বাংলাদেশ-ভারত কেউই নিচ্ছে না, চার দিন ধরে শূন্যরেখায় এক নারী

বাংলাদেশ-ভারত সীমান্তে শূণ্যরেখায় চারদিন ধরে অবস্থান করছেন এই নারী
ছবির ক্যাপশান, বাংলাদেশ-ভারত সীমান্তে শূণ্যরেখায় চারদিন ধরে অবস্থান করছেন এই নারী
    • Author, সজল দাস
    • Role, বিবিসি নিউজ বাংলা
  • Published
  • পড়ার সময়: ৫ মিনিট

সীমান্তের নো ম্যানস্ ল্যান্ড বা শূন্য রেখায় খোলা আকাশের নিচে খড়কুটোর ওপর একটি পাতলা কম্বল নিয়ে অবস্থান করছেন এক নারী। আর দুই প্রান্তে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ এর কঠোর অবস্থান।

গত চারদিন ধরে এই অবস্থা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে।

এই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যম এবং স্থানীয় গণমাধ্যমে ওই নারীকে নিয়ে পোস্ট দিতেও দেখা গেছে অনেককে।

খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে সীমান্তের শূন্য রেখায় অটকে আছেন ওই নারী। তাকে নিজের নাগরিক হিসেবে গ্রহণ করছে না বাংলাদেশ কিংবা ভারত কোনো দেশই।

বিজিবি অভিযোগ করেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেছিল।

তার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশে বাঁধা দিয়েছিল ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

এরপর থেকেই দুই দেশের সীমান্তে শূন্যরেখায় আটকে আছেন তিনি। ঘটনার পর চার দিন পেরোলেও ওই নারীর দায়িত্ব নিতে রাজি নয় কোনো দেশই।

এই ঘটনার সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনানুষ্ঠানিক যোগাযোগ হলেও সমাধান মেলেনি। শুক্রবার বিকেল পর্যন্ত দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছেন বলে জানা গেছে।

এমন প্রেক্ষাপটে, বাধ্য হয়ে খোলা মাঠে, আকাশের নিচেই দিনের পর দিন অবস্থান করছেন ওই নারী।

খোলা আকাশের নিচেই বসবাস, নেই খাবারের নিশ্চয়তা
ছবির ক্যাপশান, খোলা আকাশের নিচেই বসবাস, নেই খাবারের নিশ্চয়তা

পরিচয় নিয়ে ধোঁয়াশা

স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখায় চার দিন ধরে অবস্থান করলেও ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বাংলাদেশের নাগরিক নাকি ভারতের- এ নিয়ে বিজিবি এবং বিএসএফ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। কিন্তু কোনো পক্ষই ওই নারীকে নিজ ভূখণ্ডে প্রবেশ করতে দিচ্ছে না।

শুক্রবার বিকেলে পাথরের চর সীমান্ত সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকে গত কয়েকদিন ওই নারীর কাছে ভাত, বিস্কুট এবং পাউরুটির মতো খাবার পৌঁছে দিয়েছিলেন তারা। কিন্তু শুক্রবার সেটিও আর সম্ভব হয়নি।

অর্থাৎ চারদিন ধরে খোলা জায়গায় রোদ আর ঠাণ্ডা সহ্য করেই মানবেতর অবস্থা তৈরি হয়েছে তার।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ওই নারীর সঙ্গে কথা বলেছিলেন স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী।

তাদেরই একজন জামালপুরের জি এম ফাতিউল হাফিজ বাবু বিবিসি বাংলাকে জানান, ওই নারী নিশ্চিত করে তার ঠিকানা বলতে পারছেন না।

মি. বাবু জানান, "সে নিজের নাম বলেছেন ফুজি বেগম, বাবার নাম হানিফ, বয়স আনুমানিক ত্রিশ। একবার বলেছেন তার বাড়ি বাংলাদেশের পিরোজপুর জেলায়, আবার বলেন ঝালকাঠি, আরেকবার বলেন বরিশাল।"

ওই নারীর কথায় অসঙ্গতি রয়েছে বলেও দাবি করেন মি. বাবু। "তাকে দেখে এবং কথা বলে অ্যাবনরমাল মনে হয়েছে। শূন্য রেখায় মানবেতর জীবনযাপন করছেন, ওদিকে গেলে বিএসএফ বাঁধা দেয় এদিকে আসলে বিজিবি বাঁধা দেয়," বিবিসি বাংলাকে বলেন ফাতিউল হাফিজ বাবু ।

শুক্রবার বিকেলে ওই এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গেও কথা হয়েছে বিবিসি বাংলার। তারা জানায়, ঘটনার শুরুর কয়েকদিন ওই নারীকে কিছু শুকনো খাবার পৌঁছে দেওয়া সম্ভব হলেও শুক্রবার সেটিও বন্ধ হয়ে গেছে।

"অনেকেই বর্ডারে ওই নারীরে দ্যাখতে আইতাছেন। কিন্তু গত কয়দিন একটু কাছে যাওয়া গেলেও আইজগ্যা আর দেহন যাই নাই, খাবারও দিতে পারছি না," বিবিসি বাংলাকে বলেন ওই এলাকার একজন বাসিন্দা।

বিজিবির সঙ্গে কথা বলে স্থানীয়রা গত কয়েকদিন ওই নারীকে কিছু শুকনো খাবার ও পানির বোতল পৌঁছে দিতে পারলেও শুক্রবার বিএসএফ তাতে আপত্তি জানিয়েছে বলে দাবি করেন স্থানীয় গণমাধ্যমকর্মী ফরহাদ রেজা।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "গণমাধ্যমকর্মীরা গত কয়দিন কাছ থেকেই রিপোটিংয়ের প্রয়োজনে ফুটেজ নিতে পারছি কিন্তু আজ (শুক্রবার) অবস্থা একদমই বেগতিক। তারা কাছেই যেতে দেয়নি।"

এদিকে, ওই নারীর পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবিও। তাদের দাবি, সুনির্দিষ্ট কোনো পরিচয় ওই নারী এখনও দিতে পারেননি।

"সে তো কংক্রিট কোনো অ্যাড্রেস (ঠিকানা) দিতে পারছে না আমাদেরকে। অসম্পূর্ণ কিছু তথ্য দিচ্ছে। আর উনি কিছুটা... স্বাভাবিক কথাবার্তা চালানো মুশকিল," বিবিসি বাংলাকে বলেন জামালপুর ৩৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি-বিএসএফ দুই পক্ষই
ছবির ক্যাপশান, সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি-বিএসএফ দুই পক্ষই (ফাইল ছবি)

সীমান্তে টহল জোরদার

জামালপুরের পাথরের চর সীমান্তে শূন্য রেখায় থাকা নারী বাংলাদেশের নাগরিক নাকি ভারতের এই প্রশ্ন সামনে আসছে।

এ বিষয়ে সীমান্তে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জামালপুর ৩৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

শুক্রবার বিকেলে বিবিসি বাংলাকে তিনি জানান, শূন্য রেখায় আটকে থাকা ওই নারীর বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ চলছে। তাকে যেন বিএসএফ ফিরিয়ে নেয়, সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

"সীমান্তে বিএসএফ আছে, বিজিবি আছে, ওই মহিলা আগের মতোই শূন্য রেখায় বসে আছেন, কোনো ডিসপোজাল নাই," বলেন তিনি।

সীমান্তের নোম্যান্স ল্যান্ডে থাকা ওই নারীকে যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশে জোর করে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রমাণ বিজিবি'র কাছে আছে বলেও দাবি করেন মি. রহমান।

"ওরা (বিএসএফ) বলে বাংলাদেশের মানুষ আমরা (বিজিবি) বলছি ইন্ডিয়া থেকে তারা পুশ করেছে। তারা যে পুশ করেছে এর প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু ওরা সেটা স্বীকার করতে চায় না," বিবিসি বাংলাকে বলেন তিনি।

এই ইস্যুতে প্রতিবেশি দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানান মি. রহমান।

"বিজিবি-বিএসএফ সবসময়ই কমিউনিকেশন হচ্ছে। আমাদের অথোরিটি লেভেলে যোগাযোগ আছে," বলেন তিনি।

তবে, চারদিন ধরে মানবেতর অবস্থায় সীমান্তের শূন্য রেখায় অবস্থান নেওয়া এই নারীর বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের কোনো সম্ভাবনা আছে কিনা এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

ফলে, ওই নারীকে সীমান্ত থেকে সরিয়ে নেওয়ার বিষয়টি এখনও অনিশ্চতার মধ্যেই রয়েছে।

এর আগে চলতি বছরে জুন মাসেও কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ ইন এর শিকার হওয়া দুই শিশুসহ এক পরিবারের চারজনকে ৯৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছিল।

এছাড়া জামালপুরের কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক ব্যক্তি এবং একই জেলার ঝাওডাংগা সীমান্ত দিয়ে এক যুবককে পুশ ইনের ঘটনা ব্যাপক আলেচনার জন্ম দিয়েছিল।

কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক ব্যাক্তিকে ঘিরে বিএসএফ ও বিজিবির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা (ফাইল ছবি)
ছবির ক্যাপশান, কামালপুর সীমান্ত দিয়ে ষষ্ঠী চন্দ্র বর্মন নামে এক ব্যাক্তিকে ঘিরে বিএসএফ ও বিজিবির সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা (ফাইল ছবি)

২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত প্রতিবেশি দুই দেশের সম্পর্কে অবণতি দেখা গেছে।

আর তখন থেকেই সীমান্ত এলাকায় ঘটা নানা ঘটনায় মাঝেমধ্যেই দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।

বিশেষ করে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় বেশ কয়েকবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।

প্রতিবেশি দেশ ভারতের বিরুদ্ধে বিভিন্ন সময় বাংলাদেশি নাগরিক দাবি করে জোর করে অনুপ্রবেশ করানো বা পুশ ইন এর অভিযোগও তুলেছে বাংলাদেশ। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছে বিএসএফ।

বাংলাদেশের জাতীয় সংসদেও এ নিয়ে নানা আলোচনা হয়েছে। একাধিকবার বিরোধী দলের প্রশ্নের মুখেও পড়েছে সরকার।

সম্প্রতি জাতীয় সংসদে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সরকারের নির্দেশনায় সীমান্তরক্ষী বাহিনীর কঠোর অবস্থানের কারণে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায় পার্শবর্তী দেশ থেকে পুশ ইন এর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার আগ পর্যন্ত, গত পহেলা জানুয়ারি ২০২৫ থেকে ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ সময়ে ভারত থেকে দুই হাজার ৪৮২ জনকে পুশ ইন করা হয়েছিল।

কিন্তু এর পর থেকে চলতি বছরের আটই নভেম্বর পর্যন্ত পুশইনকৃত ব্যাক্তির সংখ্যা ৩৭ জন।

"পশ্চিমবঙ্গে ক্ষমতার পট পরিবর্তনের পর যে পরিমাণে বাংলাদেশ সীমান্ত বরাবর সমস্ত জায়গায় পুশ ইন এর প্রচেষ্টা নেওয়া হয়েছিল, আমরা অত্যন্ত ধৈর্য সহকারে মোকাবেলা করেছি," বলেন তিনি।

এছড়া বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যার সংখ্যাও কমেছে বলে দাবি করেন মি. আহমদ।