পত্রিকা: 'আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
ছবির ক্যাপশান, ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৮ মিনিট

বিশ্ব ডায়াবেটিস দিবস ঘিরে এ নিয়ে নানা খবর; সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক এবং সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক, যার ফলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা চলে যেতে পারে সরকারের হাতে— এ সংক্রান্ত খবর গুরুত্ব পেয়েছে শনিবার ঢাকা থেকে প্রকাশিত পত্রিকায়।

আজকের পত্রিকার প্রধান শিরোনাম— আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ।

এই খবরে বলা হয়েছে, মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না, তারা এ রোগে আক্রান্ত।

শিশুদের ক্ষেত্রে স্থূলতা ও পরিবারের নিকটাত্মীয়ের ডায়াবেটিস থাকার সঙ্গে রোগটির সম্পর্ক পাওয়া গেছে।

অন্যদিকে, তরুণদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ, পেটের অতিরিক্ত মেদ, শরীরচর্চা ও পরিশ্রমের অভাব এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের যোগসূত্র পাওয়া গেছে।

সম্প্রতি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের দুটি গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।

একই বয়সী প্রতি পাঁচজনের প্রায় একজন প্রি-ডায়াবেটিসে আক্রান্ত। অর্থাৎ তাঁদের রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি, তবে তা এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি।

আজকের পত্রিকা

প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশে বছরে এলপিজির চাহিদা ১৮ লাখ টনের বেশি। এক কোটিরও বেশি গ্রাহকের রান্নার এই জ্বালানির বাজারের প্রায় পুরোটাই বেসরকারি খাতের হাতে, যার বড় অংশ কয়েকটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে।

২০২৫-২৬ অর্থবছরে সাতটি প্রতিষ্ঠান মোট আমদানির ৮৬ শতাংশ করেছে। এর মধ্যে পাঁচ প্রতিষ্ঠানের অংশ প্রায় ৭১ শতাংশ।

আমদানিতে এমন আধিপত্য ও সরবরাহে 'সিন্ডিকেটের' কারণে সরকার নির্ধারিত দামে এলপিজি পাচ্ছেন না গ্রাহক। এতে সংকট হয়েছে আরও তীব্র।

যদিও চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত ৯ মাসে সরকার নির্ধারিত দাম বেড়েছে ৫৩ দশমিক ৬ শতাংশ।

এছাড়া, চলতি মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) উৎপাদন, সরবরাহসহ সব পর্যায়ে কমিশন বাড়িয়েছে। এরপরও ১২ কেজির সিলিন্ডার কিনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে ৫০০ টাকা পর্যন্ত বেশি দিয়ে।

পরিবেশকদের অভিযোগ, কোনো কোনো কোম্পানি কারখানা থেকেই নির্ধারিত দরের চেয়ে বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও রয়েছে।

সমকাল
প্রথম আলো
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

ডায়াবেটিসে বিশ্বে সপ্তম, প্রতিরোধে প্রস্তুতি কম— প্রথম আলোর প্রধান খবর এটি।

এই খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) সর্বশেষ (২০২৫) তথ্য অনুযায়ী, বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের অনুমিত সংখ্যা ১ কোটি ৩৯ লাখের বেশি। যা ডায়াবেটিসের রোগীর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ সপ্তম।

আইডিএফ বলছে, বিশ্বের যেসব দেশে ডায়াবেটিসের রোগীর জন্য বছরে সবচেয়ে কম ব্যয় করা হয়, সেই তালিকার শীর্ষে বাংলাদেশ।

দেশে ডায়াবেটিস চিকিৎসা মূলত বেসরকারি ব্যবস্থার ওপর নির্ভরশীল। কার্যত বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও তাদের অধীন বিভিন্ন হাসপাতালের ওপর নির্ভরশীল।

ডায়াবেটিক সমিতির কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেন, এ পর্যন্ত ৭২ লাখের কিছু বেশি মানুষ ডায়াবেটিসের রোগী হিসেবে নিবন্ধিত।

এদিকে, আইডিএফের পক্ষ থেকে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্য পাঁচটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

এর মধ্যে আছে ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীকে রোগ নির্ণয়ের আওতায় আনা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তের শর্করা সুনিয়ন্ত্রণে রাখা, ৮০ শতাংশ ডায়াবেটিসের রোগীর রক্তচাপ সুনিয়ন্ত্রণে রাখা, ৬০ শতাংশ ডায়াবেটিসের রোগীর স্টাটিন (রক্তে চর্বি কমানোর ওষুধ) পাওয়া নিশ্চিত করা এবং টাইপ-১ ডায়াবেটিসের রোগীর ১০০ শতাংশকে ইনসুলিন নিশ্চিত করা।

তবে এই লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের কোনো প্রস্তুতি নেই, যদিও এটি বাধ্যতামূলক কোনো বিষয় নয়।

নয়া দিগন্ত

প্রতিবেদনটিতে বলা হয়েছে, সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর কাছে ছয় হাজার কোটি টাকা ইকুইটি বিনিয়োগ চেয়েছে ইসলামী ব্যাংক। প্রস্তাবটি বাস্তবায়িত হলে ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে।

এর ফলে ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় কার্যত রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যাংকটি নতুন করে ৬০০ কোটি সাধারণ শেয়ার ইস্যুর প্রস্তাব করেছে, তাতে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হিসাবে এর মাধ্যমে ছয় হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন বর্তমান এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে।

গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেওয়া 'ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩'-এ মূলধন পুনর্গঠন ও আর্থিক অবস্থার উন্নয়নে এ প্রস্তাব তুলে ধরে ইসলামী ব্যাংক।

বণিক বার্তা

এই খবরে বলা হয়েছে, দেশের বেসরকারি খাতে ঋণপ্রবাহের প্রবৃদ্ধি এখন মাত্র ৪ শতাংশের ঘরে। টানা চার বছর ধরে মূলধনি যন্ত্রপাতির আমদানিও ঋণাত্মক। বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধিজনিত ব্যয় ছাড়া নতুন করে ডলারের চাহিদা তৈরির মতো বড় কোনো চাপও নেই অর্থনীতিতে।

এর বিপরীতে দেশে রেমিট্যান্স প্রবাহ রয়েছে রেকর্ড উচ্চতায়। তার পরও চার মাস ধরে ঊর্ধ্বমুখী ডলারের বিনিময় হার।

এ সময়ে আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রাবাজারে প্রতি ডলারের দাম বেড়েছে অন্তত ২ টাকা। খুচরা বা কার্ব মার্কেটে তা ১২৯ টাকা ছুঁয়েছে।

হঠাৎ সৃষ্টি হওয়া চাহিদা মেটাতে তাই রিজার্ভ থেকে আবারো ডলার বিক্রি শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থবছরে এখন পর্যন্ত ৪২ কোটি ডলার বিক্রি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, বেসরকারি খাতে মন্দা সত্ত্বেও ডলারের চাহিদা হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণ বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাব। সেই সঙ্গে আসন্ন রমজানকে ঘিরে ভোগ্যপণ্যের আমদানিও বেড়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় হার স্থিতিশীল রাখতে ডলার বিক্রি করতে বাধ্য হচ্ছে।

দেশ রূপান্তর

দেশ রূপান্তরের প্রধান শিরোনাম— অস্থিরতার নেপথ্যে আন্ডারওয়ার্ল্ড।

এই খবরে বলা হয়েছে, দেশজুড়ে চলমান অস্থিরতার সুযোগ নিয়ে ফের সক্রিয় হয়ে উঠছে আত্মগোপনে থাকা আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা।

সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক ও রাজনৈতিক এই অস্থিরতায় হাত মিলিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কতিপয় নেতা।

শীর্ষ সন্ত্রাসীদের অনেকে দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশে থাকা সহযোগীরা তাদের নির্দেশনা মোতাবেক কাজ করছে। এ খাতে বড় অঙ্কের অর্থ ঢালছেন আওয়ামী লীগের পলাতক নেতারা।

পুলিশ সদর দপ্তরের একটি গোপন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এতে বলা হয়েছে, এই চক্রের মধ্যে কিছু পুলিশ সদস্যদের যোগসাজশের আলামতও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

কালের কণ্ঠ

সবজির সঙ্গে বিষ যাচ্ছে পেটে— কালের কণ্ঠের প্রধান খবর এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সাম্প্রতিক এক গবেষণা বলছে, ঢাকার বিভিন্ন বাজার ও এলাকা থেকে সংগ্রহ করা শাক-সবজির নমুনায় ১.১৬ থেকে ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা শনাক্ত হয়েছে।

এছাড়া, একই নমুনায় ০.৩৩ পিপিএম ক্যাডমিয়ামের উপস্থিতিও পাওয়া গেছ, যা সহনীয় মাত্রার চেয়ে অনেক বেশি।

শাক-সবজিতে সিসার সহনীয় মাত্রা ০.৩ পিপিএম; কিন্তু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষায় সর্বোচ্চ ২.৩৭ পিপিএম পর্যন্ত সিসা পাওয়া গেছে, যা নির্ধারিত সীমার চেয়ে অন্তত সাত গুণ বেশি।

সংস্থাটির তথ্য বলছে, প্রতিদিনের খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ক্ষতিকর উপাদান মানুষের শরীরে প্রবেশ করছে, যা দীর্ঘ মেয়াদে নানা জটিল রোগের ঝুঁকি বাড়াচ্ছে।

এদিকে, বাংলাদেশে কৃষি গবেষণা ইনস্টিটিউটের বালাইনাশক বিশ্লেষণ গবেষণাগারের প্রাপ্ত ফলাফলের তথ্য বলছে, বাজারের বিভিন্ন সবজির নমুনায় ৮ থেকে ১২ শতাংশে বালাইনাশকের সর্বোচ্চ সহনীয় মাত্রা রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সিসা ও ক্যাডমিয়ামের মতো ভারী ধাতু দীর্ঘদিন শরীরে জমতে থাকলে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের স্থায়ী ক্ষতি হতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সিসা মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়।

মানবজমিন

ত্রিমুখী চাপে অর্থনীতি— মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতি, ঊর্ধ্বমুখী ডলারের বাজার ও বাড়তি আমদানি ব্যয়ে গভীর চাপে দেশের সামষ্টিক অর্থনীতি। এতে দেশের শিল্প উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের গতি কমছে।

আবার জ্বালানি ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে বাড়ছে মূল্যস্ফীতির চাপ। ডলারের চাহিদা ও সরবরাহের ভারসাম্যহীনতায় দুর্বল হচ্ছে বৈদেশিক মুদ্রাবাজারও। ফলে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বাড়ছে অনিশ্চয়তা।

অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মূলত এসব কারণে অর্থনীতির মূল চালিকাশক্তিগুলো বর্তমানে বিপর্যস্ত। এর থেকে উত্তরণে ব্যাংক খাতের সুশাসন নিশ্চিতকরণ, রাজস্ব আয় বাড়ানো, জ্বালানি নিরাপত্তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার পাশাপাশি কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি মনে করেন তারা।

টাইমস অব বাংলাদেশ

টাইমস অব বাংলাদেশের প্রধান খবর— Salinity crisis across Khulna: Salt advances, farmland retreats; অর্থাৎ লবণের গ্রাসে খুলনা, কৃষি-স্বাস্থ্য-শিক্ষায় বাড়ছে ক্ষতি।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ততার বিস্তার কৃষি, স্বাস্থ্য ও শিক্ষায় প্রভাব ফেলছে।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিট খুলনা বিভাগে লবণাক্ততা বৃদ্ধি নিয়ে একাধিক গবেষণা করেছে। তাতে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। ফলে আগের তুলনায় সমুদ্রের পানি বেশি পরিমাণে উপকূলীয় এলাকায় ঢুকছে।

শুকনো মৌসুমে লবণাক্ততা বেশি বাড়ে। বৃষ্টির মৌসুম শুরু না হওয়া পর্যন্ত তা বাড়তে থাকে। বৃষ্টিপাত কম হলে পানিতে লবণের পরিমাণও বেশি থাকে।

খুলনা বিভাগে নদ-নদীর অববাহিকা তুলনামূলক কম। অনেক এলাকায় নদীও নেই। পানির প্রবাহ কম থাকায় সমুদ্রের লবণ বছরের পর বছর ধরে মাটিতে মিশে উত্তরের দিকে ছড়িয়ে পড়ছে।

লবণাক্ততা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে গবেষকেরা ভারতের ফারাক্কা বাঁধের কথাও উল্লেখ করেছেন।

খুলনা অঞ্চলের দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে চিংড়ি চাষ হয়। এ চাষের জন্য লবণাক্ত পানি প্রয়োজন হয়। এ কারণে খাল কেটে জমিতে পানি আনা হয়। যেসব এলাকায় চিংড়ি চাষ হয়, সেখানে লবণাক্ততার মাত্রাও বেশি পাওয়া যাচ্ছে।

কখনো কখনো চিংড়ি চাষের জন্য নদীর পাশে দেওয়া বাঁধে ছিদ্র করা হয়। মাটিতে লবণাক্ততা বাড়ার পেছনে এরও প্রভাব রয়েছে।

দ্য ডেইলি স্টার

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— Party ties, family links, 'bribery' taint fertiliser dealership; অর্থাৎ সারের ডিলার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্টতা, পারিবারিক সম্পর্ক ও 'ঘুষ'।

এই খবরে বলা হয়েছে, সম্প্রতি সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতি এবং ঘুষ লেনদেনের অভিযোগ উঠেছে।

অনেক ক্ষেত্রে দেখা গেছে, রাজনৈতিক দলের নেতা, তাদের আত্মীয়স্বজন এবং এমন ব্যক্তিরা ডিলারশিপ পেয়েছেন, যাদের এই ব্যবসার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কিংবা প্রয়োজনীয় গুদাম সুবিধার ব্যবস্থাও নেই। অথচ অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী ডিলারশিপ পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে প্রায় ৫ হাজার ডিলারশিপ পদের বিপরীতে ৪৭ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ৪ হাজার ৫০৩ জনকে ডিলারশিপ দেওয়া হয়েছে এবং ২৩৮টি আবেদন এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, রংপুর বিভাগের কিছু এলাকায় আবেদনকারীদের মধ্যে যারা ডিলারশিপ পাননি এবং স্থানীয় রাজনৈতিক কর্মীরা অভিযোগ করেছেন, ডিলারশিপ পাওয়ার জন্য ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হয়েছে।

কৃষিমন্ত্রী আমিনুর রশিদের দাবি, সরকার একটি সুশৃঙ্খল ও বহুস্তরবিশিষ্ট যাচাইবাছাই প্রক্রিয়া অনুসরণ করেছে।

তবে, এ নিয়ে সব অভিযোগ তদন্ত করা হবে এবং যাচাইবাছাই প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়ে থাকলে, এর জন্য দায়ী কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার কথা বললেন তিনি।