাঠ্যক্রম আধুনিক না করলে পরিস্থিতি সামলানো যাবে না।

তাদের বক্তব্য, রাজনৈতিক সুবিধা দেখে শিক্ষা সংক্রান্ত বড় বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অথচ শিক্ষাকে কখনোই রাজনীতির চোখে দেখা উচিত নয়। অভিজ্ঞ ও পেশাদারদের নিয়ে একটি স্থায়ী কমিশন না করলে দেশের শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার থেকে যাবে।

এদিকে, নানা প্রতিষ্ঠানের মালিকের নিয়মিতই অভিযোগ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া প্রার্থীরা চাকরির বাজারের যোগ্য হয়ে উঠতে পারছেন না।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— Grants, not more loans that weigh us down; অর্থাৎ অনুদান দরকার; আরও ঋণ নয়, যা আমাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায়।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন।

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আরও ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বানের পাশাপাশি তিনি সতর্ক করেছেন, ঋণের ক্রমবর্ধমান বোঝা দেশগুলোর পক্ষে জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি ও বিপর্যয় সামাল দেওয়াকে আরও কঠিন করে তুলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বিশ্বব্যাপী জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং তা উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারগুলোকে যথাযথভাবে পূরণ করতে পারছে না।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়ন, ঋণের বোঝা কমানো, পরিবেশবান্ধব প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে পাঁচটি জরুরি উদ্যোগ নেওয়ার প্রস্তাবও দিয়েছেন তিনি।