সোনিয়ার স্মৃতিকথা : রাজনীতির আড়ালে কেমন ছিল গান্ধী পরিবারের জীবন?

ছবির উৎস, Keystone/Getty Images
"ওরা তোমাকেও মেরে ফেলবে,তোমাকেও বাঁচতে দেবে না!"— রাজীব গান্ধীকে আঁকড়ে ধরে সেদিন আতঙ্কে ঠিক এই কথাগুলোই বলে উঠেছিলেন সোনিয়া গান্ধী।
সালটা ১৯৮৪, তারিখ ৩১শে অক্টোবর। যে সময়ে তিনি এই কথাগুলো বলেছিলেন, তার কিছুক্ষণ আগেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন। দুই দেহরক্ষীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল সোনিয়া গান্ধীর শাশুড়ি, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শরীর।
রক্তাক্ত সেই দৃশ্য, স্বজন হারানোর যন্ত্রণা, ঘটনার পুনরাবৃত্তির আতঙ্ক আর তারপরই স্বামীর কাঁধে এসে পড়া গুরুদায়িত্ব- সব মিলিয়ে সোনিয়া গান্ধীর জীবনে মুহূর্তের মধ্যে নেমে এসেছিল এক নির্মম অভিঘাত।
শুরুতে গল্পটা ছিল নিছকই প্রেমের। ভারতীয় এক তরুণের সঙ্গে প্রেম, তারই টানে ইতালি থেকে ভিনদেশে আসা আর তারপরের অংশটা চরাই-উতরাইয়ে ভরা একটা রাস্তা।
তবে তার জীবন যে ভারতীয় রাজনীতির ইতিহাসের সঙ্গে এভাবে জড়িয়ে পড়বে, তা কল্পনাও করেননি সোনিয়া গান্ধী। কারণ, রাজনীতি তার কাছে একেবারেই পছন্দের বিষয় ছিল না। কিন্তু শেষ পর্যন্ত কর্তব্যবোধ, আদর্শ এবং কিছুটা পরিস্থিতি আর ভাগ্যের মিশেল তাকে টেনে আনে সেই রাজনীতির আঙিনাতেই।
ইতালির একটা ছোট শহর থেকে ভারতীয় রাজনীতিতে ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছানোর এই সফর সহজ ছিল না। তবে তার কাছে সবকিছুই ছিল ভালবাসার জন্য।
সফরের সেই সব মুহূর্তগুলো বরাবরই সযত্নে আগলে রেখেছিলেন তিনি। সেই অজানা, আবেগমথিত অধ্যায়ের দরজাই খুলে দিয়েছেন সোনিয়া গান্ধী।
প্রেম, শোক, আতঙ্ক, ক্ষমতা এবং আত্মত্যাগের কথার প্রতিফলন উঠে এসেছে তার স্মৃতিকথা 'বিলংগিং: এ জার্নি অব লাভ'-এ।
এই বইয়ে তিনি যেমন স্মৃতির পাতা উল্টে ব্যক্তিগত ও পারিবারিক জীবন, রাজনীতির কথা বলেছেন, তেমনই বলেছেন ক্যান্সারের সঙ্গে যুদ্ধের কথাও। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ টেনেছেন, তা সে নিজের দলের হোক বা বিপক্ষের। এই তালিকায় রয়েছেন প্রণব মুখার্জী আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
সোনিয়া গান্ধী উল্লেখ করেছেন মি. মোদীর সঙ্গে তার কুশল বিনিময় ছাড়া সেভাবে কখনো কথা হয়নি। মি. মোদীর 'আই কন্টাক্ট' এড়িয়ে চলা নিয়েও মন্তব্য করেছেন সোনিয়া গান্ধী। উল্লেখ করেছেন গোধরারও।
এর জবাবে বিজেপি পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপি মুখপাত্র সিআর কেশবন বলেছেন বইয়ের নাম 'হোইয়াট ওয়াশিং রাখলে আরো যথার্থ' হতো।
সব মিলিয়ে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে রয়েছে সদ্য প্রকাশিত এই বই।

ছবির উৎস, Gamma-Rapho via Getty Image
'ওরা আমাকে এমনিতেও মেরে ফেলবে'
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
তখন স্নান করতে যাচ্ছিলেন সোনিয়া গান্ধী। হঠাৎই বিকট শব্দ হয়। প্রথমে বাজি ফাটানোর আওয়াজ বলে মনে হলেও শব্দটা একটু 'আলাদা' ছিল।
নিজের কার্যালয়ের দিকে যাচ্ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
সেই সময়ে তার দুই শিখ দেহরক্ষী তাকে উদ্দেশ্য করে গুলি চালান।
ওই বছরেরই শুরুর দিকে শিখ ধর্মের পবিত্রতম তীর্থস্থান অমৃতসরের স্বর্ণমন্দিরে ভারতীয় সেনাবাহিনীর অভিযানের প্রতিশোধ নিতেই ছিল সেই প্রাণঘাতী হামলা।
সোনিয়া গান্ধীর দুই সন্তানের দেখাশোনার দায়িত্বে থাকা এক নারী গৃহকর্মী উন্মাদের মতো বাগানের দিকে ইশারা করেন। সেদিকে ছুটে গিয়ে সোনিয়া গান্ধী দেখতে পান রক্তাক্ত অবস্থায় সাদা অ্যাম্বাসেডর গাড়িতে শুয়ে রয়েছেন ইন্দিরা গান্ধী। তার চোখ খোলা, পরনের শাড়ি রক্তে ভেসে যাচ্ছে, মুখে বিস্ময়ের ছাপ।
"মাম্মি, মাম্মি" বলে ডাকার চেষ্টা করেও গলা দিয়ে স্বর বেরোয়নি সোনিয়া গান্ধীর। হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর চিকিৎসক ইশারায় জানান সব শেষ। শোক সামলানোর অবকাশটুকুও পাননি তিনি।
সেদিন এক জনসভায় যোগ দিতে পশ্চিমবঙ্গে ছিলেন রাজীব গান্ধী। সেখান থেকেই তাকে দিল্লিতে ফিরিয়ে আনা হয়।
বাড়িতে ফিরে এসে তিনি স্ত্রীকে জানান যে দলের নেতারা তাকেই প্রধানমন্ত্রীর দায়িত্বে চাইছেন।
স্বামীর ওপরেও হামলা হতে পারে, এই ভেবেই আশঙ্কায় ভেঙে পড়েছিলেন সোনিয়া গান্ধী। আতঙ্কে আর রাগে তিনি বলে উঠেছিলেন, "ওরা তোমাকে মেরে ফেলবে! তোমাকেও হত্যা করবে!"
কিন্তু রাজীব গান্ধীর জবাব ছিল, "ওরা আমাকে এমনিতেও মেরে ফেলবে।"
End of বিবিসি বাংলায় আরও পড়তে পারেন

ছবির উৎস, Sygma via Getty Images
সেদিন সন্ধ্যাতেই দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজীব গান্ধী। বাড়িতে ইন্দিরা গান্ধীর মরদেহ তখনো শায়িত।
রাজনীতির ছোঁয়াচ থেকে সন্তর্পণে দূরে থাকতে চাওয়া সোনিয়া গান্ধী হয়ে ওঠেন দেশের প্রধানমন্ত্রীর স্ত্রী, যে দেশে তিনি এসেছিলেন নিছকই ভালবাসার টানে।
কয়েক বছরের মধ্যেই আরো এক মর্মান্তিক ঘটনা ঘটে যায়, হত্যা করা হয় রাজীব গান্ধীকে।
ইংল্যান্ডে রাজীব গান্ধীর সঙ্গে তার যখন পরিচয় হয়, তখন তার বয়স মাত্রই ১৯। ক্রমে সম্পর্ক নিবিড় হয় এবং এই সম্পর্কই তাকে টেনে নিয়ে আসে ভারতে।
ইন্দিরা গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধন গড়ে ওঠে তার। স্বামী ও শাশুড়ির হাত ধরেই এই দেশই তার নিজের বাড়ি হয়ে ওঠে।
স্মৃতিকথায় সোনিয়া গান্ধী উল্লেখ করেছেন রাজীব গান্ধীকে হত্যার পর তার (সোনিয়া গান্ধীর) নেতৃত্বাধীন ট্রাস্টগুলোর পক্ষ থেকে আয়োজিত সভায় উপস্থিত হওয়াটা কতটা কঠিন ছিল। জনসমক্ষে উপস্থিত হওয়াটা তার কাছে তখন এক দুঃসহ অভিজ্ঞতা ছিল। বক্তৃতা দেওয়ার আগে তার ভয় হতো, যে কোনো মুহূর্তে কান্নায় ভেঙে পড়তে পারেন তিনি।
দালাই লামা সোনিয়া গান্ধীর কাছে জানতে চেয়েছিলেন স্বামীর হত্যাকারীদের প্রতি তিনি প্রতিশোধপরায়ন কি না।
উত্তরে বলেছিলেন যে না, তার মনে প্রতিশোধ নেওয়ার কোনো স্পৃহা নেই, তবে এই কথাগুলো বলেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
সোনিয়া গান্ধী লিখেছেন ধীরে ধীরে "যন্ত্রণাদায়ক অনুপস্থিতির বদলে আমার অন্তরে রয়ে গেল" রাজীব।
তবে শোক ঘুরে ফিরে জানান দিত, বিশেষত যে সমস্ত মুহূর্তগুলোয়, যা পরিবারের কাছে গুরুত্বপূর্ণ ছিল। তারই একটা ছিল ১৯৯৫ সালে কেমব্রিজে পুত্র রাহুল গান্ধীর গ্র্যাজুয়েশান অনুষ্ঠান।
রাজীব গান্ধী থাকলে কতটা গর্ব বোধ করতেন, সে সব ভেবে তিনি ও তার সন্তানেরা যে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সে কথাও স্মৃতিকথায় উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী।

ছবির উৎস, gatty images
সক্রিয় রাজনীতির আঙিনায় পদার্পণ
ছোঁয়াচ এড়াতে চাইলেও রাজনীতিতে যোগ দেওয়ার জন্য চাপ ক্রমশ বাড়ছিল। যে পরিবারের সঙ্গে কংগ্রেস ওতপ্রোতভাবে জড়িয়ে সেই দলের সংহতি ও নির্বাচনী ভিত্তি হারাচ্ছিল। প্রবীণ নেতারা দল ছেড়ে চলে যাচ্ছিলেন। দলের বাঁধন আঁটসাঁট করতে সোনিয়া গান্ধীকে দায়িত্ব নেওয়ার দাবি আরো জোরালো হচ্ছিল।
প্রথমে রাজি হননি তিনি।
সোনিয়া গান্ধী লিখেছেন, স্বামী রাজীবের মধ্যে দিয়েই রাজনীতিকে দেখেছিলেন তিনি। রাজনীতিতে সাফল্য যেমন তিনি লক্ষ্য করেছিলেন তেমনই রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকা "উচ্চাকাঙ্ক্ষা ও লোভ, ভণ্ডামি ও বিশ্বাসঘাতকতা"ও চোখে পড়েছিল তার।
"আমি বরাবরই রাজনীতি অপছন্দ করতাম," লিখেছেন তিনি। এটা প্রথমে শাশুড়িকে, তারপর "আমার জীবনের ভালোবাসা এবং আমার সন্তানদের বাবাকে" কেড়ে নিয়েছিল।
কিন্তু দলের টলোমলো অবস্থা ব্যক্তিগত হয়ে উঠতে শুরু করেছিল। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর ছবির পাশ দিয়ে যাওয়ার সময় "যন্ত্রণা ও অপরাধবোধের এক মিশ্র অনুভূতিতে" আচ্ছন্ন হয়ে পড়তেন বলে স্বীকার করেছেন।
যে শক্তিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে "ভারতের বহুত্ববাদী আদর্শ রক্ষার" জন্য লড়াই করেছিলেন তারা (ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী), সেগুলোই শক্তি সঞ্চয় করছে।
ক্রমবর্ধমান হিন্দু জাতীয়তাবাদ প্রকট হয়ে উঠছিল, যা তার মতে "ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী দৃষ্টিভঙ্গিকে" ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। অথচ এগুলোই রক্ষা করতে চেয়েছিলেন তার প্রিয়জনেরা।
কংগ্রেস নেতারা যুক্তি দিয়েছিলেন তাকে ছাড়া দল ভেঙে যেতে পারে এবং তেমনটা হলে সাম্প্রদায়িক রাজনীতিকে আটকানোর তেমন কোনো উপায় থাকবে না।
সোনিয়া গান্ধীর কাছে পরিবারের নাম ছিল ধর্ম, বর্ণ, ভাষা ও অঞ্চলের ঊর্ধ্বে। এটাই তার কাছে "সবচেয়ে জোরালো যুক্তি" হয়ে ওঠে।
তবে সংশয়ও ছিল।
শেষপর্যন্ত উত্তর খুঁজে পেয়েছিলেন 'গীতা'য়।
প্রসঙ্গত, ধার্মিক না হলেও, ১৯৯৭ সালের জানুয়ারিতে এক সংস্কৃত পণ্ডিতের কাছে ব্যক্তিগতভাবে পাঠ নেন তিনি। কর্মফলের প্রতি আসক্তি ছাড়া নিজের ধর্ম বা কর্তব্য পালন করার বার্তা দ্বন্দ্বের সমাধান করে।
সোনিয়া গান্ধী লিখেছেন, "আমার নিজের সন্দেহ ও প্রশ্নগুলোর উত্তর আমার কাছেই ছিল। আমাকে বেরিয়ে আসতে হতো এবং যেখানে আমার কর্তব্য ডাক দিয়েছিল, আমাকে সেখানে যেতে হতো। এবং আমি তাই-ই করেছিলাম।"
ভিন্ন পরিস্থিতিতে রাজনীতির আঙিনায় প্রবেশ করলেও বিচক্ষণতা এবং স্বকীয়তা দিয়ে ক্রমে নিজের জায়গা করে নেন তিনি। হয়ে ওঠেন ভারতীয় রাজনীতির অন্যতম ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে একজন।

ছবির উৎস, AFP via Getty Images
প্রধানমন্ত্রীত্বে 'না'
তার স্মৃতিকথায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয়ের তালিকায় রয়েছে ২০০৪ সালের এক ঘটনা। দলের নির্বাচনী প্রচারের নেতৃত্ব দিয়েছিলেন সোনিয়া গান্ধী।
ভোটে কংগ্রেসের সাফল্যের পর দিল্লির রাষ্ট্রপতি ভবনে যান সোনিয়া গান্ধী, সঙ্গে ছিলেন মনমোহন সিং। রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের সরকার গঠনের দাবিও জানান। সেই সময়ে সবাই ধরেই নিয়েছিল যে তিনিই প্রধানমন্ত্রী হতে চলেছেন। সোনিয়া গান্ধী অবশ্য কিছুই বলেন নি।
তবে বাড়িতে তিনি দলের এক ঊর্ধ্বতন সহযোগীকে জানিয়ে দেন তিনি প্রধানমন্ত্রী হবেন না। দলের কর্মীরা জড়ো হন, ঊর্ধ্বতন সহকর্মীরা বৈঠকের দাবি জানান।
তাদের একজন বলেন, "আপনি নির্বাচনে লড়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। মানুষ আপনাকে বিশ্বাস করেছে। আপনি কী করে তাদের হতাশ করতে পারেন? আমাদের কর্মীরা বিদ্রোহ করবে। আপনার কি মনে হয় তারা অন্য কোনো নেতাকে মেনে নেবে?"
জোটের নেতারা তাকে রাজি করাতে আসেন।
সোনিয়া গান্ধী নিজের স্মৃতিকথায় উল্লেখ করেছেন, তারা (আগত নেতারা) তাকে ঘিরে ধরেন এবং একজন জোর দিয়ে বলেন, "আমরা কোনোভাবেই না শুনব না।"
অভিভূত হয়ে সোনিয়া গান্ধী মৃদুস্বরে বলেছিলেন " ঠিক হ্যায় ", অর্থাৎ ঠিক আছে। উপস্থিত সকলে তার সম্মতি হিসেবে ধরে নেন এবং অভিনন্দন জানাতে শুরু করেন।
সোনিয়া গান্ধী লিখেছেন তার দুই সন্তান হতবাক হয়ে গিয়েছিলেন। রাহুল গান্ধী ঝড়ের বেগে ঘরে ঢুকে বলেন, "তুমি হ্যাঁ বলেছ?" মেয়ে প্রিয়াঙ্কা তাকে জোর করে চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে না নেওয়ার জন্য অনুরোধ করেন।
কীভাবে সেই রাতটা নিজের সঙ্গে, বন্ধু ও পরিবারের সঙ্গে তর্ক করে কাটান, সেকথা উল্লেখ করেছেন এই কংগ্রেস নেত্রী।
তিনি উল্লেখ করেছিলেন, ঝুঁকিটা কেবল ব্যক্তিগত ছিল না। প্রধান বিরোধী দল বিজেপি তার বিদেশে জন্মানো নিয়ে রাজনীতি করবে এবং ক্ষমতায় এলে এই বিতর্ক "বিপর্যয় সৃষ্টি করবে" বলেই মনে করেন তিনি। তেমনটা হলে দেশেরই ক্ষতি হবে বলেও আশঙ্কা ছিল তার। সকালে ছেলে রাহুল গান্ধীকে তিনি বলেন, "আমি মনস্থির করে ফেলেছি। আমার অবস্থানে অটল থাকব।"
তারপর নিজের বদলে অর্থনীতিবিদ এবং দলের অন্যতম প্রবীণ নেতা মনমোহন সিংকে বেছে নেন প্রধানমন্ত্রীর দায়িত্বের জন্য।

ছবির উৎস, AFP via Getty Images
প্রণব মুখার্জীর প্রসঙ্গ
তার বইয়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের বিষয়ে উল্লেখ করেছেন সোনিয়া গান্ধী। এই তালিকায় ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও আছেন। এই প্রবীণ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপচারিতার সময়ে নিজের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা সম্পর্কে ইঙ্গিত দিয়েছিলেন।
সেই সময়ে ইউপিএ সরকারের দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং।
সোনিয়া গান্ধী লিখেছেন, "... আমার মনে হয়, ২০১০ সালের দিকে একবার, নিজের হতাশা প্রকাশ করার পর তিনি আমাকে এই পরামর্শ দিয়ে হতবাক করে দিয়েছিলেন যে সম্ভবত শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে। একে আমি তার প্রধানমন্ত্রী হওয়ার দীর্ঘদিনের ইচ্ছার ইঙ্গিত হিসেবে বুঝেছিলাম।"
সেদিন "নম্রভাবে প্রসঙ্গ বদলানো"র কথা স্বীকার করেছেন সোনিয়া গান্ধী। প্রণব মুখার্জীর রাজনৈতিক বিচক্ষণতা এবং পারদর্শিতার উপর জোর দিয়ে তিনি উল্লেখ করেছিলেন তার সম্মতি না জানানো নিয়ে ক্ষোভ থাকলেও কখনো প্রকাশ করেননি মি. মুখার্জী। পরে দলের তরফে রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জীর নাম মনোনীত করা হয় এবং তিনি নির্বাচিতও হন।
সোনিয়া গান্ধীর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন প্রণব মুখার্জীর মেয়ে। তিনি পাল্টা বলেছেন, "এতে হতবাক হওয়ার কী আছে ? উচ্চাকাঙ্ক্ষী হওয়া কী অপরাধের?"
পাশাপাশি কটাক্ষও করেছেন, "বংশানুক্রমিক অধিকারের সুবাদে কেউ তাকে কোনো পদ এমনকী প্রধানমন্ত্রীর পদও থালায় সাজিয়ে দেয়নি।"

ছবির উৎস, Gamma-Rapho via Getty Images
জা মানেকা গান্ধী প্রসঙ্গে
লেখায় উঠে এসেছে সঞ্জয় গান্ধীর স্ত্রী মানেকা গান্ধীর প্রসঙ্গও। ১৯৭৪ সালে সঞ্জয় গান্ধীর যখন বিয়ে হয়, তখন মানেকার বয়স ১৮ বছর। বাড়িতে 'ছোটি বহুরানির' আগমন নিয়ে বেশ খুশি ছিলেন সোনিয়া গান্ধী।
তবে তিনি তার বইয়ে উল্লেখ করেছেন ক্রমে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। ছোট ছোট বিষয় নিয়ে বাড়িতে অশান্তি লেগে থাকত। নিজের বইয়ে মানেকা গান্ধীর ব্যবহারের বিষয়ে উল্লেখ করে লিখেছেন, সেই ব্যবহার ভাল না লাগলেও শান্তি বজায় রাখতে চুপ থাকতেন তিনি।
শেষ পর্যন্ত সঞ্জয় গান্ধীর মৃত্যুর পর গান্ধী পরিবারের সঙ্গে মানেকা গান্ধীর দূরত্ব বাড়ে।

ছবির উৎস, Sygma via Getty Images
তবে এই স্মৃতিকথা কোনো নিরপেক্ষ ইতিহাস নয়। বোফর্স কেলেঙ্কারি, যা রাজীব গান্ধীর সরকারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল এবং কয়েক দশক ধরে এই পরিবারকে তাড়া করে বেড়িয়েছিল, সে বিষয়ে আলোচনা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত রয়েছে বলেও অনেকে সমালোচনা করেছেন।
৫০২ পৃষ্ঠার এই স্মৃতিকথায় কংগ্রেসের নিজস্ব কর্মকাণ্ডের কম প্রশংসনীয় দিকগুলো নিয়ে তেমন খোলামেলা আলোচনা করা হয়নি বলেও অভিযোগ।
সোনিয়া গান্ধী তার প্রতিপক্ষদের অধীনে রাজনৈতিক দুর্নীতি এবং জনমানসের অবক্ষয় নিয়ে অনেক কিছু বললেও ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে জর্জরিত করেছিল পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি এবং দুর্নীতির সংস্কৃতির মতো নানা বিষয়, সেগুলো নিয়ে সমালোচনাকে তিনি মূলত এড়িয়ে গিয়েছেন বলেও অনেকে মনে করেন।
তবে সোনিয়া গান্ধী উল্লেখ করেছেন, তিনি তার শাশুড়ি ও স্বামীর রাজনৈতিক উত্তরাধিকার রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছেন।
৭৯ বছরের এই প্রবীণ কংগ্রেস নেত্রী এখন ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য।
তিনি লিখেছেন, যন্ত্রণা ও ক্ষতি, জয় ও পরাজয় এবং রাজনীতির কূটকৌশলের মধ্য দিয়েও "একটা ন্যায়পরায়ণ ও মানবিক সমাজের" প্রতি বিশ্বস্ত থাকাটাই ছিল আসল চ্যালেঞ্জ।"
"এই মুহূর্তে মনে হচ্ছে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলেও যে শক্তির বিরুদ্ধে লড়তে বেরিয়েছিলাম, তাদের প্রতিহত করতে আমি সফল হইনি।"









