'মাসে ৭৫ হাজার ডলার': মোদীর প্রশংসা করার জন্য ভারত কি ট্রাম্পকে অর্থ দিয়েছে?

ছবির উৎস, Getty Images
চলতি বছরের মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে কথিত যোগাযোগ নিয়ে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি হোয়াইট হাউস ও ভারতীয় কর্মকর্তাদের মধ্যে একাধিক ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা রেখেছিল।
প্রতিবেদন প্রকাশের পর ভারতের বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করছেন।
তাদের দাবি, "পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 'বন্ধু' ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্যও একটি লবিং প্রতিষ্ঠানের সাহায্য নিতে হচ্ছে।"
তবে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেক ইউনিট এ দাবিকে অস্বীকার করে এক সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছে।
মন্ত্রণালয়ের ভাষ্য, এ বিষয়ে প্রচারিত দাবিগুলো সঠিক নয়।

ছবির উৎস, @INCIndia
ঘটনা কী?
ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মার্কিন লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি, যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের আওতায় জমা দেওয়া নথিতে জানিয়েছে, তারা চলতি বছরের মে ও জুন মাসে ভারত সরকার এবং হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে আটটি ফোনালাপের ব্যবস্থা করতে ভূমিকা পালন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রধান জেসন মিলার।
নথিতে এসব যোগাযোগকে "রাজনৈতিক কর্মকাণ্ড" হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, এর কেন্দ্রবিন্দু ছিল ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক।
প্রতিবেদনে আরও বলা হয়, ভারত ২০২৫ সালের এপ্রিলে এসএইচডব্লিউ পার্টনার্সের সঙ্গে চুক্তি করেছিল, যা চলতি বছর আরও এক বছরের জন্য নবায়ন করা হয়।
তবে, ২৩শে জুন এ চুক্তির সমাপ্তি ঘটে, যখন জেসন মিলার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিশেষ সরকারি কর্মচারী হিসেবে যুক্ত হন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, মে মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে ভারত সরকার ও হোয়াইট হাউসের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার মধ্যে ফোনে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছিল।
তাদের মধ্যে ছিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উপপ্রধান মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ দমন ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাং।

ছবির উৎস, Getty Images
বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।
ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন
বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জুন মাসে মার্কো রুবিওর ভারত সফরের পরও ভারত সরকার ও মার্কিন প্রশাসনের মধ্যে উচ্চপর্যায়ের আরও যোগাযোগ হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস দুটি বড় লবিং প্রতিষ্ঠানের সেবা নিয়েছিল, যেগুলোর নেতৃত্বে ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ব্যক্তিরা।
এর মধ্যে একটি ছিল মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স, যাকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার রিটেইনার ফি-তে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রতিষ্ঠানটির মূল দলে ছিলেন ব্রায়ান লানজা, যিনি অতীতে ট্রাম্পের ট্রানজিশন টিমের কমিউনিকেশনস ডিরেক্টর ছিলেন।
প্রতিবেদন প্রকাশের পর জ্যেষ্ঠ সাংবাদিক সীমা চিশতি সামাজিক মাধ্যম এক্সে এ বিষয়ে একটি পোস্ট করেন।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্ট-চেক ইউনিট জানায়, এ ধরনের ধারণা "বিভ্রান্তিকর"।
মন্ত্রণালয়ের মতে, যুক্তরাষ্ট্রে বিভিন্ন দূতাবাসের লবিং প্রতিষ্ঠান নিয়োগ করা একটি পুরোনো ও সাধারণ চর্চা এবং ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস ১৯৪৮ সাল থেকে এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সংশ্লিষ্ট 'ফারা' নথি থেকে স্পষ্ট যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স কেবল উল্লিখিত পোস্টটির প্রচার করেছিল।
তবে, দ্য হিন্দুর জ্যেষ্ঠ সাংবাদিক সুহাসিনী হায়দার মন্ত্রণালয়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বলেন, প্রকৃত বিতর্ক হলো হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের ব্যবস্থাও কি লবিং প্রতিষ্ঠানের মাধ্যমে করানো স্বাভাবিক বিষয় কি না?
তার মতে, অনেক সাবেক কূটনীতিক মনে করেন, লবিং প্রতিষ্ঠানগুলো সাধারণত কংগ্রেস ও ক্যাপিটল হিলে যোগাযোগ ও বিষয় পরিচালনায় সহায়তা করে।
তবে, দ্বিপক্ষীয় সম্পর্কসংক্রান্ত উচ্চপর্যায়ের আলোচনা সাধারণত সরাসরি সরকারি কর্মকর্তাদের মধ্যেই হয়ে থাকে।

ছবির উৎস, Getty Images
বিরোধীদের সমালোচনা
ভারতীয় কংগ্রেস সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদীর কঠোর সমালোচনা করেছে।
কংগ্রেস এক্সে লিখেছে, "মোদী অর্থ ব্যয় করে ট্রাম্পের কাছ থেকে নিজের প্রশংসাসূচক পোস্ট করিয়ে আসছেন। এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামে একটি লবিং প্রতিষ্ঠান।
মোদী সরকার প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার ডলার দিয়ে নিয়োগ করেছিল।"
অন্যদিকে, টিএমসির সংসদ সদস্য মহুয়া মৈত্র বলেন, "সত্য প্রকাশ পেয়েছে। যখন ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে ভালো ভালো কথা লিখে পোস্ট করেন, তার কারণ হলো আমরা, অর্থাৎ ভারতীয় করদাতারা, এর জন্য একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে অর্থ দিই। বিষয়টি সবার নজরে আনার জন্য আপনাকে ধন্যবাদ।"
কংগ্রেসের রাজ্যসভা সদস্য পবন খেরা এক্সে লিখেছেন, "পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে মোদীকে তার 'বন্ধু ডোনাল্ড ট্রাম্প'-এর সঙ্গে কথা বলার জন্যও একটি লবিং প্রতিষ্ঠানের প্রয়োজন হচ্ছে।
কিন্তু মূল বিষয় হলো, ট্রাম্প যখনই মোদীকে তার 'খুব ভালো বন্ধু', 'সত্যিকারের বন্ধু', 'ভালো বন্ধু' বা 'মহান বন্ধু' বলে উল্লেখ করেন, তখন তার একটি মূল্য দিতে হয়।
আর সেই মূল্য মোদী ভারতীয় করদাতাদের অর্থ থেকে লবিং প্রতিষ্ঠানকে পরিশোধ করেন।"









